মুসা ইব্রাহীমকে শেখ হাসিনা ও খালেদা জিয়ার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তরুণ পর্বতারোহী মুসা ইব্রাহীমের এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে গোটা বিশ্বে মুসা ইব্রাহীম বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর এ বিজয়ে আমিসহ গোটা দেশবাসী গর্বিত এবং আনন্দে উদ্বেলিত।’প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিকূল পরিবেশ অতিক্রম করে সমতলের সন্তান মুসা এভারেস্ট জয় করে প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি, কোনো বাধাই আমাদের কাছে অজেয় নয়।’ খালেদা জিয়া: প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ে বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তাঁকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বার্তায় তিনি মুসা ইব্রাহীমের অসামান্য সাফল্য ও কৃতিত্বের জন্য তাঁকে সহায়তাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও তাঁর পরিবারের সদস্যদেরও অভিনন্দন জানান।খালেদা জিয়া বলেন, ‘মুসা ইব্রাহীমের সাফল্যে সমগ্র জাতির সঙ্গে আমিও গর্বিত ও আনন্দিত।’ মুসা ইব্রাহীমের এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসস ও বিজ্ঞপ্তির।আরও অভিনন্দনবাংলাদেশের তরুণ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আরও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান ও সচিব মাহবুব আহমেদ।এ ছাড়া অভিনন্দন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট ও একই বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।