মুরালিধরনের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ তাঁকে অনেক দিয়েছে, তবু বিশ্বকাপ তাঁর কাছে চির অতৃপ্তির নাম। নিজের শেষ বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়ে এই অতৃপ্তি ঘোচাতে পারবেন শচীন টেন্ডুলকার? টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, সর্বোচ্চ ৯৭ সেঞ্চুরির মালিককে ঘিরে বিশ্বকাপেরই এই জিজ্ঞাসা।‘শেষ বিশ্বকাপ’—এই শব্দযুগল মনে করিয়ে দেয় আরেক কিংবদন্তির কথা—মুত্তিয়া মুরালিধরন। টেন্ডুলকার যদি হন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, তিনিও তো টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক। ৩৮ বছর বয়সী শ্রীলঙ্কান স্পিন-জাদুকরেরও এটাই শেষ বিশ্বকাপ। তবে টেন্ডুলকারের চেয়ে তাঁর গল্পটা একটু ভিন্ন। বিশ্বকাপ মুরালিধরনের কাছে আক্ষেপ নয়, ১৯৯৬ সালে তিনি গলায় পরেছেন বিশ্বজয়ের মালা। প্রায় ২০ বছরের ওয়ানডে ক্যারিয়ারের শেষটাও এমন সোনা-রং সাফল্যে মুড়িয়ে নিতে চান মুরালিধরন। জিততে চান বিশ্বকাপ। ‘প্রায় কুড়ি বছর ধরে খেলছি আমি। ক্যারিয়ারে যা করতে চেয়েছি তাই করেছি। এটা আমার শেষ বিশ্বকাপ। আমি কী পারি তা দেখাতে চাই’—বলেছেন ওয়ানডে (৫২১) ও টেস্টের (৮০০) সর্বোচ্চ উইকেটের মালিক মুরালিধরন।১৯৯৬ বিশ্বকাপের আগে ক্রিকেট-বিশ্বে শ্রীলঙ্কাকে বড়দের দলে কেউ ভাবতেই পারত না। ওই বিশ্বকাপের পরই কেমন যেন বদলে গেল সবকিছু। বিশ্ব ক্রিকেটে তারা এখন বড় শক্তি। অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে সনাৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, মুরালিধরনরা মিলে গড়ে তুলেছিলেন অজেয় এক শ্রীলঙ্কা দল।এঁরা সবাই মিলেই জিতেছিলেন বিশ্বকাপ। সেই দলের একমাত্র মুরালিধরনই টিকে আছেন এই বিশ্বকাপে। মুরালিধরন কি আবার জেতাতে পারবেন শ্রীলঙ্কাকে? ‘বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আমাদের আছে। আমাদের বড় সুবিধা হচ্ছে নিজেদের মাঠে খেলছি আমরা। অনেকেই ভারতকে ফেবারিট বলছে। তবে নকআউট পর্বে অনেক কিছুই ঘটতে পারে’—বলেছেন মুরালি।শ্রীলঙ্কাকে নিয়ে মুরালিধরন খুব আশাবাদী। তবে তিনি নিজেই এখন শ্রীলঙ্কা শিবিরের উদ্বেগ। বিশেষ করে কানাডার বিপক্ষে শ্রীলঙ্কার ২১০ রানের জয়ে তাঁর পারফরম্যান্স নিয়ে একটু হতাশা আছে। কানাডার বিপক্ষে মুরালিধরনের বোলিং ততটা ভালো হয়নি। ২ উইকেট তিনি পেয়েছেন ঠিকই, তবে এর জন্য ৯ ওভারে খরচ করেছেন ৩৮ রান। এই ম্যাচে শ্রীলঙ্কার আর সব বোলারের ওভারপ্রতি রান যখন দুই, তিন বা সাড়ে তিনের মতো, মুরালিধরনের প্রায় সাড়ে চার। তবে মুরালিধরন নিজে এ নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই। বিশ্বসেরা এই অফ স্পিনার ঠিক জানেন, কখন জ্বলে উঠতে হবে। কানাডার বিপক্ষে তাঁর করা শেষের দিকের ওভারগুলো ভালোই ছিল। উইকেট দুটি পেয়েছেন নিজের সপ্তম ও অষ্টম ওভারে। তবে এর আগে তাঁকে বিশাল দুটি ছক্কাও মেরেছেন কানাডার মারকুটে ব্যাটসম্যান রিজওয়ান চিমা। ওয়েবসাইট।