মুসলমানদের অনুষ্ঠানে বিজ্ঞাপন বন্ধ করেছে মার্কিন প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের নিয়ে নির্মিত একটি টিভি অনুষ্ঠানে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রভাবশালী একটি মার্কিন প্রতিষ্ঠান। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মুসলমানেরা লোজ নামের ওই প্রতিষ্ঠানটি বর্জন করতে শুরু করেছে।নিউইয়র্কভিত্তিক টিভি চ্যানেল টিএলসিতে প্রচারিত ‘অল আমেরিকান মুসলিম’ অনুষ্ঠানে মুসলমানদের নিত্যদিনের জীবনযাত্রা, ধর্ম পালন, সাংস্কৃতিক তত্পরতা নিয়ে অনুষ্ঠানটি প্রচারিত হতে থাকে। মুসলমানদের সম্পর্কে পশ্চিমা বিশ্বে ব্যাপক কৌতূহল ও ভ্রান্ত ধারণা থাকায় অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিজ্ঞাপনদাতাদের মধ্যে অন্যতম ছিল নির্মাণসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান লোজ। ফ্লোরিডাভিত্তিক একদল রক্ষণশীল খ্রিষ্টান অল আমেরিকান মুসলিম অনুষ্ঠানের বিরোধিতা শুরু করে। তাদের মতে, এ অনুষ্ঠানে আমেরিকার মুসলমানদের ভালো দিকগুলোই উপস্থাপন করা হচ্ছে।ফ্লোরিডা ফ্যামিলি অ্যাসোসিয়েশন নামের রক্ষণশীল দলের প্রায় ৩৫ হাজার সদস্য অনুষ্ঠানটির বিরোধিতা করে প্রচারণায় নামে। তারা অন্যতম প্রধান নির্মাণসামগ্রী বিক্রেতা লোজের প্রধান নির্বাহীর কাছে ই-মেইল পাঠাতে থাকে পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেওয়ার জন্য। হঠাত্ করেই লোজ টিএলসি টিভিতে তাদের বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয়। তাত্ক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে পাল্টা প্রচারণা শুরু করে যুক্তরাষ্ট্রের মুসলমানরা। আমেরিকার মুসলমানদের তীব্র আপত্তি সত্ত্বেও লোজ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। নর্থ ক্যারোলিনা সদর দপ্তর থেকে বলা হয়, ব্যাপক জনপ্রতিক্রিয়ার কারণে লোজ অল আমেরিকান মুসলিম অনুষ্ঠানে তাদের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্তে অটল থাকবে।নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগানসহ মুসলমানবহুল অঙ্গরাজ্যগুলোয় মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে লোজের বাণিজ্যকেন্দ্রের সামনে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। নিউজার্সি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান বিল পাসক্রেল এক প্রতিক্রিয়ায় বলেছেন, আমেরিকার মূল ধারার একটি বাণিজ্যপ্রতিষ্ঠানের এমন আচরণ মুসলমানদের আহত করেছে। কংগ্রেসম্যান বিল পাসক্রেল, কংগ্রেসম্যান ক্রিস মাসপি, মার্কিন কংগ্রেসে মুসলমান হিসেবে প্রথম নির্বাচিত কংগ্রেসম্যান কিথ এলিয়ন বাণিজ্যপ্রতিষ্ঠান লোজকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। নিউজার্সি ইসলামিক সেন্টারের পরিচালক মুহাম্মদ আল ফিললি বলেন, লোজ রক্ষণশীলদের পক্ষাবলম্বন করে মুসলমানদের আহত করেছে। তিনি জানান, নিউজার্সিসহ অন্তত ২০টি অঙ্গরাজ্যে মুসলমানরা এর প্রতিবাদে লোজের বিক্রয়কেন্দ্রের সামনে প্রতিবাদ জানাবে। মুসলমানরা বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত লোজে কেনাকাটা বর্জনেরও ডাক দিয়েছে।