মুহিতকে নেপালের বাংলাদেশ দূতাবাস সংবর্ধনা দেবে কাল
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী মোহাম্মদ আবদুল মুহিতকে (৪১) আগামীকাল শুক্রবার সংবর্ধনা দেবে নেপালের বাংলাদেশ দূতাবাস। কাল বিকেল চারটায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে মুহিত ছাড়াও অভিযানে থাকা তাঁর শেরপারা উপস্থিত থাকবেন। নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। এম এ মুহিত আজ বৃহস্পতিবার বিকেলে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘দূতাবাস থেকে আজ বিকেলে ফোন করে আমাকে শুক্রবারের অনুষ্ঠানের কথা জানানো হয়। দূতাবাস আমার সঙ্গে থাকা শেরপাদেরও সংবর্ধনা দেবে।’ মুহিত জানান, আজ সারা দিন ঘুম আর বিশ্রামে কেটেছে তাঁর। মুহিত বাংলা মাউন্টেনিয়ারিং ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। এই ক্লাবের সভাপতি ইনাম আল হক। মুহিত আরও বলেন, ‘এভারেস্টে ওঠার পর সবার আগে মনে পড়ছিল ইনাম আল হকের মুখ। তিনি আমার গুরু। ১৯৭০ সালে আমার জন্ম। কিন্তু ১৯৯৭ সালে ইনাম আল হকের সঙ্গে পরিচয় হওয়ার পর যেন আমার নতুন জন্ম হয়েছে। তিনি বুঝতে পারেন একজন মানুষের কোন গুণ আছে। কোনটি বের করে আনতে হবে। এভারেস্টে ওঠার জন্য মানসিক শক্তিই বড় শক্তি। এটি কীভাবে অর্জন করতে হয়, তা ইনাম ভাই আমাকে শিখিয়েছেন।’ গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ বছরের ২১ মে এভারেস্ট জয় করলেন। আগামী রোববার বা সোমবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।