মুশফিকের জন্য শুভকামনা
এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির নাম মুশফিকুর রহিম। কারণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত অধিনায়ক আমাদের ক্রিকেট-ভাবনায় একটি সবল ইতিবাচকতার মাত্রা যোগ করে দিয়েছেন নেতৃত্বের সর্বগুণ দৃশ্যমান করে তোলার ঝলকের প্রসন্নতায়। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হারা একদিবসী সিরিজের শেষ ম্যাচে প্রতিপক্ষকে ৬১ রানে গুঁড়িয়ে দিয়ে বিশাল জয় এনে দিয়ে নয়, অথবা প্রথম টেস্টের অমীমাংসিত ফলাফলের শরীরে পরিষ্কার প্রাধান্য বিস্তার করার জন্যও নয়, লক্ষ্য অর্জনের প্রত্যয়ী চেতনায় নেতৃত্বের মমতাময় প্রভাব বিস্তার করে তিনি বুঝিয়ে দিয়েছেন আমাদের দল একটি সুসংহত এককের পরিণতির দিকে অগ্রসর হচ্ছে তাঁর হাত ধরে। চট্টগ্রামে দলের সম্মিলিত শারীরিক ভাষ্য, ব্যক্তি খেলোয়াড়দের আত্মপ্রয়োগের তাগিদ, প্রতিপক্ষের ওপর খেলার ধারায় আরোপিত বিচলতা ইঙ্গিত দিচ্ছে দলীয় সামর্থ্য বৃদ্ধির প্রবণতাটা দ্রুত অগ্রসরমাণ। দু-দুটি দিন বৃষ্টির কবলে পড়ে হাওয়ায় হারিয়ে যাওয়ায় আমাদের যে হা-হুতাশ তা তো ওই মুহূর্তের প্রত্যাশার চেয়ে বড় হয়ে ওঠারই ফসল। চট্টগ্রামের উইকেট এবং অকুস্থলের পয়া-অপয়াজনিত অবান্তর সংস্কারের কথা বলবেন কেউ কেউ। কিন্তু বাড়ির আঙিনার সুবিধা নেওয়ার জন্যও সামর্থ্যের প্রয়োজন আছে, সে কথাটা মানবেন সবাই। চট্টগ্রামে যে সুবিধাটা আমার আলোচনায় মূল্যায়িত, প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে সে সামর্থ্য প্রয়োগ করে সফল হয়েছি। গতকাল শুরু হওয়া মিরপুরের উইকেট যদি চট্টলার ধাঁচের হয়, তবে আগামী তিন দিন চট্টগ্রামের ধারায় এগিয়ে যেতে অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি ঢাকার উইকেট আমাদের বাড়তি সুবিধা না-ও দেয়, তবুও লড়াকু চেহারায় আমাদের জয়বুভুক্ষুভাবে এবং ভাবনায় চিড় ধরবে না সামান্য।মুশফিকের নেতৃত্বের আদল ভরসা দিচ্ছে আমরা প্রবলতর হয়ে ওঠার পথে নেমে পড়েছি। অবশ্য বর্তমান আলোচনায় ফলাফল বাহ্য। ফলাফলের উপস্থিত প্রমাণ দিয়ে মুশফিকের লিডারশিপের গুণকীর্তন আমার উদ্দেশ্যও নয়। অধিনায়ক হিসেবে জাতীয় দলে মুশফিককে প্রথম সিরিজ সামলাতে দেখে যা অনুভূতি হয়েছে, তাই বলতে চাচ্ছি। মনে হচ্ছে আমাদের যা যা ছিল সবই আছে, অথচ এর মাঝে যে সুপ্ত শক্তি সেটা এত দিন পূর্ণ মাত্রায় আমরা বের করে আনতে পারিনি। কোথায় যেন সংযোগের তারগুলো একটু ঢিলেঢালা ছিল। সেগুলো যথাযথ টানটান করার দায় নিয়ে মুশফিক এসেছেন। সুচারুভাবে দায়মোচনের শক্তিশালী আভাস দিচ্ছেন। আমরা বুঝতে পারছি ওকে দিয়ে আমাদের হবেই হবে। টসরত অবস্থায় স্যামির পাশে মুশফিককে যতই বহরে খাটো দেখাক না কেন অধিনায়কত্বের পালা শেষে তিনি যে এক বিশাল ভাবমূর্তি নিয়ে মাঠ ছাড়বেন সে কথা আগেভাগেই বলে রাখছি। আমরা দেখতে পারছি দলীয় মানসে উজ্জ্বলতর দিনের আবাহন। প্রতিষ্ঠার সংগ্রাম থেকে আমরা প্রাধান্য বিস্তারে আগ্রহী হয়ে উঠছি। এ পর্যায়ে অধিনায়কত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্রগামী দলগুলো একেক সময় যুগান্তকারী অধিনায়কদের হাত ধরেই এ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে মুশফিকের বাড়ানো হাত দেখতে পাচ্ছি। এ হাত সচল, সাফল্যে সক্ষম। আমরা অপেক্ষমাণ ছিলাম এ হাতের জন্য। মুশফিকুর রহিম গতকাল থেকে মিরপুরে মধ্যমাঠে কর্মে নিবিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়। তাঁর এ ভূমিকা আলোকিত পথে চলমান থাকুক বহুদিন ধরে, ক্রিকেটাসক্ত বাংলাদেশ এটাই কামনা করে। সব অধিনায়ক সম্পর্কে একটি বহুল চর্চিত অভিধা হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ব্যাপারটা কী? শুধুই নিজের পারদর্শিতা বা ব্যক্তিগত নৈপুণ্য উদাহরণ হিসেবে তুলে ধরা বা চলমান রাখা। এই অতিসাধারণ পূর্বশর্তটা তাঁর মধ্যে যে অতিসাবলীলভাবে উপস্থিত তার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। এ ক্ষেত্রে তাঁর অতিসচেতনতার কোনো প্রয়োজন দেখি না। লক্ষ্যে স্থির থাকা, বিপাকে বেসামাল না হওয়া এবং সময়কে ঘুরিয়ে নিজের অনুকূলে ফেরানোর প্রচেষ্টা প্রত্যেক দলীয় সদস্যের মধ্যে সংক্রমিত করা, এই সামনে থেকে নেতৃত্বের গুণাগুণের অন্তর্ভুক্ত। মুশফিকের অধিনায়োকিত চালচিত্রের মাঝে এসব বিষয় প্রস্ফুটিতভাবে বিরাজমান। প্রত্যেক দলীয় সদস্য যে দলীয় শক্তির বিশেষ উপকরণ এবং দল যে প্রত্যেকের পারফরম্যান্সের প্রয়োজনীয় পরিপূরক, সেই আবহ মুশফিক নির্মাণ করে ফেলেছেন প্রায়। দলীয় সাফল্য এই পরিবেশের ওপর বহুলাংশে নির্ভর করে। নিকট ভবিষ্যতের ফলাফল মুশফিকের ম্যান-ম্যানেজমেন্টের দক্ষতাকে বেশি বেশি করে দৃশ্যমান করবে। আমরা লক্ষ করেছি, বর্তমান সিরিজের প্রথমাবধি সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ দুর্ভাগ্যজনকভাবে অনুপস্থিত। কিন্তু এ অনুপস্থিতির কোনো নেতিবাচক প্রভাব দলের ওপর পড়েনি। সহ-অধিনায়কের দায়িত্ব যেন ভাগ করে নিয়েছেন বাকি সবাই। প্রত্যেকের সঙ্গে অধিনায়কের আন্তরিক আত্মিক সংযোগ এ সহযোগিতা আদায় করে নিয়েছে। মনে হচ্ছে, প্রত্যেকে অনুভব করছেন, সর্বাবস্থায় অধিনায়ক সঙ্গে আছেন। সাকিব-তামিম সদ্য পদ হারিয়েছেন দলীয় প্রধানের। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার, নানা মানসিক বৈকল্যের আশঙ্কায় সারা দেশ। কিন্তু খেলোয়াড়ি মনোভাবের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন দুই তারকা। ওরা যেন অধিকতর নিষ্ঠায় দলের সঙ্গে সংযুক্ত। মুশফিক পাচ্ছেন ওদের সেরা সহযোগ। দলের নব-অভিষিক্ত ক্রিকেটারদের সেরা সামর্থ্য নিংড়ে আনার পেছনে অধিনায়কের কার্যকর প্রণোদনা আমরা প্রত্যক্ষ করেছি। খেলার চলমান ধারায় তাঁর পরিকল্পনা, প্রতি পরিকল্পনা, বোলারদের ব্যবহার, ফিল্ড সেটিং আক্রমণ ও আত্মরক্ষার সময় বিভাজন, প্রশিক্ষকের সঙ্গে সমঝোতা সবকিছুতেই এক চিন্তাশীল কুশলী অধিনায়ককে আমরা যেন বিকশিত হতে দেখতে পারছি। তিনি আমাদের লক্ষ্য, আমাদের প্রত্যাশা বড় করে দিচ্ছেন, ইমরুল কায়েসকে ফর্মে ফিরিয়ে মুশফিক আমাদের নগদ কিছু আনন্দ উপহার দেবেন আশা করছি। মুশফিকের জন্য অন্তহীন শুভকামনা রইল।