মূল আসামি ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের নথিতে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে হত্যাচেষ্টার ঘটনায় ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগপত্রে পলাতক বলে কথিত তিন আসামিই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে পরিতোষ কুমার বিশ্বাস, হান্নান মোল্লা, মনিরুল ইসলাম, জাহিদ শেখ, আজিজুর শেখ, আমিনউদ্দিন ও মো. সাগর জামিনে আছেন। আর সুফিয়ান ফকির, মো. শাহিন ও ইয়াছিন আলী পলাতক।এদিকে অভয়নগরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ‘পলাতক’ তিন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সুফিয়ান ফকিরকে গত বুধবার সকালেও অভয়নগরের ধোপাদী বাজারে ঘুরে বেড়াতে দেখেছেন এলাকাবাসী। এই সুফিয়ানের নেতৃত্বেই গত ২৮ মার্চ মাসুদ আলমের ওপর হামলা হয়েছিল।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, পুলিশ সুফিয়ানসহ তিন পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে। তিন আসামি মাঝেমধ্যে এলাকায় এসে থাকলেও বেশিক্ষণ থাকেন না। ওসি দাবি করেন, সুফিয়ান এলাকায় আছেন শুনে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। ধোপাদী এলাকাটি উপজেলা সদর থেকে যথেষ্ট দূরে বলে পুলিশ পৌঁছার আগেই পালিয়ে যান আসামিরা।ঘটনার দিন মাসুদ এস টি স্কুল অ্যান্ড কলেজ থেকে অভয়নগর উপজেলা সদরে যাওয়ার জন্য ইজিবাইকে রওনা দিলে পথে সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুরবটতলা নামক স্থানে সুফিয়ান ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা মাসুদকে ইজিবাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করে। এতে মাসুদের শরীরের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং বাঁ হাত ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ মাসে তিনি ভারতের ভেলর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সী আবু কুদ্দুছের জমা দেওয়া অভিযোগপত্রে হামলায় নেতৃত্বদানকারী হিসেবে সুফিয়ানের নাম রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সুফিয়ান মামলার প্রধান আসামি সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসের নির্দেশে মাসুদের ওপর হামলা করেন। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পের নামে দুর্নীতি নিয়ে প্রথম আলোয় একটি বিশেষ প্রতিবেদন করার কারণে ইউপি চেয়ারম্যান এর আগে মাসুদকে হুমকিও দেন। মাসুদের ওপর হামলার সময় সুফিয়ান উচ্চ স্বরে বলেছিলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে খবর প্রকাশের সাধ মিটিয়ে দেব।’অভয়নগর থানার ওসি বলেন, সুফিয়ান শুধু মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার আসামিই নন। অভয়নগরের যুবলীগ কর্মী হুমায়ুন কবীর ওরফে খোকন হত্যাকাণ্ডের ব্যাপারে ২০১১ সালের ১১ নভেম্বর অভয়নগর থানায় দায়ের করা একটি মামলাসহ আরও কিছু মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফেরারি আসামি এবং সুফিয়ান একজন ভাড়াটে সন্ত্রাসী।অভিযোগপত্রে বলা হয়েছে, মাসুদ আলমকে মেরে ফেলার জন্য সুফিয়ানকে ভাড়া করেন পরিতোষ। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, একসময় আত্মগোপনে থাকা রাজনৈতিক দলগুলোর একটি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি করতেন পরিতোষ। গোপন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় পরিতোষ একটি হত্যা মামলায়ও জড়িয়ে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ১৯৯৯ সালের ১৬ ডিসেম্বর। ওই দিন অভয়নগর উপজেলা যুবদলের সহসভাপতি ইকরাম খুন হন মনিরামপুর উপজেলার দিগঙ্গা গ্রামে। ইকরাম হত্যার ঘটনায় পরিতোষ ছিলেন অভিযোগপত্রভুক্ত আসামি। পরে পরিতোষ যোগ দেন জাতীয় পার্টিতে। এরপর বিএনপির সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর যশোর-৬ (অভয়নগর ও কেশবপুর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। বর্তমানে পরিতোষ সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।পরিতোষ ও সুফিয়ানের যোগাযোগের ক্ষেত্রে রিপন বিশ্বাস নামে পরিতোষের একান্ত বিশ্বাসভাজন এক যুবক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। রিপন বিশ্বাসের ভূমিকা গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু কুদ্দুছকে অবহিত করার পরও অভিযুক্তদের মধ্যে নাম আসেনি রিপনের। মাসুদের ওপর হামলাকারীদের আরও দুজন আনিস সর্দার ও আমিনুর সর্দারের নামও বাদ পড়েছে।জানতে চাওয়া হলে তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্তে যা পেয়েছেন, তা-ই তিনি অভিযোগপত্রে তুলে দিয়েছেন। তবে যশোরের বিশিষ্ট আইনজীবী শরীফুল আলম বলেন, বাদীপক্ষ চাইলে বিচার শুরু হওয়ার পর আদালতে বাদ পড়া ওই তিন ব্যক্তির নাম বলে ব্যবস্থা নিতে পারবেন। মাসুদের ওপর হামলার পরদিন তাঁর বড় ভাই শেখ নূর আলম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। প্রথমে অভয়নগর থানার পুলিশ মামলাটি তদন্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় ঘটনার এক মাস পর ২৮ এপ্রিল মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত হয়। যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সী আবু কুদ্দুছ মামলাটি তদন্ত করে গত ৩১ মে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১