মুসলিম আইনে দেনমোহর
সাধারণত দেনমোহর হলো কিছু টাকা অথবা অন্য কোনো সম্পত্তি, যা স্ত্রী স্বামীর কাছ থেকে বিবাহের মূল্যস্বরূপ পেতে হকদার।বিচারপতি মাহমুদ দেনমোহরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিবাহের পণস্বরূপ যে অর্থ বা সম্পত্তি স্বামী স্ত্রীকে দেন বা দিতে অঙ্গীকার করেন, সেই অর্থ বা সম্পত্তিকে মুসলিম আইনে দেনমোহর বলা হয়।দেনমোহর নির্ধারিত থাকতে পারে, আবার অনির্ধারিতও হতে পারে। হানাফি আইন অনুসারে, নির্ধারিত দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হবে ১০ দিরহাম এবং মালিকি আইনে তিন দিরহাম। দেনমোহরের পরিমাণ অনির্ধারিত থাকলে আদালত স্ত্রীর মর্যাদা এবং স্ত্রীর পিতৃকুলের অন্যান্য মহিলার দেনমোহরের পরিপ্রেক্ষিতে দেনমোহর নির্ধারণ করতে পারেন।নির্ধারিত দেনমোহর আবার দুই প্রকারের হতে পারে। যথা: তলবি দেনমোহর ও স্থগিত দেনমোহর। বিবাহের পর যে মুহূর্তে স্ত্রী দেনমোহর দাবি করবেন, ওই মুহূর্তে স্বামী তলবি দেনমোহর পরিশোধ করতে বাধ্য। কোনো বিশেষ ঘটনা ঘটলে স্থগিত দেনমোহর প্রদেয় হয়।স্বামী তলবি দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাসে অস্বীকার করতে পারেন এবং অন্যত্র বসবাস করেও স্বামীর কাছ থেকে ভরণপোষণ পেতে হকদার।দেনমোহর সর্বাবস্থায় স্বামীর ঋণ। স্বামী মারা গেলেও স্বামীর সম্পত্তি থেকে স্ত্রীর দেনমোহর প্রথমে পরিশোধযোগ্য বা আদায়যোগ্য। ১৯৩৯ সালের মুসলিম বিবাহ-বিচ্ছেদ আইনের ৫ ধারায় বলা হয়েছে, অত্র আইনে সন্নিবেশিত কোনো কিছুই কোনো বিবাহিত মহিলার বিবাহ-বিচ্ছেদের ফলে মুসলিম আইন অনুযায়ী তাঁর প্রাপ্য দেনমোহর অথবা তাঁর কোনো অংশের ওপর তাঁর অধিকারকে ক্ষুণ্ন করবে না। ওই ধারা অনুসারে প্রমাণিত হয় যে কোনো মুসলিম নারী আদালতের মাধ্যমে তাঁর স্বামীকে তালাক দিলেও ওই নারীর দেনমোহরের অধিকার লোপ পায় না। মুসলিম পারিবারিক আইন ১৯৬১ অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিবাহ করলে তাঁকে অবিলম্বে তাঁর বর্তমান স্ত্রীর বা স্ত্রীদের তাৎক্ষণিক অথবা বিলম্বিত দেনমোহরের যাবতীয় টাকা পরিশোধ করতে হবে এবং ওই অর্থ পরিশোধ করা না হলে তা বকেয়া রাজস্বের মতো আদায় হবে। নিকাহনামায় বা বিবাহের চুক্তিতে দেনমোহর-ঋণ পরিশোধের পদ্ধতি নির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে দেনমোহরের সমগ্র অর্থ চাহিবামাত্র দেয় বলে ধরে নিতে হবে। ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে, দেনমোহরের পরিমাণ যা-ই হোক না কেন, তা আদায়ের জন্য স্থানীয় অধিক্ষেত্রের আওতায় পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে হয়। বিবাহ-বিচ্ছেদের পর তিন বছরের মধ্যে দেনমোহরের জন্য মামলা করতে হয়।লেখক আইনজীবী, জজ কোর্ট, জামালপুর।