মুহসীন হলে সংঘর্ষের ঘটনায় ১০ জন সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে নিজ সংগঠনের কর্মীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ঘটনায় গতকাল বুধবার ১০ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার রাতে তাঁদের বিরুদ্ধেই মামলা করেছিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার কারণে প্রাথমিক তথ্য অনুযায়ী তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল আইন ও উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের কেন বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। চূড়ান্ত তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কৃত ছাত্রদের মধ্যে যাঁরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে গেছেন, তাঁদের সনদ বাতিল করা হবে বলে জানান তিনি। সাময়িক বহিষ্কৃত ছাত্ররা হলেন ছাত্রলীগের স্থগিতকৃত মুহসীন হল কমিটির সভাপতি শেখ মুহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, হল শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম, আইন বিভাগের মাঈনুল ইসলাম, সমাজকল্যাণ ইনস্টিটিউটের সোহাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবু বক্কর সিদ্দিকী রাহাত, ফাইন্যান্স বিভাগের মিনহাজউদ্দীন, সংস্কৃত বিভাগের হান্নান তালুকদার, লোকপ্রশাসন তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী ও আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান।এদিকে মঙ্গলবার মধ্যরাতে হল প্রশাসনের উপস্থিতিতে রাত সোয়া দুইটার দিকে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ৫০ জন পুলিশ প্রায় তিন ঘণ্টা হলের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। এ সময় তিনটি দা, চারটি চাপাতি ও ৫০-৬০টি রড উদ্ধার করা হয়েছে।সংঘর্ষের পর হলে গতকালও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নতুন করে সংঘর্ষের ঘটনা এড়াতে হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।