মুশফিকের আলোকিত অভিষেক
রূপকথার গল্প না তো? নাকি স্বপ্ন! এলেন, দেখলেন, জয় করলেন। চামড়ায় চিমটি কেটে দেখেছেন কি মুশফিক, জেগে আছেন কি না?সুযোগ পাননি বোধ হয়। খেলা শেষে কত কি আনুষ্ঠানিকতা! পুরস্কার বিতরণী, সংবাদ সম্মেলন, টিম মিটিং—এসবের ফাঁকে আবার ঢুকে গেছে অভিনন্দনের স্রোত। বোর্ড সভাপতি খেলা শেষে ড্রেসিংরুমে গিয়ে কাঁধে হাত রেখেছেন। বড় বড় আরও কত অতিথি! অনেকে এগিয়ে দিলেন ফুলের তোড়া। ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলনে যাওয়ার পথেও ‘কনগ্র্যাচুলেশনস মুশফিক’ শুনতে হলো বেশ কয়েকবার। তবে মুশফিকের জন্য কাল রাতে ড্রেসিংরুমে সবচেয়ে বড় অতিথি হয়ে এসেছিলেন বোধ হয় তাঁর বাবা, সঙ্গে পুরো পরিবার।ছেলের ক্রিকেট দেখতে প্রতিটা হোম সিরিজেই অনেকটা সময় পার করেন গ্যালারিতে। কখনো বাঁশি ফুঁকে, কখনো ভুভুজেলা হাতে শ্মশ্রুমণ্ডিত মাহবুব হামিদ বাংলাদেশের ক্রিকেটেরই পরিচিত মুখ হয়ে উঠেছেন। কাল অধিনায়ক ছেলের কীর্তিতে বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও প্রবেশাধিকার পেলেন ভদ্রলোক। ছেলেকে অভিনন্দিত করলেন বুকভরা আবেগে। কী বলেছেন বাবা? সংবাদ সম্মেলন শেষে কানের কাছে প্রশ্নটা পাড়তেই সলজ্জ মুশফিক, ‘থাক না ওসব...।’থাকাই উচিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে রকম বীরদর্পে অধিনায়কত্বের অভিষেক ঘটালেন, আলোয় ভরা এই রাতটা অন্তত মাহবুব হামিদের একার সন্তান থাকেননি মুশফিক। জিম্বাবুয়ে সিরিজের তিক্ততার পর এক খণ্ড জয়ের সুবাতাস পাওয়া গেল যাঁর হাত ধরে, তাঁর ওপর যে অধিকার জন্মে গেছে গোটা দেশেরই! জয়তু মুশফিক!মুশফিকের বিশ্বাস ছিল পারবেন, বিশেষ করে, যখন দেখলেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে মাত্র ১৩২ রান। মাঠে যাওয়ার পর হাতের ব্যাটটা কথা শোনা শুরু করলে বিশ্বাসটা দৃঢ় হয় আরও। ‘আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত থাকতে পারলে পারব। শেষ ওভারে যদি ১০-১৫ রানও লাগে, আমি আর নাসির থাকতে পারলে ম্যাচটা আমাদের দিকেই আসবে। নাসির আউট হওয়ার পরও মনে হচ্ছিল, আমার জায়গায় বল পেলে চার অথবা ছয় মারতে পারব’—সংবাদ সম্মেলনে বলছিলেন জয়ের আলোয় আলোকিত মুশফিক।অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচ এবং সেই ম্যাচেই জয়, সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ—একসঙ্গে এত প্রাপ্তিযোগ কেবল স্বপ্নেই সম্ভব। স্বপ্নটা মুশফিক কখনো দেখেছেন কি না কে জানে, তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচের ছবিটাকে অ্যালবামে বিশেষ পাতা বরাদ্দের কল্পনা ছিল, ‘অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম ম্যাচ ছিল। সবাই চায় প্রথম ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে। তো সেটার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারত না। আমি খুশি।’ প্রথম ম্যাচেই জয়ের মতো মূল্যবান উপহার দেওয়ার জন্য পুরো দলই ধন্যবাদ পেল অধিনায়কের। ২৬ বলে অপরাজিত ৪১ রান করে বলতে গেলে একাই ম্যাচ জেতালেও খেলা শেষে ‘টিম এফোর্টে’র কথা বলে দলকেই দিলেন সব উজাড় করে।সামনে পাহাড় থাকবে, সমুদ্র আসবে। চড়াই-উতরাই পেরিয়ে সব প্রতিকূলতা যে জয় করে, সে-ই তো নায়ক! বাংলাদেশের ক্রিকেটে এমন নায়কের বড়ই অভাব। অধিনায়ক মুশফিক কি পারবেন তেমন নায়ক হয়ে উঠতে? অভিষেক কিন্তু আশাবাদী হতে বলে।