মুসা যেভাবে উঠলেন এভারেস্টের চূড়ায়
‘প্রথম আলো ফুটছে। সূর্যের প্রথম রশ্মি এসে পড়ল এভারেস্টের চূড়ায়। ঠিক তখনই আমি এভারেস্টের মাথায়। আমার কী যে ভালো লাগল। এই আলো। এই আমার স্বপ্নপূরণ। ২৩ মের প্রথম আলোকরশ্মি এভারেস্টের চূড়ায় আমাকে স্বাগত জানাল।’তিব্বতের বেসক্যাম্পে মুসা ইব্রাহীম। আর আমি কাঠমান্ডুর মধুবন গেস্ট হাউসে। মুসা ইব্রাহীম গতকাল বুধবার সকালে ফিরে এসেছেন তিব্বতের পর্বতারোহণ কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিয়ে। আমি ফোনে তাঁকে অভিনন্দন জানিয়ে বললাম তাঁর পুরো যাত্রাটা আমাকে বর্ণনা করতে। তিনি বলতে শুরু করলেন।এপ্রিলের ১০ তারিখ, ২০১০। মুসা বিদায় নিলেন কাঠমান্ডু থেকে। কাঠমান্ডুর থামেলের মুক্তিনাথ হলিডের কমল আরিয়াল সব ব্যবস্থা করেই রেখেছিলেন। পাঁচজনের ভিসা করা হয়েছে চীনের দূতাবাস থেকে। এই পাঁচজন হলেন মুসা ইব্রাহীম, কৈলাশ তামাং, সোমবাহাদুর তামাং, লাকপা নুরু শেরপা আর জিরেল লাল বাহাদুর। মুসার পরনে সেদিন নিত্য উপহারের টি-শার্ট, তাতে জাতীয় পতাকার সবুজের মধ্যে লাল বৃত্ত, আর লেখা বাংলাদেশ।ভিসার ব্যবস্থা, শেরপা আর ট্যুর ব্যবস্থাপনার খুঁটিনাটি মুসা দীর্ঘদিন আগে থেকে করে রেখেছিলেন। টাকা জোগাড় হয়নি শেষতক। কিন্তু তিনি আয়োজনটা থেকে পিছপা হতে চাননি। তিনি যদি কিছু করার প্রতিজ্ঞা করেন, তা তিনি করেই ছাড়েন। ফেসবুকে এটা তাঁর ঘোষণা। ভিশন ২০১০, মিশন এভারেস্ট, ২০০২ সাল থেকে এটা তাঁর ঘোষিত লক্ষ্য। টাকা জোগাড় না হলেও তিনি তাঁর প্রবাসী বড় বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে তাঁকে জানিয়ে দিলেন, আপা, যাচ্ছি। গায়ে বাংলাদেশের পতাকাখচিত পোশাক। মুসা গাড়িতে উঠে পড়লেন। নেপাল-তিব্বত সীমান্তের জায়গাটার নাম তাতপানি। সেখানে তাঁরা সীমান্ত অতিক্রম করলেন। এখন আর তাঁরা নেপালে নয়, তিব্বতে। তিব্বতে তাঁরা রাত কাটালেন নাইলাম নামের একটা জায়গায়। এপ্রিলের ১২ তারিখটা রাত কাটালেন তিংরিতে। ফোর হুইল ড্রাইভ গাড়ি তাঁদের পৌঁছে দিল বেসক্যাম্পে। সেটা পাঁচ হাজার ২০০ মিটার উঁচুতে।১৪ এপ্রিল। বাংলাদেশে পালিত হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। বেসক্যাম্প থেকে মুসা আর তাঁর সঙ্গীরা শুরু করলেন এভারেস্ট অভিমুখে যাত্রা। শুভ যাত্রা।প্রথমে পাহাড়ি পথে যেতে হবে ১২ কিলোমিটার। চড়াই-উতরাই। মধ্যাকর্ষণের বিরুদ্ধে যাত্রা। মুসা এ কাজে নিজেকে প্রস্তুত করেছেন আগের আটটি বছর। একটার পর একটা প্রশিক্ষণ আর পর্বত অভিযানে অংশ নিয়েছেন। সর্বশেষ উঠেছেন অন্নপূর্ণায়। আট ঘণ্টা ক্রমাগত বন্ধুর পথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছালেন অন্তর্বর্তী ক্যাম্পে। সকালবেলা রওনা দিয়েছিলেন। পৌঁছালেন বিকেলে।সে এক অফলা জায়গা, পত্রপুষ্পশূন্য, ভীষণ শুকনো বাতাস, চারদিকে কোনো গাছপালা নেই। আট ঘণ্টা ক্রমাগত হেঁটেই মুসা অসুস্থ হয়ে পড়লেন। মাথাব্যথা ভীষণ। ১৮ এপ্রিল পর্যন্ত এই অন্তর্বর্তী ক্যাম্পে থাকলেন তাঁরা। ওখানে থাকতে হয় তাঁবুতে। সঙ্গের শেরপারা তাঁবু গাড়েন। রান্নাবান্না করার জন্যও লোক আছে ওই দলেই। খাওয়ার মধ্যে ভাত-ডাল-ডিম।মুসার শরীরটা খানিকটা ধাতস্থ হলো।পাহাড়ে ওঠার কতগুলো কষ্ট আছে। একটা হলো উুঁচ জায়গায় বায়ুর চাপ কম। শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময়, অভ্যস্ত না হলে, চোখ বেরিয়ে আসতে চায়, কান ফেটে যায়, নাকে রক্ত আসে। হেলিকপ্টারে এভারেস্টে গেলেও সবাই সেখানে টিকতে পারে না।১৮ এপ্রিল তাঁরা আবার রওনা হলেন। এবার মোটামুটি ১৮ জন অভিযাত্রী, বিভিন্ন দেশের। আর আছে শেরপারা।প্রচণ্ড শীত। গায়ে জ্যাকেট। পায়ে ভারী জুতা। সেই সব নিয়ে তাঁরা অ্যাডভান্সড বেসক্যাম্পে পৌঁছালেন। সেটা ছয় হাজার ৪৫০ মিটার উঁচুতে। আবার শরীরটাকে ধাতস্থ করতে হবে। এখানেও তাঁবু গাড়ল শেরপারা। এক তাঁবুতে দুজন করে থাকেন। এখানে ছয় দিন থাকলেন শুধু উচ্চতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য।আবার যাত্রা শুরু। ৫০০ মিটার উঁচুতে ওঠাও বড় কষ্ট। তুষারঢাকা খাড়া পথ। পায়ে সেই ধরনের জুতা। তাঁরা পৌঁছালেন সাত হাজার ১০০ মিটার উঁচুতে, নর্থকোলে। ওখানে রাত্রিবাস করলেন। আবার নেমে এলেন অ্যাডভান্স বেসক্যাম্পে। এভাবে একবার অ্যাডভান্স বেসক্যাম্প, একবার নর্থকোল করে খাপ খাইয়ে নিচ্ছেন শরীরটাকে। এর পরের ঘটনা শুনুন মুসার নিজের মুখে:‘৩ মে। প্রচণ্ড খারাপ আবহাওয়া সেদিন। তুষারঝড় হচ্ছে। ৯০ কিলোমিটার বেগে বাতাস বইছে। সারা রাত তুষারপাত হলো। আমাদের তাঁবুর ওপরে প্রায় দেড় ফুট তুষার জমল, এক রাতে। সকালে আমরা ওপরে ওঠার ভাবনা বাদ দিয়ে অ্যাডভান্স বেসক্যাম্পে নেমে এলাম। ৪ মে আমরা নিচে। তারপর কী করব? আবহাওয়ার রিপোর্ট চেক করে দেখলাম, আগামী এক সপ্তাহ আবহাওয়া খুবই খারাপ থাকবে। আমরা ঠিক করলাম, এই ওপরে থেকে শরীরের শক্তি ক্ষয় করার কোনো মানে হয় না। আমরা নিচে বেসক্যাম্পে নেমে এলাম ৫ মে। বেসক্যাম্পে থাকলাম প্রায় ছয় দিন। আবার অ্যাডভান্স বেসক্যাম্পের দিকে রওনা দিলাম। ১৩ মে পৌঁছলাম সেখানে। এর মধ্যে আমাদের শেরপারা ক্যাম্প টু ক্যাম্প থ্রিতে তাঁবু খাটিয়ে রেখে এসেছে। তখনো আবহাওয়া খুবই খারাপ। ১৪ মের দিকে চীনা শেরপাদের দল ক্যাম্প ৩ পর্যন্ত গিয়ে রুট বানিয়ে রেখে এসেছে। দড়ি পুঁতেছে। আট হাজার ৩০০ থেকে আট হাজার ৮০০ মিটার পর্যন্ত ওরা রুট ঠিকঠাক করেও ফেলে। আমরা একটু সিদ্ধান্তহীনতায় ছিলাম, আমরা কি চীনাদের অনুসরণ করব, নাকি আমাদের মতো করে যাব। আমাদের শেরপারা, আমাদের ট্যুর অপারেটরের নেতা, সবাই মিলে আমরা আলোচনায় বসলাম। আমরা ঠিক করলাম, ২০ মের দিকে রওনা হব। অ্যাডভান্স ক্যাম্প থেকে নর্থকোল, ক্যাম্প টু, ক্যাম্প থ্রিতে পৌঁছাব। আমাদের বাংলাদেশের আরেকজন ছিলেন এম এ মুহিত, তিনি ১৯ তারিখে রওনা দিয়ে দিলেন। ঠিক করলাম, আমিও ১৯ তারিখেই রওনা দেব।’তারপর মুসা আবার রওনা হলেন অ্যাডভান্স ক্যাম্প থেকে। সেদিন প্রচণ্ড ঝড় হচ্ছে। নর্থকোলে দু-তিনটা তাঁবু উড়িয়ে নিয়ে গেছে বাতাস। ভেঙে গেছে ১২টা তাঁবু, একেবারেই নিশ্চিহ্ন। এখন কী করবেন মুসা আর শেরপারা? মনে হচ্ছে মৌসুমি দুর্যোগ শুরু হলো। আকাশে মেঘ। হোয়াইট আউট। প্রচণ্ড ঠান্ডা। শুনুন মুসার মুখে:‘নর্থকোলে থাকলাম ১৯ তারিখ রাতে। ঠিক করলাম ২০ মে দেখব। তারপর আবহাওয়া খারাপ থাকলে নেমে যাব আর ভালো থাকলে উঠব। জানি না মুহিতদের দলের কী হলো। ওরা নেমে গেল ২১ মে। পরে শুনেছি, ওদের শেরপারা আবহাওয়া খারাপ দেখে সিদ্ধান্ত নেয় যে এই যাত্রা ওপরে ওঠার চেষ্টা করা নিরাপদ নয়।’২১ মে সকাল নয়টা। মুসা বললেন, আল্লাহর রহমতে আবহাওয়া ভালো হতে লাগল। মুসা আর শেরপারা ক্যাম্প-২-এর দিকে রওনা দিলেন। হিমবাহ ছিল। হিমবাহর ওপর দিয়ে যাওয়া। শেষের দিকে পাথর। খাওয়ার অবস্থা খুব খারাপ। বরফ গলিয়ে পানি খাওয়া। চা, চিঁড়া, চকলেট। এর বাইরে কোনো খাওয়া নেই। শুনুন মুসার মুখে:‘ক্যাম্প টুতে আমরা থাকলাম চারজন একই তাঁবুতে। সাত হাজার ৭০০ ফুট উঁচুতে, প্রচণ্ড শীত। মাইনাস টোয়েন্টি। ২২ মে ভোর পাঁচটায় শেরপারা আমাকে ঘুম থেকে জাগাল। তারা বলল, তুমি বুট পরো, আর যা যা পরার পরো, কিন্তু এত ঠান্ডা যে আমি বললাম, আমি পরতে পারছি না। বুট পরার পরে হাত ঠান্ডায় অবশ হয়ে গেছে। তুমি আমাকে ক্র্যাম্পুন ও হারনেস পরতে সাহায্য করো। ওরা ক্ষেপে গেল। তুমি ঠান্ডা সহ্য করতে পার না, তুমি পাহাড়ে উঠবে? তারপর ওরা সাহায্য করল। আমরা রওনা হলাম। আমার হাঁটার গতি কিন্তু ভালো ছিল। উৎসাহিত ছিলাম। দুপুর দুইটার দিকে ক্যাম্প থ্রিতে গিয়ে পৌঁছলাম।‘২২ মে রাত আটটা। আমরা আবার রওনা হব। এর আগে অন্নপূর্ণা অভিযানে আমি ভোররাতে পাহাড়ে উঠেছি। কিন্তু রাত আটটায়? মাথার সঙ্গে টর্চ বাঁধা। সারা শরীর জ্যাকেট ইত্যাদিতে ঢাকা। আর এক পরত করে কাপড় চাপালাম। বিশেষ মোজা পরলাম। জুতা। তবে রাতের বেলা ওই পর্বতে শুরু হলো আলোর মিছিল। আরও ৫০-৬০ জন রওনা হচ্ছে। সবার কপালে টর্চ। আকাশে অর্ধেক চাঁদ। কিন্তু সেই আলোয় নয়, শুধু মাথার ওপরের টর্চের আলোয় যতটুকু দেখছি, ততটুকু পথ চলছি। ভাগ্যিস আর কিছু দেখি নাই। যদি দেখতাম, তাহলে ওই খাড়া দেয়ালের মতো পাহাড় বাইতে গিয়ে, তার নিচের অতল খাদের দিকে তাকাতে হলে আমি বোধ হয় ভয়েই আর উঠতে পারতাম না।’এর মধ্যে মুসা ইব্রাহীমেরা পাহাড় বাইছেন। তিন-চার ঘণ্টা পরে গিয়ে দেখতে পেলেন একটা মানুষের লাশ পড়ে আছে। তিনি বলছেন, ‘এর আগে আমি কখনো লাশ দেখিনি। লাশ দেখে খুব ভয় পেয়ে গেলাম। সর্বনাশ। এই জায়গায় এ অবস্থা হয় তা জানতাম, কিন্তু আমারও কি এই অবস্থা হবে? বেশ ওপরে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের চূড়ায় উঠতে একটা মই বাইতে হয়। সেটা পার হলাম। তারপর প্রায় ৩০ ফুট খাড়া। পাথুরে দেয়াল পেরুতে হয়। আর মাত্র অল্প পথ। এখানে এসে আমার অক্সিজেন-যন্ত্রের পাইপ ফুটো হয়ে অক্সিজেন বেরিয়ে যেতে লাগল। আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। বোধ হয় আমি মরেই যাচ্ছি। মৃত্যুযন্ত্রণা কাকে বলে আমি বুঝছি। শেরপারা টের পেয়ে যন্ত্রের ফুটো সারিয়ে ফেলল। প্রায় ৩০ সেকেন্ড আমি অক্সিজেন-যন্ত্র ছাড়াই ছিলাম। আমি হাপরের মতো করছিলাম। তারপর যন্ত্র সেরে গেলে আবার আমি অক্সিজেন টেনে নিলাম বুকের ভেতরে। আমি জীবন ফিরে পেলাম। আট হাজার ৬০০ ফুট পাড়ি দিয়েছি। আর মাত্র ২৪৮ ফুট। একটা শেষ খাড়াই পার হওয়ার পরে শেরপারা বলল, মুসা, এরপর মোটামুটি সমান জায়গায় পথ চলা। আর তেমন কষ্ট নাই। সেই জায়গাটায় উঠে আমার মনে হলো, যাক। উঠতে পারলাম তাহলে। হাঁটছি। ঠিক তখনই ২৩ মের ভোরের সূর্য তার কিরণ ফেলল এভারেস্টের চূড়ায়। প্রথম আলো গায়ে মেখে আমি এভারেস্টের চূড়ায় উঠে গেছি। আমার কী যে ভালো লাগল! ফার্স্ট লাইট। প্রথম আলো। আমি যে একটা স্বপ্ন দেখেছিলাম, আমি যে একটা লক্ষ্য স্থির করেছিলাম, সেটা পূরণ হলো।‘আমি ধন্যবাদ জানালাম শেরপাদের। ওরা আমাকে জানাল অভিনন্দন। বাংলাদেশের পতাকা বের করলাম। এই লাল-সবুজ পতাকাটা ওড়াব বলেই তো জীবনের এই ঝুঁকি নেওয়া। তারপর প্রথম আলো আর ডেইলি স্টার-এর ব্যানার বের করে ছবি তুললাম। স্পনসরদের লোগো নিয়েও ছবি তুললাম।‘মিনিট ২৫ ছিলাম এভারেস্টের একেবারে চূড়ায়। তারপর নামার পালা। দিনের আলো ঝকঝক করছে। এবার নিচে তাকিয়ে বলে উঠলাম, সর্বনাশ, কোন ভয়ংকর বিপজ্জনক জায়গায় আমি উঠেছি। রাতের বেলা তো কিছু টের পাইনি। এবার টের পাচ্ছি।‘নামছি। এদিকে আমার শরীরের শক্তি কমে আসছে। খাওয়া নাই। পানিও নাই। আমার শরীর আর চলছে না। আমি আর পারছি না। আমি বসে পড়লাম। শেরপা বলল, তুমি যদি এ রকম করো, আমরা তোমাকে ফেলে রেখে চলে যাব। আমাদের তো আরও কাজ আছে। আমি বললাম, একটু পানি দাও। বরফ গরম করো। ওরা বলল, না এখানে থামা যাবে না।’মুসা তাকিয়ে দেখলেন আশপাশে বেশ কিছু মানুষের লাশ পড়ে আছে। তাঁর মনে হলো, এভারেস্টে ওঠা হলো। নামাটা বুঝি হলো না। মৃত্যু এখানেই লেখা আছে তাঁর। ওই লাশগুলোর পাশে তাঁকেও শুয়ে থাকতে হবে লাশ হয়ে। বরফে লাশ পড়ে রইবে বহু বছর। পচবে না। (বাকি অংশ আগামীকাল)