মুসলিম বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী-পুরুষের বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বিয়ের আইনে আছে, তখন বৈধ বিয়ে হবে যখন বিয়ে করতে ইচ্ছুক নারী-পুরুষ উভয়ই প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হবেন। এ ক্ষেত্রে পুরুষের বয়স ন্যূনতম ২১ ও নারীর ১৮ বছর হতে হবে। বিয়ের বন্ধন সংগঠিত হওয়ার মূল শর্ত হলো, বিয়ে করতে ইচ্ছুক পক্ষদ্বয়ের মধ্যে প্রস্তাব দান ও গ্রহণের মধ্য দিয়ে একই মজলিসে কমপক্ষে দুজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর সামনে হতে হবে। বল প্রয়োগ নয়, বরং বিয়ের জন্য প্রয়োজন পাত্র ও পাত্রীর স্বতঃস্ফূর্ত সম্মতি। মুসলিম পারিবারিক আইনের বিধান অনুসারে অবশ্যই সরকার কর্তৃক নিযুক্ত নিকাহ্ রেজিস্ট্রার দ্বারা বিয়ের নিবন্ধন করতে হবে।বিয়ের নিবন্ধন যদি কেউ না করে তবে সম্পত্তির উত্তরাধিকারের বিষয়ে বিবাদ হওয়ার আশঙ্কা থাকে, দলিলগত সাক্ষীর অভাব ঘটে। ফলে বিবাদ নিষ্পত্তি করা দুষ্কর হয়ে পড়ে, মৃতের সন্তানের উত্তরাধিকারের ক্ষেত্রে বৈধতার প্রশ্নের সম্মুখীন হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে খোরপোষ ও মোহরানার দাবির মামলা অগ্রাহ্য বলে গণ্য হতে পারে। বিয়ের নিবন্ধন ফির ক্ষেত্রে সরকারি গেজেট নোটিফিকেশন দিয়ে নির্ধারণ করা হয়। আর এটি দেনমোহরের ওপর নির্ধারণ হয়ে থাকে। সাধারণত প্রতি হাজারে ১০ টাকা করে ফি নির্ধারণ করা হয়। তবে সর্বোচ্চ ফি চার হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী প্রতিটি মুসলিম বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। বিয়ে শুধু নারী-পুরুষের পবিত্র বন্ধনই নয়, বিয়ের সঙ্গে একজন স্ত্রীর অধিকার ও মর্যাদাও সম্পর্কিত। ১৯৭৪ সালে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন চালু হয়। বিয়ের নিবন্ধন করা আইনগতভাবে বাধ্যতামূলক। ২০০৫ সালে এ আইনের সংশোধন হয়। বিয়ে হচ্ছে দেওয়ানি চুক্তি (Civil contract)। মৌলবীর মাধ্যমে যে বিয়ে পড়ানো হয়, সেটা ‘সহি বিয়ে’। আইনগতভাবে এ বিয়েকে অগ্রাহ্য করা হয়। কারণ, বিয়ের যাবতীয় প্রমাণপত্র এতে থাকে না। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিয়ের নিবন্ধন করার মধ্য দিয়ে একজন নারী স্ত্রী হিসেবে স্বীকৃতি, সামাজিক পরিচিতি, সম্পত্তিতে অধিকার, দেনমোহরের অধিকার, সন্তানের বৈধতা—এসব বিষয়ে সামাজিকভাবে অধিকার পেয়ে থাকেন। আর কেউ যদি নিবন্ধন করে বিয়ে না করেন, তবে ২০০৫ সালের সংশোধনী আইন অনুযায়ী শাস্তিস্বরূপ তাঁকে দুই বছরের জেল কিংবা তিন হাজার টাকার সাজা ভোগ করতে হবে। আইন লঙ্ঘন করলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধীনে বিচার করা হয়। মৌলবীর মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হলেও পরে এ বিয়ের নিবন্ধন করতে হবে, না হলে এ বিয়ে আইনগতভাবে বৈধ হবে না।