আজ শুক্রবার থেকে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হচ্ছে এভারেস্ট বিজয় বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের প্রদর্শনী। ‘এভারেস্ট চূড়ায় বাংলাদেশ’ শিরোনামের পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে এভারেস্ট অভিযানের সময় তাঁর নিজের ও সহযাত্রী পর্বতারোহীদের তোলা ৪৬টি আলোকচিত্র স্থান পাচ্ছে। এসব আলোকচিত্রে আছে মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের বিভিন্ন পর্যায়। আলোকচিত্র ছাড়া অভিযানে ব্যবহূত মুসা ইব্রাহীমের পোশাক, তাঁবু ও বিভিন্ন যন্ত্রপাতিও থাকবে এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে হিমালয় অঞ্চলের আবহাওয়ার আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমুখ। এই প্রদর্শনী চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত রাত নয়টা; শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে (রোববার বন্ধ)।প্রথম বাংলাদেশি হিসেবে চলতি বছরের ২৩ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন মুসা ইব্রাহীম। তাঁর এভারেস্ট বিজয় সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে ওরিয়ন গ্রুপ এবং ব্যবস্থাপনায় অ্যানেক্স কমিউনিকেশনস।