মুলাদীতে ভাঙনে ২১ গ্রাম বিলীন বন্দর, আশ্রয়কেন্দ্র হুমকিতে
বরিশালের মুলাদী উপজেলায় নদীভাঙনে গত কয়েক বছরে ২১টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে নয়াভাঙ্গলী নদীর ভাঙনে মুলাদী বন্দরের অর্ধেক বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় কয়েকটি বিদ্যালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সব ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীভাঙনে এ উপজেলার অনেক এলাকা বিলীন হয়ে গেছে। এ দুই নদীর তীর থেকে মাত্র ১০০ গজ দূরে মহিষগুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়। জানা গেছে, মুলাদী উপজেলায় সাত ইউনিয়ন ও একটি পৌরসভা আছে। এর মধ্যে জয়ন্তী নদীর ভাঙনে উত্তর চরগাছুয়া, কৃষ্ণপুর, ষোলঘর, চরমালিয়া, ব্রজমহন, বালিয়াতলী, ঘুলিঘাট, সেলিমপুর, আলিমাবাদ গ্রামের বেশির ভাগ এলাকা বিলীন হয়ে গেছে। আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নাজিরপুর, রামালপোল, কাজিরচর, সাহেবেরচর, বানীমর্দন, চিলমারী, পশ্চিম চরকালেখান, পাতারচর, মহিষগুদি, পশ্চিম তেরচর, নবাবেরহাট, চরলক্ষ্মীপুর (নন্দীর বাজার) গ্রামের অধিকাংশ এলাকা নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে পড়েছে সফিপুর ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ বেড়িবাঁধ ও রাস্তার ওপর ঝুপড়ি তৈরি করে বসবাস করছে। নয় বার নদীভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন পাতারচর গ্রামের আলী হোসেন (৯০)। তিনি বলেন, ‘এত ভাঙলে আর কী থাহে, নয় বার ভাঙনের পর এই এ্যাহানে রাস্তার ধারে আইয়া থান (আশ্রয়) লইছি।’ শুক্কুর সরদার বলেন, ‘ওই যে নদীর ওপার বাড়িঘর দ্যাহেন, ওইগুলা সব এপারে আছিল। মোগো বাড়ি তিনবার ভাঙছে।’ মহিষগুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাকছুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই স্কুলটি দুইবার নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন এখানে আসছি। তাও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কছির আহম্মেদ বলেন, ‘দুই দিক দিয়ে যেভাবে ভাঙছে, তাতে যেকোনো মুহূর্তে বিদ্যালয়ের ভবনটি বিলীন হয়ে যেতে পারে। এটি রক্ষা করার উদ্যোগ নেওয়া উচিত।’মুলাদী পৌরসভার মেয়র এনামুল হক বলেন, ‘গত কয়েক বছরে উপজেলার প্রায় চার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। কিন্তু ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ নেয়নি।’উপজেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা মো. সিরাজুল হক জানান, ইতিমধ্যে মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। আর ১০০ ফুট ভাঙলেই চর আলিমাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিলীন হয়ে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘ভাঙন অব্যাহত থাকলে মুলাদী উপজেলার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানিয়েছি। তারা আপাতত নাজিরপুর বন্দর রক্ষার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে।’বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, ‘আপাতত উপজেলার নাজিরপুর ইউনিয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।’