মুসলিম অনুভূতিতে আঘাতের অধিকার নেই রুশদির: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান বলেছেন, মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কোনো অধিকার (ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক) সালমান রুশদির নেই। পাশাপাশি মুসলমানেরা নিজেদের ধর্মীয় আবেগ-অনুভূতি ব্রিটিশ জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেছেন। সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের বিরোধীদলীয় এই রাজনীতিক বলেন, ‘সালমান রুশদি কী লিখেছেন (তাঁর উপন্যাস‘দ্য স্যাটানিক ভার্সেস’-এ) তা ইস্যু নয়। প্রকৃত ইস্যু হলো, একটি সমাজকে আঘাত করার অধিকার কারও নেই সে বিষয়টি।’ তিনি বলেন, ‘আমাদের একে অপরকে সম্মান করা উচিত। তাহলেই কেবল আমরা শান্তিতে বসবাস করতে পারব।’সম্প্রতি সালমান রুশদিকে ভারত সফরে আসতে না দেওয়াকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে ‘কলকাতা লিটারারি মিট’কে ইমরান খান বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ই কেবল জানেন, কোন কোন বিষয় তাদের আহত করে কিংবা বিরক্তির উদ্রেগ ঘটায়। সাবেক এই ক্রিকেটার আরও বলেন, এমনকি একটি পরিবারেও দেখা যায়, কোনো একজন সদস্য অপর সদস্যদের অনুভূতিতে ব্যথা দিয়ে (শান্তিতে) বসবাস করতে পারেন না। ইমরান বলেন, অপরের চিন্তাচেতনা কিংবা অনুভূতির প্রতি আমাদের সংবেদনশীল হওয়া উচিত। একই সঙ্গে যে বিষয় অন্যের বেদনার কারণ হতে পারে তা এড়িয়ে চলা প্রয়োজন।তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান আরও বলেন, ‘ব্রিটিশ মুসলমানদের অনুভূতি বোঝাতে ব্যর্থ হওয়ায় আমি মুসলিম নেতৃত্বকে দোষ দিতে চাই। কেননা, আমাদের ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণ পশ্চিমাদের থেকে পৃথক। (আর এ কারণেই) ইংল্যান্ডের কিছু চলচ্চিত্রে এমনকি যিশুকে নিয়ে মজা করা হলেও আমাদের ক্ষেত্রে এর স্থান নেই।’প্রসঙ্গত, রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি দাবি করার পর থেকে ২০ বছর ধরে বিশ্বের অনেক দেশে বইটি নিষিদ্ধ। মুসলিমদের অনুভূতিতে আঘাত হানার জন্য তাঁর ওপর হামলা হতে পারে—এমন আশঙ্কায় গত মাসের শুরুতে রুশদিকে ভারত সফরের অনুমতি দেয়নি ইউপিএ সরকার। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।