মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ধর্মের পথে চলার হেদায়েত বা সুপরামর্শ যাতে মেলে, সেই দোয়ার মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমা।প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিনের মতো গতকাল দ্বিতীয় পর্বের শেষ দিনও টঙ্গীর ইজতেমাস্থলে লাখো মুসল্লির ঢল নামে। দুপুরে মোনাজাত শুরুর আগে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মোনাজাত চলার সময় অগণিত কণ্ঠে ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয় চারদিক।আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল ভোর থেকে মুসল্লিরা তুরাগতীরের দিকে যেতে থাকেন। ভিড় ও যানজট নিয়ন্ত্রণে শনিবার মধ্যরাত থেকে ইজতেমামুখী সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে মুসল্লিরা উত্তরে চান্দনা চৌরাস্তা, দক্ষিণে বিমানবন্দর, পূর্বে পুবাইলের মাজুখান ও পশ্চিমে আশুলিয়া থেকে হেঁটে এসে শরিক হন। এবার শুধু ইজতেমা ময়দানে মাইক থাকায় এর বাইরের মুসল্লিদের মোনাজাতে অংশ নিতে কিছুটা অসুবিধা হয়। অন্যদিকে একাধিক এফএম রেডিও ও টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করায় অনেকে ঘরে বসে মোনাজাতে শরিক হন।এবারই প্রথম চার দিনের বিরতি দিয়ে দুই পর্বে ছয় দিনের ইজতেমা অনুষ্ঠিত হলো। কথা ছিল, শুধু প্রথম পর্বের শেষ দিনেই আখেরি মোনাজাত হবে। তবে দ্বিতীয় পর্বে আসা লাখ লাখ মুসল্লির অনুরোধে গতকালও ইজতেমার সমাপনী ‘হেদায়েতি বয়ানের’ পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। পাকিস্তান থেকে আসা তাবলিগ ‘মুরব্বি’ মাওলানা সাদের হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন ভারত থেকে আসা তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়েরুল হাসান। ১৬ মিনিটের মোনাজাতে তিনি আল্লাহর কাছে মুসলিম জাতির হেফাজত, ইজতেমা তথা তাবলিগের পরিশ্রমকে কবুল করা, হেদায়েত, সৎ উপার্জন, বিপথগামী হওয়া থেকে মুসলমানদের রক্ষাসহ বিভিন্ন অনুগ্রহ কামনা করেন।অতিরিক্ত ভিড়ে দুর্ভোগ: মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা একসঙ্গে এলাকা থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এতে ব্যাপক জনজটের সৃষ্টি হয় এবং আধা ঘণ্টার মতো কেউ এগোতে পারেননি। টঙ্গীর বিভিন্ন অলিগলি থেকে টেম্পো, হলার ও স্কুটারগুলো যাত্রী বহনের জন্য সড়কে নামলে পরিস্থিতি আরও খারাপ হয়। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে দায়িত্ব পালন করতে আসা পুলিশ সদস্যদের মধ্যেও মুসল্লিদের মতো তাড়াহুড়া করে এলাকা ত্যাগ করার প্রবণতা ছিল। এ কারণে ইজতেমা চলাকালে যানবাহন চলাচলে নেওয়া কঠোর পদক্ষেপ মুহূূর্তেই ভেঙে পড়ে। অনেক মুসল্লির ভাড়া করে আনা গাড়িও একসঙ্গে মহাসড়কে নামে। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট ছিল।