মুসা ইব্রাহীমের নাগরিক সংবর্ধনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে সবার পক্ষ থেকে আজ বিকেল চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিরা মুসাকে অভিনন্দন জানাবেন। পাশাপাশি থাকবে সংগীতায়োজন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানাবেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ আবুল মকসুদ, মুহম্মদ জাফর ইকবাল, আসাদুজ্জামান নূর, মাহফুজ আনাম, নাসির উদ্দীন ইউসুফ, ফরিদুর রেজা সাগরসহ বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করবেন সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরী। এ আয়োজনে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, মাহমুদুজ্জামান বাবু, শুভ্র দেব, আসিফ, মেহেরীনসহ অনেকে। এ আয়োজনে সহযোগিতা করছে নর্থ আলপাইন ক্লাব, ডেইলি স্টার, চ্যানেল আই, এবিসি রেডিও, প্রথম আলো বন্ধুসভা, তরুণ লেখক শিল্পী উদ্যোগ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও ছবির হাট। সর্বস্তরের মানুষকে এ আয়োজনে উপস্থিত থেকে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানানোর অনুরোধ করেছে মুসা ইব্রাহীম সংবর্ধনা পরিষদ।