মুহুর্মুহু গুলি-বোমা বিস্ফোরণের পর যশোরে ছাত্রলীগের সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে গতকাল শনিবার রাতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলিবর্ষণের পর জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবসহ (৫০) সাত-আটজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের দড়াটানা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শুরু হয় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। রাত সাড়ে আটটার দিকে ভোট চলাকালে কেন্দ্রের বাইরে ছাত্রলীগের এক পক্ষ স্লোগান দেওয়া শুরু করে। এ সময় ছাত্রলীগের দুই পক্ষ সাংসদ খালেদুর রহমান সমর্থক মহিউদ্দিন-এসএম হালিম বিশ্বাস ও শাহিন চাকলাদার সমর্থক লুত্ফুল কবির-ফয়সাল খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকালে ২০-২২টি বোমার বিস্ফোরণ ও বিপুলসংখ্যক গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। রাত সাড়ে নয়টার দিকে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মিরাজ (২৫), কাঞ্চন (৪৫) ও রফিকুল (২০) নামের তিন ব্যক্তি সেখানে ভর্তি হয়েছেন। সভাপতি প্রার্থী লুত্ফুল কবির বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনে আমাকে রুখে দিতে জেলা যুবলীগের শীর্ষস্থানীয় এক নেতার নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’ হামলার আগ পর্যন্ত যত ভোট পড়েছে, সেগুলো গণনা করে ফল ঘোষণার দাবি জানান লুত্ফুল। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও অপর সভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদের মুঠোফোনটির সংযোগ পাওয়া যায়নি।জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সুখেন মজুমদার জানান, সংঘর্ষের পর সম্মেলনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বেগ জানান, সংঘর্ষের ঘটনায় তিনিসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এর মধ্যে উপপরিদর্শক ফরিদুল ইসলাম ও কনস্টেবল ইলিয়াস খানকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের পুলিশ সুপার দিদার আহমেদ গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে আসার সময় শহরের কালেক্টরেট মার্কেটের পাশে সিটি কলেজ শাখা ছাত্রলীগের নেতা আরিফ হোসেন ও রাজু আহমেদ ছুরিকাহত হন। তাঁদের কারা ছুরি মেরেছে তা জানা যায়নি। জানা যায়, সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিয়াকত শিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ বিএম মোজাম্মেল হক।উপস্থিত ছিলেন, সাংসদ খালেদুর রহমান ও খান টিপু সুলতান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার প্রমুখ।