মূর্তিগুলো হেঁটেছিল! (ভিডিও)
দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের হতবুদ্ধি করে রেখেছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইস্টার আইল্যান্ডের মূর্তিগুলো। মোয়াই নামে পরিচিত এই বিশালাকৃতি পাথরের মূর্তিগুলো কীভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনা হয়েছিল, তা একটা রহস্য হয়েই ছিল অনেক দিন ধরে। তবে সম্প্রতি এই রহস্যের সমাধান পাওয়া গেছে বলে দাবি করেছেন একটি গবেষক দল। তাদের মতে মূর্তিগুলো এসেছিল নাচতে নাচতে!ইস্টার আইল্যান্ডকে বিবেচনা করা হয় দুনিয়ার প্রধানতম জনবিচ্ছিন্ন আবাসস্থল হিসেবে। দুর্গম এই জায়গায় পাওয়া গেছে ৮৮৭টি বিশালাকৃতির পাথর মূর্তি। সবচেয়ে দীর্ঘদেহী মূর্তির উচ্চতা প্রায় ৩৩ ফুট। আর ‘পারো’ নামের এই মূর্তিটির ওজন ৮২ টন। সবচেয়ে ভারী মূর্তিটির ওজন ৮৬ টন। আরও একটি অসমাপ্ত মূর্তির সন্ধান পাওয়া গেছে, যেটি সম্পূর্ণ হলে তার উচ্চতা হতে পারত ৬৯ ফুট আর ওজন ২৭০ টন। ১২৫০ থেকে ১৫০০ সালের মধ্যে এই মূর্তিগুলো বানানো হয়েছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। তবে কীভাবে এই বিশালাকৃতির মূর্তিগুলোকে প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে নিয়ে আসা হয়েছিল সেটা একটা বিস্ময় হিসেবেই ছিল এত দিন। নিশ্চিতভাবেই ইস্টার আইল্যান্ডের আদিবাসীদের কাছে চাকা, ক্রেন বা বড় কোনো পশুর সাহায্য নেওয়ারও সুযোগ ছিল না। এটা তারা করেছিল নিজেরাই। আর কীভাবে ইস্টার আইল্যান্ডের মূর্তি কারিগরেরা এই আপাত অসম্ভব কাজটা বাস্তবে সম্পন্ন করেছিলেন, সেটা নিয়ে বিভ্রান্ত হয়ে ছিলেন বিজ্ঞানীরা।
এর আগে মোটামুটি প্রতিষ্ঠিত একটা সমাধান ছিল যে, গাছের গুঁড়ি, দড়ি ইত্যাদির সাহায্যে মূর্তিগুলো টেনে আনা হয়েছিল। তবে সেটা যে কী পরিমাণ কষ্টসাধ্য কাজ, তা অনুমান করতে অসুবিধা হয় না। এমনকি অনেকেই খুব জোরের সঙ্গে বিশ্বাস করেন যে এই মূর্তিগুলোর পেছনে ভিনগ্রহের প্রাণীদের সংযোগ আছে। অন্য গ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কাজগুলো করেছিল। তবে নতুন একটা সমাধান নিয়ে এসেছেন হাওয়াই ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক। তাঁদের মতে, ইস্টার আইল্যান্ডের আদিবাসীরা মূর্তিগুলোর তিন দিকে দড়ি বেঁধে একটি বিশেষ কায়দায় সেগুলোকে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল। অনেকটা নাচের ভঙ্গিতে।গত বছর ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থায়নে করা এই গবেষণা থেকে দেখা যায় যে বিশালাকৃতির মূর্তিগুলোর তিন দিকে দড়ি বেঁধে সেটাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। অবশ্য কাজটা যারা করবে তাদের কিছুটা দক্ষতা ও অভ্যাস থাকাও অপরিহার্য। এই ধারণার সঙ্গে একমতও পোষণ করেছে ইস্টার আইল্যান্ডের আদিবাসী রাপানুইরা। তাঁদের কাছে জবাবটা খুব পরিষ্কার। ২৫ বছর বয়সী সুরি টুকির ভাষায়, ‘আমরা সত্যটা জানি। মূর্তিগুলো হেঁটেছিল।’—ন্যাশনাল জিওগ্রাফিক