মুলায়ম, মায়াবতী সমর্থন দেবে ইউপিএকে
কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের প্রাথমিক বিপদ কেটে গেছে। শরিক তৃণমূল কংগ্রেস তাদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় এবং মন্ত্রিসভা থেকে ছয়জন মন্ত্রী পদত্যাগ করায় চাপে পড়ে ক্ষমতাসীন জোট। এরপর কংগ্রেস এই সরকার বাঁচানোর লক্ষ্যে আলোচনা শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। অবশেষে আজ শুক্রবার সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব সাংবাদিকদের জানান, সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার জন্য তাঁরা ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন দেবেন, কিন্তু মন্ত্রিসভায় যোগ দেবেন না। এ ছাড়া তাঁর দল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও বলেছেন, তিনি বাইরে থেকে সমর্থন জানাবেন ইউপিএ সরকারকে, তবে মন্ত্রিসভায় যোগ দেবেন না। এই ঘোষণার ফলে ইউপিএ সরকারের প্রাথমিক বিপদ কেটে গেছে। এদিকে সমাজবাদী দলের বাইরে থেকে সমর্থন দেওয়ার ফলে এখন ইউপিএ সরকারের পতন হওয়ার আশঙ্কা থাকল না। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৫ আসনের মধ্যে এখন সদস্য আছেন ৫৪৩ জন। সরকারকে টিকিয়ে রাখতে প্রয়োজন ২৭২ সাংসদের সমর্থন। কিন্তু বর্তমান ইউপিএতে তৃণমূলের ১৯ সাংসদ ছাড়া সমর্থন রয়েছে ২৫৬ জনের। এর মধ্যে কংগ্রেসের একার ২০৫। এবার সমাজবাদী পার্টির ২২ ও বহুজন সমাজ পার্টির ২১ জনের সমর্থন পাওয়ায় এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ২৯৯।