মুসলিম যুগের স্থাপত্য নিয়ে স্কেচ প্রদর্শনী আজ
বাংলাদেশের মুসলিম যুগের স্থাপত্যিক নিদর্শনগুলোর স্কেচ নিয়ে শুরু হচ্ছে স্থপতি সাজিদ-বিন-দোজার তৃতীয় একক স্কেচ প্রদর্শনী। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনীর উদ্বোধন হবে। ১২ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।আলিয়ঁস ফ্রঁসেজ সূত্রে জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রদর্শনী উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক পারভিন হাসান ও এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান আবু সাঈদ মোশতাক।স্থপতি সাজিদের এবারের প্রদর্শনীর স্কেচগুলোর মধ্যে রয়েছে হজরত পাণ্ডুয়ার শাহি আদিনা মসজিদ, গৌড়ের গুণমন্ত মসজিদ, ছোট পাণ্ডুয়া, ত্রিবেনীর জাফরখান গাজী মসজিদ, বারী মসজিদ, চামকাটি মসজিদ, গুমতি গেট, লুকোচুরি দরজা, গৌড় লক্ষণাবতী থেকে দাড়াশবাড়ি মসজিদ, ছোট সোনা মসজিদ, খানিয়াদীঘি মসজিদ, ধানিচক মসজিদ প্রভৃতি ঐতিহাসিক স্থাপত্য।