নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে মুরাদসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসামিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। এ দিকে আরেক এজাহারভুক্ত আসামি কবির সরকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে এক দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।জামিন পাওয়া অন্য আসামিরা হলেন সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিন সরকার, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিঞা মো. মঞ্জুর ও কাজী মাসুদুর রহমান ওরফে টিপন কাজী।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজের আদালতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে মুরাদসহ বাকি তিনজনের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।এ ছাড়া আজ বেলা সোয়া ১১টায় এজাহারভুক্ত আসামি কবির সরকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় গোয়েন্দা পুলিশ কবির সরকারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।