মুসলিম হওয়ার ‘গুজবে’ চিন্তিত নন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলমান—মার্কিনিদের মধ্যে এমন বিশ্বাস ক্রমেই দানা বেঁধে উঠছে। পিউ রিসার্চ সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর রয়টার্সের।তবে প্রেসিডেন্ট ওবামা অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি একজন মুসলিম এমন ‘গুজব’ নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন।পিউ রিসার্চ সেন্টারের আলোচিত এই জরিপের ফল প্রকাশের পর এনবিসি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘এখানে আমার কিছু করার নেই। কী গুজব ভেসে বেড়াচ্ছে, তা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমি যদি এর পেছনে আমার পুরো সময় ব্যয় করি, তাহলেও আমি কিছু করতে পারব না।’এদিকে চলতি মাসের শুরুর দিকে পিউ তাদের জরিপের কাজ শেষ করে। এতে দেখা যায়, প্রতি পাঁচজনের মধ্যে একজন এবং মোট ১৮ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন, বারাক ওবামা একজন মুসলমান। এই সংখ্যা ২০০৯-এর মার্চের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে এক-তৃতীয়াংশ মানুষ এই জরিপে ওবামা যে একজন খ্রিষ্টান সে বিষয়ে তাঁদের মতামত দিয়েছেন। তবে ওবামাকে খ্রিষ্টান মনে করা লোকজনের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে জানা গেছে।মার্কিনিরা কেন তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তুলছে—এ বিষয়ে ওবামা বলেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে একটি বিশেষ কৌশল কাজ করছে। একটি চক্রের মাধ্যমে ভুল তথ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে।’ তিনি আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণার সময়কালেই তিনি এ ধরনের কথার সম্মুখীন হয়েছেন। তিনি বিজয়ী হয়েছেন। কারণ, তিনি বিশ্বাস করতেন মার্কিন জনগণের এই ধরনের ‘নির্বোধ’দের দূরে রাখার ক্ষমতা আছে।উল্লেখ্য, নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার বোমা হামলায় তিন হাজার লোকের প্রাণহানি হয়। এই দুর্ঘটনাস্থলে বারাক ওবামা একটি মুসলিম সাংস্কৃতিককেন্দ্র ও মসজিদ নির্মাণের প্রস্তাব করলে তাঁর ধর্ম নিয়ে গুজব শুরু হয়। রয়টার্স।