মুসল্লিদের প্রতিবাদে ‘পীরের’ পলায়ন
মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে ওয়াজ মাহফিলে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করছিলেন জৈনপুরের ‘পীর’ নামে পরিচিত মো. এনায়েতুল্লাহ আব্বাসী। এ সময় মুসল্লিরা শুরু করেন প্রতিবাদ, হট্টগোল। হয়ে ওঠেন মারমুখী। একপর্যায়ে বক্তব্য থামিয়ে মাহফিল ছেড়ে পালাতে বাধ্য হন জৈনপুরের ‘পীর’। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার আবালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয়েছিল বার্ষিক ইছালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল। গতকাল রোববার রাতে এর শেষ দিন ছিল। মাহফিলে প্রধান বক্তা ছিলেন জৈনপুরের ‘পীর’ হিসেবে পরিচিত ঢাকার নারায়ণগঞ্জ জেলার এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। তবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে শাহবাগে নতুন প্রজন্ম আন্দোলনের নামে ইসলামকে নানাভাবে হেয়প্রতিপন্ন করছে। তারা কার্টুন এঁকে সেটাতে দাড়ি-টুপি লাগিয়ে ইসলামকে ব্যঙ্গ করছে। ইসলামকে এভাবে অপমান-অপদস্থ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা গ্রহণযোগ্য নয়। যারা এটা করছে, তারা ঠিক করছে না। গর্হিত কাজ করছে।’বক্তব্যের এ পর্যায়ে সেখানে উপস্থিত মুসল্লিদের অনেকে আপত্তি তোলেন। মুসল্লিরা ওই পীরকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন। পাশাপাশি তিনি যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের জন্য জোর দাবি তোলেন। কিন্তু জৈনপুরের ‘পীর’ তাঁর বক্তব্যের ব্যাপারে অটুট থাকেন। একপর্যায়ে মুসল্লিরা উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন এবং মারমুখী হয়ে ওঠেন। এ সময় মুসল্লিরা পীরের পক্ষে-বিপক্ষে দুই ভাগে ভাগ হয়ে যান। এতে মাহফিল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে জৈনপুরের পীর এনায়েতুল্লাহ আব্বাসী তাঁর লোকজন নিয়ে মাহফিল ছেড়ে পালিয়ে যান। আবালপুর গ্রামের বাসিন্দা ও মাগুরা পৌরসভার কাউন্সিলর মো. মাসুদ হাসান খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘৪৫ বছর ধরে আবালপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওই মাহফিল হয়ে আসছে। রোববার হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই অবস্থার পর আর মাহফিল চলেনি। হুজুর রাতেই চলে যান।’ মাগুরা সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দাড়ি-টুপি পরে কেউ যদি কাউকে খুন করে, সেটা কি অন্যায় হবে না? খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি দুই পক্ষ মুখোমুখি। তাদের মধ্যে চরম উত্তেজনা। ততক্ষণে মাহফিল বন্ধ হয়ে গেছে। আমি ওই হুজুরকে জিজ্ঞাসা করেছি, তিনি কেন ওই রকম বক্তব্য দিয়েছেন।’ পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় বলে তিনি জানান। উপপরিদর্শক আরও বলেন, ‘ওই এলাকায় কোনো মারামারি হয়নি। একপর্যায়ে হুজুর তাঁর লোকজন নিয়ে মাহফিল থেকে পালিয়ে ঢাকায় চলে যান।’ মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্য দিতে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও চলমান নাগরিক আন্দোলন নিয়ে কটূক্তি করেন। সেখানে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। রাত ১২টা ৫০ মিনিটের দিকে আমি খবর পেয়ে পুলিশ পাঠাই।’