মূত্রত্যাগী দুই মার্কিন সেনা শনাক্ত (ভিডিও)
আফগানিস্তানে মৃত তালেবান জঙ্গিদের লাশকে অবমাননা করে মূত্রত্যাগী সেই চার মার্কিন মেরিন সেনার মধ্যে দুজনকে শনাক্ত করেছে মার্কিন মেরিন সেনা কর্তৃপক্ষ। একজন মেরিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।মেরিন কর্তৃপক্ষ ওই অপরাধ তদন্তে একটি কমিটি গঠন করে এবং তারা ঘটনাটি অনুসন্ধান করে। এর আগে মার্কিন ও আফগান সরকার ভিডিওচিত্রটির নিন্দা জানায়। তালেবান গোষ্ঠীরাও ভিডিওচিত্রটির নিন্দা জানায়। কিন্তু তারা বলেছে, এ ঘটনা শান্তি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না। কে বা কারা ওই ভিডিওচিত্র ধারণ করেছিল, তা জানা যায়নি। কিন্তু বিবিসির সংবাদদাতারা বলছেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়েছে, ভিডিওচিত্রটি সত্য।
বিবিসির সংবাদদাতা স্টিভ কিংস্টন বলেন, ওই মেরিন সেনারা কোন দায়িত্ব পালন করছেন, মার্কিন কর্মকর্তারা তা নিশ্চিত করেননি। তবে আফগানিস্তানে যাওয়ার আগে ওই মেরিন সেনারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার লেজিউন ক্যাম্পে কর্মরত ছিলেন। সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সদস্যদের নিয়ে ওই ক্যাম্পটি গঠিত।সিএনএনের খবরে বলা হয়, মেরিন সেনাদের ওই ইউনিট দ্বিতীয় মেরিন রেজিমেন্টের তৃতীয় ব্যাটালিয়নের অন্তর্গত ছিল। ২০১১ সালের শুরুর দিকে এই ইউনিটকে আফগানিস্তানে পাঠানো হয়েছিল এবং ওই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে ইউনিটটি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়।এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা মেরিন সেনা কর্তৃপক্ষ ও কাবুলভিত্তিক ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্সকে এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেন। পেন্টাগন সূত্র নিশ্চিত করেছে, ওই ভিডিওচিত্র দেখার পর প্যানেট্টা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হামিদ কারজাই ওই ন্যক্কারজনক ঘটনায় জড়িত মার্কিন সেনাদের কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।