পাবনায় নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা চালানোর সাত দিন পরও মামলার মূল আসামিরা কেউ গ্রেপ্তার হননি। উল্টো হামলার পর ছাত্রলীগ-যুবলীগের একটি অংশ জেলা প্রশাসকের অপসারণের দাবিতে আন্দোলন করছে। প্রতিদিন তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে শহরে সভা-মিছিল করছে। ২৭ সেপ্টেম্বর তারা জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এ পরিস্থিতিতে পাবনার মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে বলে মনে করছেন সুধীজনেরা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। পুলিশও নীরব। মনে হচ্ছে, তারা সবাই ওপরে বসে মজা দেখছে।জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষা ছিল। এর আগে ১৪ সেপ্টেম্বর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়ে ওই পরীক্ষায় যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু পুলিশ পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।জেলা প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, ঘটনার সময় পুলিশের ভূমিকা ছিল বিতর্কিত। পুলিশ হামলাকারীদের থামানোর চেষ্টা করেনি। এমনকি পাবনা জিলা স্কুলে হামলার পর ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা যখন মিছিল নিয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।অবশ্য দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তবে জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, হামলার সময় ওসি বারবার পুলিশ সুপারের কাছে অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুমতি মেলেনি।এ বিষয়ে মন্তব্য জানতে পুলিশ সুপার জামিল আহমেদের কার্যালয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ওই ঘটনার পর তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলছেন না বলে জানা গেছে। পাবনা সদর থানায় ওসির দায়িত্বে আছেন উপপরিদর্শক বদরুদ্দোজা। আসামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক।গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন, মামলার ২৪ নম্বর আসামি জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ২৮ নম্বর আসামি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার, ২৭ নম্বর আসামি যুবলীগের কর্মী সুজন, ৩০ নম্বর আসামি ছাত্রলীগের কর্মী ডিম জনি এবং সন্দেহভাজন সরোয়ার ও মান্নান।প্রসঙ্গত, এ ঘটনায় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে দুটি মামলা করেন। এসব মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৩১ জনের নাম ধরে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন মিয়াজী প্রথম আলোকে বলেন, পুলিশ আসামিদের ধরতে তৎপর রয়েছে। পুলিশের উপপরিদর্শকদের আসামি না ধরে থানায় ফিরতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে শহর থেকে ছেড়ে যাওয়া পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে।পরিস্থিতির উন্নতির দাবি: একদিকে জেলা প্রশাসকের বিরুদ্ধে শহরে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, অন্যদিকে মামলার মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে মনে করছেন জেলার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা অবিলম্বে পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন।মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ যেখানে প্রশাসন নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ হিসেবে আমরাও অনিরাপদ।’ আইনজীবী শফিকুল ইসলাম শিবলী বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এভাবে চলা উচিত নয়। অবস্থার পরিবর্তনে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে হবে। জেলা প্রশাসনের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে অনেক সাধারণ মানুষও রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।