মুসলিম বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধার্যকৃত দেনমোহরের প্রতি হাজার বা তার অংশবিশেষের জন্য ১০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়। তবে ফির পরিমাণ ৫০ টাকার কম বা ৪০০০ টাকার বেশি হবে না। নিবন্ধনের ফি বরপক্ষকে পরিশোধ করতে হয়।সম্রাট ও বীথি (ছদ্মনাম) পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন প্রায় তিন বছর আগে। কিছুদিন আগে বীথি জানতে পারেন, সম্রাটের সঙ্গে অন্য এক মেয়ের সম্পর্ক আছে এবং তাঁর অনুমতি না নিয়েই সেই মেয়েকে বিয়ে করেছেন। বিয়ের কথা জিজ্ঞেস করলেই সম্রাট তাঁর ওপর অত্যাচার শুরু করেন এবং একদিন বাসা থেকে বের করে দেন। অসহায় বীথির বাবার বাড়িতেও ঠাঁই না হওয়ায় তিনি আশ্রয় নেন এক বান্ধবীর বাসায়। দীর্ঘদিন ধরে সম্রাট তাঁর কোনো খোঁজখবর ও ভরণ-পোষণ না দেওয়ায় তিনি পারিবারিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের রেজিস্ট্রেশন বা নিবন্ধন না হওয়ায় এবং প্রয়োজনীয় প্রমাণাদির অভাবে তিনি মামলায় হেরে যান। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। বিবাহের নিবন্ধন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনেক নারীই এভাবে প্রতারিত হচ্ছেন। মুসলিম বিয়ে একটি দেওয়ানি চুক্তি। আর নিবন্ধন হচ্ছে এই চুক্তির দলিল। মুসলিম পারিবারিক আইন অনুসারে একটি পূর্ণাঙ্গ বিয়ের জন্য যেসব শর্ত পালন করা অত্যাবশ্যক, তার মধ্যে বিয়ের নিবন্ধন অন্যতম। এ সম্পর্কে বাংলাদেশে ১৯৭৪ সালে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণীত হয়েছে এবং এ আইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে (ধারা-৩)। নিবন্ধন হচ্ছে তালিকাভুক্তি। আইনের দ্বারা নির্ধারিত তথ্যাবলি দিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে সরকারিভাবে বিয়ে করাই হচ্ছে নিবন্ধন। মুসলিম আইনে বিয়ের নিবন্ধন একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। কাবিননামা ছাড়া মৌখিক বিয়েকে আইনে অগ্রাহ্য করা যায়। কেননা, এতে প্রয়োজনীয় আইনি প্রমাণপত্র পাওয়া যায় না। নিবন্ধন ছাড়া বিয়ে প্রমাণ করা কঠিন। আমাদের দেশের বাস্তবতায় নিবন্ধন একজন নারীকে বিশেষভাবে সুরক্ষা দেয়। নিবন্ধনের অভাবে নারী তার আইনি অধিকার থেকে বঞ্চিত হয় এবং আদালতে গেলে কাবিননামা বা ডকুমেন্ট দাখিল করতে পারে না বিধায় বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। নিবন্ধন থাকলে অনেকাংশে বাল্যবিবাহ রোধ করা যায়, কারণ কাবিননামায় প্রমাণপত্রসহ বিয়ের পাত্র-পাত্রীর বয়স উল্লেখ করতে হয়। দেনমোহর, ভরণ-পোষণ, উত্তরাধিকার, সন্তানের পিতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত কাবিননামা একটি আইনগত দলিল। নিবন্ধন থাকলে স্বামী আবার স্ত্রীর অমতে বিয়ে করলে এ ধরনের বিয়ে বন্ধ করার জন্য বা স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় (ধারা-৬, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১)। নিবন্ধন শুধু নারীর সামাজিক মর্যাদাই বৃদ্ধি করে না, বরং বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পাচার, শ্লীলতাহানি রোধেও কার্যকর ভূমিকা রাখে। সরকার কর্তৃক নিযুক্ত নির্দিষ্ট এলাকার নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ নিবন্ধন করানো হয়। সাধারণত বিয়ের দিনই নিবন্ধন করানো যুক্তিযুক্ত। নিকাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে বিবাহ সম্পাদিত হলে তাঁকে তা রেজিস্ট্রি করতে হবে। এ সময় তাঁকে অবশ্যই বর-কনে প্রাপ্তবয়স্ক কি না, বিয়েতে তাঁদের পূর্ণ সম্মতি আছে কি না, দেনমোহর, বিয়ের সাক্ষী প্রভৃতি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। কোনো কারণে বিয়ের দিন নিবন্ধন না করা গেলে কিংবা নিকাহ রেজিস্ট্রারের অনুপস্থিতিতে বিয়ে সম্পাদিত হলে তা অবশ্যই ৩০ দিনের মধ্যে নিকটস্থ কাজী অফিসে নিবন্ধন করাতে হবে (ধারা-৫, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন, ১৯৭৪)। বিয়ে নিবন্ধনের ফি সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবর্তন ও ধার্য করে থাকে। তবে এটি বিয়ের দেনমোহরের ওপর নির্ভর করে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধি, ১৯৭৫-এর ১৮ ধারা অনুযায়ী ধার্যকৃত দেনমোহরের প্রতি হাজার বা তার অংশবিশেষের জন্য ১০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়। তবে ফির পরিমাণ ৫০ টাকার কম বা ৪০০০ টাকার বেশি হবে না। নিবন্ধনের ফি বরপক্ষকে পরিশোধ করতে হয়। ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রার প্রাপ্তি রসিদ দেবেন এবং বাধ্যতামূলকভাবে বর ও কনেপক্ষকে কাবিননামার সত্যায়িত কপি প্রদান করবেন। মুসলিম আইনে নিবন্ধন না করে বিয়ে সম্পাদন করা শাস্তিযোগ্য অপরাধ। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন (২০০৫ সালে সংশাধিত), ১৯৭৪ অনুযায়ী কেউ এ আইন ভঙ্গ করলে শাস্তিস্বরূপ দুই বছরের কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।লেখক  শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়