মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে শহরের বাসাইল এলাকায় মেয়রের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। হত্যাকাণ্ডের মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে লোকমানের মা মাজেদা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (ভিপি) ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ। লিখিত বক্তব্যে শামীম নেওয়াজ বলেন, লোকমান হোসেনকে কিছু ক্ষমতালোভী নেতার যোগসাজশে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। হত্যার পর তারা নির্বিঘ্নে পালিয়ে গেছে। লোকমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।শামীম নেওয়াজ বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের পর ২৬ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। খুনি ও তাদের দোসরেরা এখনো আমাদের পরিবারকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। আগামী পৌরসভা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করছে। আমাদের পরিবারের সবার অবস্থান এক ও অভিন্ন। আমাদের চাওয়া ও লক্ষ্য লোকমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার।’ সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলা হয়, ‘লোকমানের পরিবার এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছে না। আগে আমরা হত্যাকারীদের দ্রুত বিচার ও এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেপ্তার দেখতে চাই।’ সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। তিনি এর সুষ্ঠু বিচার করবেন। কোনো বিশেষ পক্ষ এখানে হস্তক্ষেপ করতে পারবে না বলে আমরা আশা রাখি।’লিখিত বক্তব্যে বলা হয়, ‘লোকমান হোসেন শুধু একজন সফল মেয়রই ছিলেন না, পরিবারের সবার প্রতি ছিলেন সমানভাবে দায়িত্ববান। তাঁকে হারিয়ে আমাদের পরিবার বিপর্যস্ত।’এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বলেন, ‘আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি এখনো শোকাহত ও অসুস্থ। প্রথমেই আমি আমার স্বামী হত্যাকারীদের বিচার ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আর কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। সে পরিপ্রেক্ষিতে বলতে চাই, এখনই আমরা নির্বাচন নিয়ে কিছু ভাবছি না। সময়ই বলে দেবে নির্বাচন করব কি না। আর আমাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সামনে চিন্তা করব।’সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই ও মামলার বাদী কামরুজ্জামান, শাহীন নেওয়াজ, খলিলুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।১ নভেম্বর রাত আটটার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন ছাড়া বাকি সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।