মুশতাকের কাছে প্রিয়রের ঋণ
কাউন্টি দল সাসেক্সে ছিলেন সতীর্থ। এখন গুরু। ইংলিশ উইকেটকিপার ম্যাট প্রিয়র একসময় সাসেক্সে খেলতেন পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে। খুব কাছ থেকে দেখেছেন ইংল্যান্ডের বোলিং কোচ মুশতাকের স্পিন ভেলকি। ২০০৩ ও ২০০৬ সালে দু-দুবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতিয়েছেন মুশতাক। সেই মুশতাককে আবারও পাশে পেয়ে দারুণ খুশি প্রিয়র। খুশি এই ভেবে যে ইংল্যান্ডের স্পিন আক্রমণটাই বদলে দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি।গত মাসেই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন প্রিয়র। কেভিন পিটারসেনের ওপেনিংয়ে খেলার সিদ্ধান্তে এখন আবারও মিডল অর্ডারে নেমে যেতে হচ্ছে তাঁকে। তবে যেখানে যে অবস্থায়ই খেলুন না কেন নির্বাচকদের আস্থার জবাব দিতে চান ৬১টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান। এখন মিডল অর্ডারে নেমে যাওয়া মানে স্পিনে মুখোমুখি হতে হবে প্রিয়রের। উপমহাদেশের কন্ডিশনে প্রিয়র কতটা সফলভাবে সামলাতে পারবেন স্পিনারদের? বিশ্বাস ভালোই পারবেন, কেননা মুশতাকের সাহায্যেই স্পিনের বিপক্ষে খেলায় উন্নতি করেছেন। সাসেক্সের অভিজ্ঞতা থেকেই আস্তে আস্তে মুশতাকে মুগ্ধ হয়েছেন প্রিয়র, ‘সাসেক্সে মুশি খেলছে, এটাই ছিল একটা অন্যতম বড় ব্যাপার এবং দেখেছি যদি একজন ভালো স্পিনার থাকে দলে, তাহলে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে তারা।’ প্রিয়র যে সবচেয়ে ভালো স্পিন খেলতে পারেন, সেই শংসাপত্র সতীর্থ স্টুয়ার্ট ব্রডও কদিন আগে দিয়েছিলেন। তবে এই কৃতিত্বের সবটুকু প্রিয়র দিচ্ছেন মুশতাককে, ‘আমি অনেক সময় ধরে তার সঙ্গে কথা বলছি। এবং তার সঙ্গে কাজ করে অনেক উপকার পেয়েছি।’ এই উপমহাদেশে স্পিনকে ভালোই সামলাতে পারবেন বলে আত্মবিশ্বাসী প্রিয়র। তবে উপমহাদেশ বলে নয়, যেকেনো জায়গায় স্পিনের বিপক্ষে খেলাটা বেশ উপভোগই করেন, ‘এই একটা ব্যাপার যে আমি স্পিনের বিপক্ষে খেলতে মজা পাই।’ সে ক্ষেত্রে মুশতাকই সবচেয়ে বড় অনুপ্রেরণা! ওয়েবসাইট।