মুর্শিদাবাদে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। রানীনগর থানার পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, চার মাস আগে দালালেরা তাঁদের মুম্বাইয়ে নিয়ে যায় কাজের জন্য। কিন্তু সেখানে কাজ না পেয়ে দেশে ফিরে আসার জন্য তাঁরা আবার দালালদের শরণাপন্ন হন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীনগর থানার কাহারপাড়া সীমান্ত দিয়ে দেশে ফিরতে গেলে শনিবার ভোররাতে বিএসএফ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে একজন নারী। তাঁর বাড়ি নড়াইলে। বাকি ১২ জনের বাড়ি নোয়াখালীর সেনবাগে। গ্রেপ্তারকৃতদের পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে হাজির করা হবে।