মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের (আইএএস) মহাপরিচালক মনঈপ জউবির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে মুসলিম উম্মাহর উন্নয়ন-সং¬শ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকের সময় মনঈপ আগামী বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় আইএএসের ১৯তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি জানান, ওই সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত ৫৬টি দেশ অংশ নেবে।প্রধানমন্ত্রী মনঈপের আমন্ত্রণ গ্রহণ করে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ইসলামি দেশগুলোকে পশ্চাত্পদতা থেকে আধুনিকতার দিকে এগিয়ে নিতে বিজ্ঞান গুরুত্বপূর্ণ বাহন হতে পারে। তিনি ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞানের যথাযথ ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আইএএসের ভূমিকার প্রশংসা করেন। মনঈপ কালজয়ী নেতৃত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিজ্ঞানের উন্নয়নে অবদানের জন্য প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী মরহুম এম ওয়াজেদ মিয়ার অবদানের কথাও স্মরণ করেন।অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়া উদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহেদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।