মুলা ঝুলিয়ে বিএনপিতে নেওয়া যাবে না: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিকেরা ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। তবে দলে পাতলা ইমানের লোক নেই, যাদের কলা দেখিয়ে, মুলা ঝুলিয়ে বিএনপিতে নেওয়া যাবে। পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় এক পথসভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে আজ রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘বিএনপিতে অনেকেই আছেন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তাঁরা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছেন। মুলা ঝোলাচ্ছেন যোগ্য পদ দেবেন, এ কৌশল কাজে দেবে না।’বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তায় কষ্ট করে লংমার্চ না করে সংসদের দিকে শর্টমার্চ করুন। সংসদে এসে আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরুন। ন্যায্য প্রস্তাব বিবেচনার জন্য আওয়ামী লীগের দরজা খোলা আছে। বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে নির্গমন পথ বন্ধ করবেন না।’বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করুন, সমালোচনা করুন। স্বাগত জানাই। কিন্তু বিরোধী দল হিসেবে এমন কোনো নেতিবাচক অবস্থা নেবেন না, যা প্রতারণামূলক কৌশল ও জনগণকে বিভ্রান্ত করে।