মুসলিম মেয়েদের সাঁতারের ক্লাস করতেই হবে
জার্মানিতে এক মুসলিম ছাত্রী তার স্কুলে খালি গায়ের ছেলেদের সঙ্গে সাঁতারের ক্লাস করতে অস্বস্তিতে ভুগছিল। তাই সাঁতারের ক্লাস থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিল সে। কিন্তু আদালত গতকাল শুক্রবার তার আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, ছেলেদের সঙ্গেই তাকে সাঁতারের ক্লাস করতে হবে। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে আজ বলা হয়, মরক্কোতে জন্ম নেওয়া ১২ বছর বয়সী ওই ছাত্রী ফ্রাঙ্কফুটের এক স্কুলে পড়ে। সাঁতারের ক্লাসে যেতে অসুবিধার কথা বললে বেঁকে বসে স্কুল কর্তৃপক্ষ।বাধ্য হয়ে সে আদালতের শরণাপন্ন হয়। আদালতে তার কৌঁসুলী বলেন, কোরআনের নির্দেশ অনুযায়ী, ওই ছাত্রী ছেলেদের সামনে নিজেকে নগ্ন করতে পারে না এবং নগ্ন ছেলেদের দিকেও তাকাতে পারে না।কিন্তু পশ্চিম জার্মানির কাসেলের আদালত তার আবেদন ফিরিয়ে দেন।আদালতের রায়ে বলা হয়, ছাত্রীটি বুর্কিনি নামের এক ধরনের পোশাক পরে পুরো শরীর ঢেকে সাঁতারের ক্লাসে অংশ নিতে পারে। তাদের ক্লাসের অনেক ছাত্রী এ ধরনের পোশাক ব্যবহার করে। আর এ পোশাক পরেই সে নিজের ধর্মবিশ্বাস রক্ষা করতে পারে।আদালত আরও বলেছেন, ওই ছাত্রীর পরিবার যে এলাকায় বাস করে, সেখানে ছেলেমেয়ের একসঙ্গে সাঁতার কাটা একটা নিত্যদিনের ব্যাপার।জার্মানির সাংবিধানিক আদালতের আরেকটি রায় উল্লেখ করে বর্তমান আদালত বলেছেন, স্কুলের অন্যতম লক্ষ্য হলো সবার মধ্যে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করা। আর তাই অন্যরা যে ধরনের সাঁতারের পোশাক পরুক না কেন, তাকে (ছাত্রীকে) তা সহ্য করতে হবে।