মুসলিম মেয়েদের ঘরের বাইরে গিয়ে চাকরি করাকে ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা। এই নজিরবিহীন ফতোয়া সমগ্র ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অন-লাইনে প্রকাশিত এক সংবাদে বলা হয়, দেওবন্দ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মুসলিম নারীদের ঘরের বাইরে গিয়ে যেকোনো সরকারি-বেসরকারি চাকরিতে যোগদান শরিয়তের দৃষ্টিকোণ থেকে অবৈধ। চাকরির সময় ‘পর-পুরুষের’ সঙ্গে নারীর মেলামেশা হয়, যা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পর পরই ইসলামের ধর্মীয় ব্যাখ্যায় দেওবন্দকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। দেওবন্দ মাদ্রাসায় সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই ফতোয়া ঘোষণা করেন ইসলামি শরিয়াহ আইনে বিশেষজ্ঞ তিনজনের একটি দল। এই ফতোয়ার পেছনের মূল কারণ হিসেবে দেওবন্দ জানিয়েছে, ঘরের বাইরে চাকরি করতে গেলে নারীরা পুরুষদের সঙ্গে কোনোরকম হিজাব ছাড়া মেলামেশা করেন, যা কোনো মতেই ইসলাম সম্মত নয়।দেওবন্দ মাদ্রাসার এই ফতোয়া এমন সময় জারি করা হলো যখন ভারতজুড়ে মুসলমানদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য আলাদা কোটা পদ্ধতি চালু এবং এর প্রয়োগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে মনে করে, দেওবন্দ মাদ্রাসার দেওয়া এই ফতোয়া ভারতে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া মুসলমান নারীদের সামাজিকভাবে আরও পেছনে ঠেলে দেবে। এই নজিরবিহীন ফতোয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছে সচেতন নাগরিকেরা। তাদের মতে, পৃথিবীর অনেক কট্টরপন্থী মুসলিম দেশেও নারীদের চাকরি নিয়ে এমন কোনো ফতোয়া নেই। পৃথিবীতে এমন মুসলিম দেশ রয়েছে, যেখানে আইন করে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ করা হলেও বাড়ির বাইরে গিয়ে ছেলেদের সঙ্গে তাঁদের চাকরি করার বিরুদ্ধে কখনো কোনো কথা ওঠেনি। তবে দেওবন্দের এই ফতোয়ার বিরুদ্ধে ভারতের আলেম সমাজও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। লক্ষৌয়ের ঈদগাহ মসজিদের নায়েবে ইমাম মুফতি মাওলানা খালিদ রশিদ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ইসলামে নারী ও পুরুষের সম-অধিকার দেওয়া হয়েছে। শরিয়াহ আইন মেনে চললে এমন চিন্তার কোনো অবকাশ নেই যে পুরুষদের সঙ্গে নারীরা একইভাবে চাকরি করতে পারবেন না। এমনকি দেওবন্দের মতোই কট্টরপন্থী ইসলামি মাদ্রাসা দারুল ইফতাহ ফিরাঙ্গি মেহেলিও জানিয়েছে, মুসলমান নারীরা পুরুষের মতোই চাকরি করতে পারবেন, এতে সেই নারীদের উপার্জন ‘হারাম’ হওয়ার কোনো অবকাশ নেই।তবে বিখ্যাত শিয়া শরিয়াহ বিশেষজ্ঞ মাওলানা কালবে জাওয়াদ দেওবন্দ মাদ্রাসার এই বিতর্কিত ফতোয়াকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘ইসলামে উপার্জন করার দায়িত্ব কেবল পুরুষদের।’ তবে তিনি বলেছেন, ‘যদি নিতান্ত বাধ্য হয়ে নারীদের ঘরের বাইরে গিয়ে উপার্জন করতে হয়, তাহলে সেই নারীর বিভিন্ন ইসলামি বিধান মেনেই তা করা উচিত।’ তিনি ইরানের উদাহরণ টেনে বলেছেন, ইরানে নারীরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে গিয়ে চাকরি করছেন, সেখানে নারী ও পুরুষের বসার জায়গা সম্পূর্ণ আলাদা, পরস্পরের সান্নিধ্যে আসার সেখানে কোনো সুযোগ নেই। লক্ষৌকে ভারতে ধর্মনিরপেক্ষ আদর্শের অন্যতম পীঠস্থান হিসেবে ধরা হয়। প্রগতিশীল চিন্তা-চেতনার জন্য এ শহর বিখ্যাত। লক্ষৌয়ের অনেক মুসলমান পরিবারেই নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ চিন্তা করা হয় না। সেই পরিবারগুলোতে মেয়েরা পুরুষের মতোই একইভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে বিচরণ করছেন। এ ধরনের প্রগতিশীল একটি শহরের মুসলমানদের পক্ষে দেওবন্দের এই ফতোয়া মেনে নেওয়া বেশ কষ্টকর হিসেবেই মনে করা হচ্ছে। এমনকি এ শহরের অনেক রক্ষণশীল মুসলমান পরিবারেও এই ফতোয়া নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ। লক্ষৌয়ের একজন কর্মজীবী মুসলমান নারী রুখসানা, যিনি সর্বভারতীয় মুসলিম আইন পরিষদের কার্যনির্বাহী সংসদের সদস্য- দেওবন্দের এই ফতোয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘আমি একজন কর্মজীবী নারী হিসেবে বলতে পারি, বাইরে কাজ করতে গেলেই যে শরিয়াহ লঙ্ঘিত হবে, এমন মনে করা মূর্খতা। আমি কর্মক্ষেত্রে শরিয়াহ সম্পর্কে সব সময়ই সচেতন থাকি।’কম্পিউটার নিয়ে কাজ করেন লক্ষৌয়ের বাসিন্দা সাবিনা পারভিন। তাঁর প্রশ্ন, ‘একটি মুসলিম দেশের নাম করুন, যারা তাদের জাতীয় বিমান সংস্থায় নারী বিমানবালা নিয়োগ দেয় না। এমনকি সৌদি আরবের মতো কট্টর মুসলিম দেশও তাদের জাতীয় বিমান সংস্থায় নারী বিমানবালা নিয়োগ দেয়। এবং দায়িত্ব পালনের সময় তাদের মুখমণ্ডলে কোনো নেকাব থাকে না।’