মুলায়মের সমর্থন লাভে মরিয়া কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বারে দ্বারে ঘুরছে দলটি। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে এখনো তাঁর সিদ্ধান্ত না জানানোয় কংগ্রেস এখন ঝুঁকছে সমাজবাদী পার্টির মুলায়ম সিংয়ের কাছে। অভিযোগ উঠেছে, মুলায়মকে বাগে আনতে তাঁর বিরুদ্ধে ওঠা অপ্রদর্শিত ও অসামঞ্জস্যপূর্ণ অর্থসম্পদের মামলা প্রত্যাহার করার জন্য কাজ করছে কংগ্রেস সরকার।সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব রীতিমতো তাঁদের অপকর্মের খাতা খুলে দিয়েছে। তাঁর দেওয়া সম্পদের বিবরণে উল্লেখ করা অর্থের পরিমাণ ও প্রকৃত সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে। মুলায়ম, তাঁর ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ ও পুত্রবধূ সংসদ সদস্য ডিম্পলের আয়কর দাখিলের নথি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) প্রাথমিক তদন্তে তাঁদের অর্থের পরিমাণ নির্ধারণ করে।কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের নির্দেশে সিবিআই মুলায়মের সম্পদের হিসাব-নিকাশ নিয়ে কাজ শুরু করে। ১৯৯৩ সালের ১ এপ্রিল থেকে ২০০৫ সালে ৩১ মার্চ পর্যন্ত ১২ বছরেরও বেশি সময় ধরে তারা যাদব পরিবারের আয়কর দাখিলের খুঁটিনাটি পরীক্ষা করে দেখে।এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিবিআইয়ের একজন কর্মকর্তার দেওয়া তথ্য থেকে জানা গেছে, ১৯৭৭ সালে মুলায়মের ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ৭৭ হাজার রুপি। এর পরই বেশ দ্রুত কোটিপতি বনে যান তিনি। সম্পদের যে হিসাব তিনি দিয়েছিলেন, প্রকৃতপক্ষে তাঁর প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়েও অনেক বেশি। ওই কর্মকর্তা দাবি করেন, তাঁর হলফনামা ও বিক্রয় চুক্তিপত্রে উল্লিখিত সম্পদের বর্তমান বাজারমূল্য কমপক্ষে ১০ গুণ বেশি।সিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০০৫ সালে বিরাজমান বাজারদরে, মুলায়মের সম্পদের মূল্য ছিল ১০০ কোটি রুপি। আর বর্তমান বাজারে এর মূল্য নিঃসন্দেহে আরও বেশি। সিবিআইয়ের মূল্য আয় প্রতিবেদনে বলা হয়, এক কালের সরকারি কর্মকর্তা হয়েও মুলায়মের ছেলে অখিলেশ তাঁর বাবাকে কেবল অবৈধ সম্পদ অর্জনেই সহায়তা করেননি, পাশাপাশি নিজেও বিভিন্ন উত্স থেকে সম্পদের পাহাড় গড়েছেন, যা তাঁর জ্ঞাত আয়ের উেসর সঙ্গে সংগতিহীন। ওই প্রতিবেদনের ফলাফল কখনোই জনগণের সামনে আনা হয়নি। বরং মুলায়ম ও তাঁর পরিবারের বিরুদ্ধে একটি সাধারণ মামলা করার জন্য সিবিআইকে সুপারিশ করা হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।এ ব্যাপারে সিবিআইয়ের হিসাব-নিকাশ ছিল খুব সাধারণ। যাদব পরিবারের সদস্যদের কেবল আয়কর-বিষয়ক তথ্যাদির ওপর ভিত্তি করে তারা কাজটি করেছে। সেখানে দেখানো অর্থসম্পদের বর্তমান মূল্য বিচার করা হয়নি।১৯৯৩ সালের এপ্রিলের শুরুতে মুলায়ম পরিবারের সম্পদের মূল্য ছিল ১৮ লাখ ২৫ হাজার রুপি। আর ২০০৫ সালে তাঁদের সম্পদের মূল্য বেড়ে দাঁড়ায় চার কোটি ৫৯ লাখ রুপিতে। অর্থাত্ ১২ বছরের ব্যবধানে সম্পদের মূল্যের পার্থক্য চার কোটি ৪১ লাখ রুপি। এই সময়ে পরিচালিত তদন্তে দেখা গেছে, যাদব পরিবার ছয় কোটি ২৩ লাখ রুপি আয়ের হিসাব দিয়েছে। যেখানে তাঁদের খরচ বাবদ দেখানো হয় চার কোটি ৪৫ লাখ রুপি। তাঁদের আয়-ব্যয়ের পার্থক্য ছিল প্রায় এক কোটি ৭৮ লাখ রুপি। মধ্যবর্তী এ সময়ে তাঁরা চার কোটি ৪১ লাখ রুপি মূল্যের সম্পদ অর্জন করেছিলেন।২০০৭ সালের ২৬ অক্টোবরে সিবিআই সুপ্রিম কোর্টের কাছ থেকে পরবর্তী নির্দেশনা চেয়ে একটি আবেদন পেশ করে। যেখানে সিবিআই দাবি করে, তারা মূল্য আয় প্রতিবেদনের কাজ শেষ করেছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে তারা আরও কাজ করতে চায়, যা এই মামলার ক্ষেত্রে নজিরবিহীন একটি ঘটনা ছিল। কেননা, সিবিআই এর আগে কখনোই কোনো মামলায় আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেনি। তাই সিবিআইয়ের এ ধরনের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়।এর প্রায় পাঁচ বছর পর, সিবিআই একটি মামলা করতে চেয়েছিল। মুলায়ম তখনো অভিযোগ থেকে মুক্ত হতে পারেনি।সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের আগে মুলায়মকে সরকার নিশ্চিত করেছে যে তাঁর বিরুদ্ধে করা মামলা আরও কিছু সময়ের জন্য আড়ালে পড়ে থাকবে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস মুলায়মের সমাজবাদী পার্টির সহায়তা চাইছে। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতার আচরণ বুঝতে পারছে না কংগ্রেস। তাই মুলায়মকে হাতে রাখতে চায় তারা। আর তা করতে গিয়ে মুলায়মকে নিরাপদে রাখার পাকা বন্দোবস্ত করতে হচ্ছে কংগ্রেসকে।২০০৫ সালের ডিসেম্বরে যাদব পরিবারের বিরুদ্ধে মামলা করা জ্যেষ্ঠ আইনজীবী কে টি এস তুলসী বলেন, এই মামলা প্রায় শেষ হয়ে গেছে। মামলা বিলম্বিত হওয়ার কারণে এর পরিণতিও খারাপের দিকে এগোচ্ছে।ওই মূল্য আয় প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মুলায়ম উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের অপব্যবহার করেছেন। ১৯৭৭ সাল থেকে বিভিন্ন সরকারি দায়িত্ব পালনকালে তিনি ও তাঁর স্ত্রী প্রয়াত মালতী দেবী, ছেলে অখিলেশ ও পুত্রবধূ ডিম্পল বেআইনি সম্পদ তাঁদের নিজ নিজ নামে পুঞ্জীভূত করেছেন।২০০৭ সালের ১ মার্চ সুপ্রিম কোর্টের দুজন বিচারক নিয়ে গঠিত একটি বেঞ্চ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআইকে একটি মূল্য আয় প্রতিবেদন করার নির্দেশ দেন। এর ঠিক চার দিন পর, ৫ মার্চ সিবিআই তা দাখিল করে।এদিকে ১ মার্চের ওই আদেশের বিপক্ষে একটি পিটিশন দায়ের করেন অখিলেশ। ১৬ মার্চ ওই একই বেঞ্চের সামনে বিষয়টি উপস্থাপিত হলে সেদিন সকালে একটি নাটকীয় ঘটনা ঘটে। দুই বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের একজন বিচারক লক্ষ্মণান এক সপ্তাহ পর এই দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পেছনে তিনি কারণ দেখান, সকালে বাসায় থাকার সময় ফ্যাক্সের মাধ্যমে তিনি একটি অবমাননাকর চিঠি পান। অবশ্য ওই চিঠির বিষয়বস্তু আদালতে প্রকাশ করেননি তিনি। তবে পরে ওই চিঠির গোপন রহস্য বেরিয়ে আসে। চিঠিটিতে অভিযোগ ছিল, যাদব পরিবার দ্বারা বিচারপতি লক্ষ্মণান প্রভাবিত হয়ে থাকতে পারেন।পরবর্তী সময়ে তত্কালীন প্রধান বিচারপতি কে জি বালা কৃষ্ণ এই মামলার শুনানির জন্য আরেকটি বেঞ্চ গঠন করেন। সিবিআই তাদের মূল্য আয় প্রতিবেদনের কাজও চালিয়ে যেতে থাকে।২০০৮ সালের ১০ মার্চ পূর্ববর্তী আপিলের দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতের কাছে আরেকটি আবেদন করে সিবিআই। সে বছরের ১৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠান মুলায়মের পুত্রবধূ ডিম্পল। ওই চিঠিতে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তিনি নিয়মিত আয়কর দাখিল দেন। ডিম্পলের এসব যুক্তিতর্কের বিষয়ে আইনগত মতামতের জন্য সেগুলো তত্কালীন সলিসিটর জেনারেল জি ই ভাহানভাটির কাছে উপস্থাপন করা হয়। ৭ নভেম্বর ভাহানভাটি এ ব্যাপারে তাঁর মতামত দেন। তিনি বলেন, মুলায়মের বিরুদ্ধে করা মামলাটি বন্ধ করা উচিত। কারণ তাঁর পরিবারের সদস্যদের সম্পদ তাঁর সম্পদ হিসেবে গণ্য হতে পারে না। তাঁরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আয়কর দাখিল করে থাকেন।এরই পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর সিবিআই সুপ্রিম কোর্টকে বলে, তারা মুলায়ম ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা আবেদনটি প্রত্যাহার করতে চায়। এতে সিবিআইয়ের ওপর ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্ট। পরবর্তী সময়ে এ ব্যাপারে পরামর্শ বা উপদেশ চাইতে গেলে আদালত সংস্থাটিকে রীতিমতো ভর্ত্সনা করেন।২০০৯ সালে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের করা বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের নির্দেশগুলো সংরক্ষণ করে রাখেন। যা এখনো আগের অবস্থায়ই আছে। আইনজীবী তুলসী বলেন, এত দীর্ঘ সময় ধরে আদালতের নির্দেশ ধরে রাখার ঘটনা এর আগে কখনো ঘটেনি। এখন এই মামলার শুনানি নতুন কোনো বেঞ্চ গঠনের পরই হবে বলে জানান তিনি।আবার এমনও হতে পারে যে সরকার সিবিআইয়ের অপব্যবহারের মাধ্যমে মুলায়ম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলতে থাকা মামলা আড়াল করে তাঁদের কাছ থেকে রাজনৈতিক ফায়দা লুটবে।ইন্ডিয়া টুডে অবলম্বনে রুবাইয়া জান্নাত