মুশফিকদের সিরিজ বাঁচানোর ম্যাচ
সোনারগাঁও হোটেলের লবিতে অনেকেই ছিলেন। ছিলেন না শুধু ওয়েস্ট ইন্ডিজ দলের কেউ। খুঁজে-টুজে যাও মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনারকে পাওয়া গেল, আগেই জানিয়ে দিলেন কারও সঙ্গে কথা বলা যাবে না। দিনটা কেবলই বিশ্রামের।সকালে দু-চারজন জিমনেসিয়ামে সময় কাটিয়েছেন। এরপর বলতে গেলে সারা দিনই বিশ্রাম নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগের দিন দিবা-রাত্রির ম্যাচ খেলে কালকের দিনটা অলস পার করেছে বাংলাদেশও। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের মতো অতটা নয়। সকালে হোটেলেই সুইমিং করেছেন দলের সবাই। এরপর কোচদের সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামে গেছেন জনা পাঁচেক ক্রিকেটার। প্রথম ওয়ানডের দলে না থাকা চার ক্রিকেটারের সঙ্গে এসেছিলেন তামিম ইকবাল।ক্রিকেট মানেই এখন আর সকাল-বিকেল অনুশীলন নয়। ম্যাচ খেলার পরিমাণ দিনে দিনে যত বাড়ছে, খেলোয়াড়দের ফিটনেসের গুরুত্বও বাড়ছে তত। চট্টগ্রামের ওয়ানডের আগে দুই দিন বিরতি থাকলেও প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত এই সিরিজে খেলা হচ্ছে এক দিন পরপর। এমন ব্যস্ত সূচির মধ্যে কোচের প্রতিদিন খেলোয়াড়দের নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করাটা আধুনিক ক্রিকেটের সঙ্গে কমই যায়।আজকের ম্যাচটা যেহেতু অনেক কারণেই গুরুত্বপূর্ণ, স্টুয়ার্ট ল কোচদের পুরো বহর নিয়েই কাল মিরপুরে খেলোয়াড়দের সঙ্গী হলেন। অন্যদের তুলনায় অনেক বেশি সময় দিলেন তামিমকে। টি-টোয়েন্টিই বলুন আর প্রথম ওয়ানডে, এই সিরিজে তামিম এখনো তাঁর মতো জ্বলে ওঠেননি। হয়তো অতৃপ্তি আছে তাঁর নিজেরও। ইনডোরের উইকেটে সেই অতৃপ্তি ঘোচানোরই কি হোমওয়ার্ক করে নিলেন কাল? সিরিজে টিকে থাকার ম্যাচে তামিমের কাছ থেকে একটা ভালো শুরুর প্রত্যাশা যে সবারই!টেলিফোনে কাল বিকেলে প্রসঙ্গটা তুলতেই বাংলাদেশ ওপেনার স্বীকার করেছেন, ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের অভাব টের পাচ্ছিলেন। তবে প্রথম ওয়ানডের পর সেটা কেটে গেছে অনেকটাই, ‘এটা ঠিক যে টি-টোয়েন্টি ম্যাচের পর আমি একটু আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম। তবে কালকের (পরশু) ব্যাটিংয়ের পর সেটা ফিরে পেয়েছি। এটা ভালো লক্ষণ। কোচও বলেছেন আমার সবকিছু ঠিক আছে।’ তামিমের কাছে সবকিছু ঠিক থাকাটা মাঠের বাইরেই জরুরি বেশি। কালও বললেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো মাঠে ভালো করার জন্য মাঠের বাইরে যা যা করা দরকার, তার সব আমি করছি কি না। সবকিছু করে যদি ব্যর্থ হই, আমার কোনো দুঃখ থাকবে না।’সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে শেরেবাংলা স্টেডিয়ামের আজকের ম্যাচ—বাংলাদেশ হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের। আর জিতলে ১৮ অক্টোবর চট্টগ্রামের ম্যাচটা হয়ে দাঁড়াবে অলিখিত ফাইনাল। তামিম আশাবাদী, তাঁর শহর চট্টগ্রামে যাওয়ার আগেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সিরিজে।আশার পালে হাওয়া দিতে তামিম বা তাঁর মতো কারও কাছ থেকে বড় ইনিংস যেমন প্রত্যাশা, ফিল্ডিংয়ে আগের ম্যাচের ভুল শোধরানোও জরুরি। ফিল্ডিং কোচ জেসন সুইফটও মানছেন সেটা, ‘টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে ছেলেরা। কিন্তু কাল (পরশু) সেটা হয়নি। অনেক জায়গা আছে উন্নতি করার।’এ রকম একটু একটু অতৃপ্তির যোগফলই হয়তো আগের ম্যাচের হার। তবে প্রথম ওয়ানডেতে সবচেয়ে বড় অতৃপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল ঘরের মাঠের উইকেটই। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমও উইকেটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে মুশফিকের জন্য সুখবর, সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি থেকে আরও একবার অনুপ্রেরণা খুঁজে নেওয়ার সুযোগ আসছে তাঁর শততম ওয়ানডেতে। টি-টোয়েন্টির উইকেটেই খেলা হবে আজ। মাঠ থেকে পাওয়া খবর, উইকেটের আচরণও হয়তো থাকবে টি-টোয়েন্টি ম্যাচের মতোই।বাংলাদেশ সিরিজটা শুরু করেছে টি-টোয়েন্টি জিতে। সবকিছুতেই টি-টোয়েন্টির অনুপ্রেরণা খোঁজা তাই স্বাভাবিক। তবে কেবল অনুপ্রেরণা দিয়েই তো আর ম্যাচ জেতা যায় না, ভালো খেলাটাও জরুরি। আজ মাঠে নামার আগে অধিনায়কের বলা কথাটা মনে গেঁথে নিতে পারেন তাঁর সহ-খেলোয়াড়েরা, ‘ওয়েস্ট ইন্ডিজ তাদের সেরা ক্রিকেট খেলছে। ভালো কিছুর জন্য আমাদেরও সেরা ক্রিকেটই খেলতে হবে।’