মুড়িতে সচ্ছল ভাটি জামালগড়
হাওরপারের গ্রামগুলোতে বসবাসকারী লোকজনের পেশা একফসলি বোরো ধান উৎপাদন ও হাওরে মাছ ধরা। সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওরপারের পাঁচ শতাধিক গ্রামের মধ্যে হাতেগোনা কয়েকটি গ্রামের লোকজন বিকল্প পেশা হিসেবে অন্য কোনো কাজ করছে। এরই একটি তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি জামালগড়। গ্রামটির শতাধিক পরিবারের অধিকাংশই প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে মুড়ি তৈরি। এ মুড়ি বেচেই পরিবারগুলোর সচ্ছলতা এসেছে। আর এসব মুড়ি তৈরি ও বেচার সব কাজই করছেন গ্রামটির নারীরা। ১৫ বছরে গ্রামটিতে এ পরিবর্তন এসেছে। ৬ আগস্ট গ্রামটিতে ঘুরে দেখা যায়, রমজান মাস সামনে রেখে নারীরা মুড়ি তৈরি ও বেচা নিয়ে ব্যস্ত আছেন। তাঁদের বসতঘরেই চলে এ মুড়ি তৈরি ও বেচা। আবার অনেক নারী বাড়ি বাড়ি ঘুরেও মুড়ি বেচেন। এ কাজে পুরুষদের তেমন কোনো প্রয়োজন পড়ে না। তবে প্রয়োজনে সহযোগিতা করে থাকেন। গ্রামটির অবস্থা: ১৫ বছর আগেও গ্রামটির শতকরা ৯০ ভাগ লোকই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। ঘরগুলো ছিল ছনের ছাউনি। অভাবের কারণে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে মাছ ধরাসহ পরিবারের নানা কাজে লাগিয়ে রাখতেন। আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় পুরুষেরা এখন জমি বর্গা নিয়ে ২০০ থেকে আড়াই শ মণ ধান পর্যন্ত পাচ্ছেন। গ্রামের সব ঘরই টিনের ছাউনি। সিমেন্ট, কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে শক্ত করে তৈরি। অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠান। সুচিত্রা বর্মণের পরিবার এখন বোরো ধান পায় আড়াই শ মণ। গরু আছে পাঁচটি। সঞ্চবনি বর্মণ (৩৫), সবিতা বর্মণ (৩২), কাননবালা বর্মণ (৩০), ষষ্ঠী বর্মণ (৪০), স্মৃতি বর্মণ (৩২), চম্পা বর্মণ (৫০), অমৃত বর্মণসহ (৪০) গ্রামের অনেক পরিবারই এখন সচ্ছলতার মুখ দেখেছে। সুচিত্রা বর্মণ বলেন, ‘এককালে উপোস ছিল নিত্যসঙ্গী। এখন এসব অতীত। স্বামী, ছেলে, মেয়ে নিয়ে সুখেই আছি। ঘরে ভাতের অভাব নেই।’হাতে ভাজা ভেজালহীন সুস্বাদু মুড়ি: বালু দিয়ে হাতে ভাজা এ মুড়ি সুস্বাদু। এতে কোনো ভেজাল নেই। ক্রেতাদের সামনেই তৈরি করা হয়। বাজারে মেশিনে ভাজা বিভিন্ন ভেজাল মুড়ির ভিড়ে এ মুড়ির চাহিদা বেশি। তাহিরপুর বাজারের মুড়ি ব্যবসায়ী সুষেণ চন্দ জানান, ভেজালহীন সুস্বাদু এ মুড়ি ‘জামালগড়ের মুড়ি’ নামে পরিচিত। ক্রেতারা কেজিতে পাঁচ টাকা বেশি দিয়ে হলেও এ মুড়ি কিনতে চান।শুরুর কথা: গ্রামের নিবারণ (৬৫) বর্মণ সারা দিন হাওরে মাছ ধরে সেগুলো বিক্রি করে পরিবার চালাতেন। যে দিন মাছ ধরতে পারেননি, সে দিন বউ-সন্তান নিয়ে উপোস করেছেন। ১৯৯৫ সালে হঠাৎ অসুস্থ হলে ছেলেমেয়ে নিয়ে বিপাকে পড়েন নিবারণ বর্মণ। এ সময় বাপের বাড়ির পরামর্শে সুচিত্রা বর্মণ (৫৫) (নিবারণের স্ত্রী) ১৯৯৫ সালের শীতে শুরু করেন মুড়ি তৈরি ও বেচা। সময়টা শীত হওয়ায় মুড়ির চাহিদা ছিল বেশি। তবে প্রচার না থাকায় সে সময় বাড়ি বাড়ি ঘুরে নিজেই মুড়ি বিক্রি করতেন সুচিত্রা বর্মণ। প্রথম বছরেই ভালো লাভ হয়। আর এ থেকেই শুরু হয় তাঁর মুড়ি ব্যবসা। এখন তাঁর পথ ধরে গ্রামের ৬০টি পরিবারই এ ব্যবসার সঙ্গে জড়িত। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা প্রতিদিনই মুড়ি কিনতে গ্রামটিতে আসেন। একজন দৈনিক গড়ে দেড় থেকে দুই হাজার টাকার মুড়ি বিক্রি করে থাকেন। তবে শীতকাল ও রমজানে বিক্রি বেড়ে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। শুরুতে মুড়ির কেজি পাঁচ টাকা হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।সমস্যা: গ্রামটিতে আসার জন্য সড়কপথ না থাকায় অনেক ক্রেতা আসতে চান না। তাঁদেরও মুড়ির চাল ও জ্বালানি আনতে দুর্ভোগ পোহাতে হয়। তাই তাহিরপুর-বাদাঘাট সড়ক থেকে ভাটি জামালগড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা করে নিলে তাদের যোগাযোগের বিড়ম্বনা কিছুটা কমবে। তা ছাড়া সরকার যদি সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে, তবে তাঁদের এ ব্যবসার পরিধি বাড়বে। নিজেদেরও আরও উন্নতি হবে।স্বাবলম্বী নারী: টাকা রোজগারের কারণে ভাটি জামালগড় গ্রামের নারীরা স্বাবলম্বী। পরিবারের সবকিছুতেই তাঁদের প্রাধান্য বেশি। স্বামীরা তাঁদের সম্মানের চোখে দেখেন। নারী নির্যাতন না থাকায় পারিবারিক অশান্তিও নেই বলে জানিয়েছেন জামালগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ বর্মণ।জনপ্রতিনিধি ও ইউএনওর বক্তব্য: তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, জামালগড় গ্রামের নারীরা দেখিয়েছেন চেষ্টা করলে পরিবর্তন সম্ভব। এ কারণেই অবহেলিত এ গ্রামটি হাওরপারের প্রচলিত কাজের বাইরে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছেন। পুরুষেরা যা পারেননি, নারীরা তা পেরেছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বিল্লাল আমিন বলেন, যারা আগে দুবেলা ভাতের জোগাড় করতে পারেনি, এখন গ্রামের নারীদের চেষ্টায় মুড়ি বিক্রির আয় দিয়ে জমি করে ধান পান ২০০ থেকে আড়াই শ মণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘হাওরপারের গ্রামগুলোতে বিকল্প কর্মসংস্থান কম। এখানে কাজ মানেই বোরো ধানের উৎপাদন ও হাওরে মাছ ধরা। নারীদের সরাসরি অর্থ রোজগারের কাজে অংশগ্রহণ আরও কম। সে ক্ষেত্রে হাওরপারের এ গ্রামটি একটি উদাহরণ। তাদের সমস্যাগুলো সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব।’