মুসা-সরাবন ৩৪ মিনিট
‘মুসার সঙ্গে কথা বলার প্রস্তুতি হিসেবে গতকাল সন্ধ্যায় মোবাইল ফোনে ১৫০০ টাকা লোড করেছি। ছেলেটার (ওয়াসি) জ্বর কমেছে, তবে সর্দি-ঠান্ডা আছে। কান্নাকাটি করছিল। তাই ওকে অন্য ঘরে পাঠালাম। সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রথম মুসার কণ্ঠ শুনলাম। সংযোগ কেটে যাচ্ছিল। দফায় দফায় প্রায় ৩৪ মিনিট কথা বলেছি।’বললেন উম্মে সরাবন তহুরা, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের স্ত্রী। ময়মনসিংহ জেলা আদালতের যিনি সহকারী জজ। প্রথমে মুসা কী বলল? কার কথা জিজ্ঞেস করল?মুসা বরাবরই কূটনৈতিক আচরণে ভালো। বলল, ‘তোমরা কেমন আছ?’ছেলের কথা কী বলল?ওই ‘তোমরার’ মধ্যে। তবে ৩৪ মিনিটের মধ্যে আমি ৩০ মিনিটই বর্ণনা করলাম গত দুই দিনের বাংলাদেশের চিত্র। বললাম, মুসা, তুমি এলে দেখবে, গত দুই দিনে বাংলাদেশের গণমাধ্যমে তোমাকে নিয়ে কত খবর, কত ছবি, কত অভিনন্দন ছেপেছে। প্রথম আলোতে পর পর দুই দিন তুমি হচ্ছো প্রধান শিরোনাম। যেনতেন শিরোনাম না, বড় বড় ছবি দিয়ে অর্ধেক পাতাজুড়ে।মুসার প্রতিক্রিয়া কী?বলল, ‘তাই নাকি? আমি এমন কিছু করেছি!’ মুসা খুব ক্লান্ত। ১৯ মে থেকে এ পর্যন্ত খাওয়ার খুব কষ্ট হয়েছে। তাই ক্লান্তিও বেশি।একেবারে এভারেস্টের চূড়ায় উঠে মুসার অনুভূতিটা কী ছিল, বলল কিছু?বলল, শীর্ষে ওঠার পর আনন্দ অনুভূতি তো আছেই, কিন্তু শরীর এতই ক্লান্ত ছিল, যেন নামার শক্তি নেই। তখন নাকি আবার ভেবেছে, ‘তোমাদের’ জন্য আমাকে নেমে আসতেই হবে।কবে কাঠমান্ডু আসবে?২৯ বা ৩০ তারিখে। বুধবার (আজ) বিশ্রাম নেবে। তারপর আগামী মাসের ২ বা ৩ তারিখে ঢাকায় আসবে।মুসার সঙ্গে কত দিন পর কথা হলো?১০ এপ্রিল সর্বশেষ কথা বলতে পেরেছিলাম।এখন কেমন লাগছে?এত দিনের উত্কণ্ঠা আর নানা দুশ্চিন্তার পর আজ মনে হয় একটু ঘুম হবে।এখন কী করবেন?খবরটা মুসার মা, বাবা, বোনকে জানাব। কিন্তু ওর সঙ্গে কথা বলতে গিয়ে মোবাইলের টাকা শেষ। অফিস সহকারীকে বলেছি টাকা লোড করে (ভরে) দিতে।তার মানে, ১৫০০ টাকার কথা হলো? (হাসতে হাসতে) তাই তো দেখছি।