মুসলিম আইনে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ইসলাম ধর্মে বিয়ে একটি আইনগত, সামাজিক ও ধর্মীয় বিধান। বিয়ের একটি উদ্দশ্যে হলো, সন্তান জন্মদান এবং তা বৈধকরণ। মুসলিম বিয়ে যদিও একটি ধর্মীয় দায়িত্ব, তবে এটি দেওয়ানি চুক্তি। মুসলিম পারিবারিক আইন অনুসারে একটি পূর্ণাঙ্গ বিয়ের জন্য নিচের শর্তগুলো পূরণ করতে হয়।১. বয়স: মুসলিম আইনে বিয়ে একটি চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষকেই প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে। আইন বিয়ের যোগ্যতা হিসেবে বয়স নির্ধারণ করে দিয়েছে। মেয়ের বয়স কমপক্ষে ১৮ এবং ছেলের বয়স কমপক্ষে ২১ বছর। ২. সম্মতি: বিয়ের জন্য ছেলে ও মেয়ের অবশ্যই স্বাধীন সম্মতি থাকতে হবে। সম্মতিহীন বিয়ে একটি বাতিলযোগ্য বিয়ে।৩. দেনমোহর: দেনমোহর বিয়ের অন্যতম শর্ত। বিয়েতে অবশ্যই দেনমোহর থাকতে হবে এবং তা পরিশোধ করতে হবে। কোনো অবস্থায় দেনমোহর মাফ হয় না । ৪. সাক্ষী: মুসলিম বিয়েতে সাক্ষীর প্রয়োজনীয়তা অনেক বেশি। বিয়েতে ছেলে-মেয়ে সম্মতি দিয়েছে কি না, তা সাক্ষীদের দায়িত্বের মধ্যে পড়ে। বিয়েতে দুজন সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে। অনেকেরই ধারণা, মুসলিম বিয়েতে সাক্ষী হিসেবে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর সাক্ষ্যের সমান। কিন্তু এটি একটি ভিত্তিহীন ধারণা। ‘মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১’ বা ‘মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন ১৯৭৪’ বা অন্য কোনো আইনে এরূপ কোনো বিধান নেই। তা ছাড়া ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুসারে সাক্ষী হিসেবে নারী ও পুরুষের মর্যাদা সমান।৫. নিবন্ধন: বিয়ে নিবন্ধনের গুরুত্ব অনেক বেশি। বিয়ের প্রমাণ আইন অনুসারে কাগজে-কলমে লিপিবদ্ধ করাই হচ্ছে নিবন্ধন। বিয়েসংক্রান্ত যেকোনো সমস্যায় এর প্রয়োজন হয়। যেমন: স্ত্রীর বিনা অনুমতিতে পুনর্বার বিয়ে করলে, স্ত্রীকে তালাক দিয়ে দেনমোহর থেকে বঞ্চিত করলে, স্ত্রী-সন্তানকে যুক্তিসংগত কারণ ছাড়া ভরণপোষণ না দিলে। এসব ক্ষেত্রে স্ত্রী আদালতে নালিশ করতে চাইলে প্রথমেই বিয়ের প্রমাণ হিসেবে নিবন্ধিত নিকাহনামা আদালতে হাজির করতে হবে। বিয়ের লিখিত প্রমাণ হচ্ছে নিবন্ধন। উল্লেখ্য, বিয়ে নিবন্ধনের দায়িত্ব স্বামীর। স্বামী এই দায়িত্ব পালন না করলে দুই বছর পর্যন্ত বর্ধনযোগ্য মেয়াদের বিনা শ্রম কারাবাস বা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবে।