মূল কারণ প্রাইভেট ও কোচিং বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার অবনতি ঘটেছে। এ কারণে ব্যাপক ফল বিপর্যয় দেখা দিয়েছে। ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় ৬৪ জন জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় মাত্র ১৪ জন জিপিএ-৫ ধরে রাখতে সক্ষম হয়েছেন।অনুসন্ধানে জানা যায়, চলতি বছর কেশবপুর উপজেলায় যাঁরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তাঁরা ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী। তাঁদের মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৪ জন। এসএসসিতে ৩০ জন এবং দাখিল পরীক্ষায় ৩৪ জন।কিন্তু এবার এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৮ জন। এর মধ্যে রয়েছেন এইচএসসির ১৬ জন ও আলিম পরীক্ষায় দুজন। এর মধ্যে ছয়জন পরীক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পাননি। ২০০৮ সালের জিপিএ-৫ পাওয়া ৬৪ জনের মধ্যে এবার এইচএসসি ও আলিম পরীক্ষায় মাত্র ১২ জন জিপিএ-৫ ধরে রাখতে সক্ষম হয়েছেন।উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও এ নিয়ম কেউই মানেন না। বেশির ভাগ শিক্ষক তাঁদের ক্লাসের সময়ে প্রতিষ্ঠানে আসেন, আবার ক্লাসের শেষে বাড়ি চলে যান। সরকারি সময় না মেনে অনেকে প্রাইভেট টিউশনি বা কোচিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ব্যবহারিক পরীক্ষায় নম্বর বেশি দেওয়া এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফল খারাপ হওয়ার ভয় দেখিয়ে তাঁদের প্রাইভেট পড়তে বাধ্য করা হয়।অভিভাবক সিরাজুল ইসলাম জানান, প্রাইভেট ও কোচিং-বাণিজ্য থেকে বেরিয়ে আসতে না পারলে শিক্ষার উন্নতি ঘটবে না।কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল বারী বলেন, ‘ছাত্রছাত্রীরা ক্লাস করতে চায় না। ক্লাস চলাকালে তাদের প্রাইভেট পড়তে দেখা যায় প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে। প্রাইভেট-কোচিংনির্ভর হয়ে পড়ার কারণে তারা নিয়মিত ক্লাস করে না। এ কারণে ফল বিপর্যয় ঘটেছে।’ সরকারি সময়ে শিক্ষকেরা প্রতিষ্ঠানে থাকেন কি না জানতে চাইলে তিনি বলেন, চারটা পর্যন্ত না থাকলেও বেলা দুইটা পর্যন্ত সবাই থাকেন।হাজি মোতালেব মহিলা কলেজের অধ্যক্ষ জুলফিকার আলি বলেন, ‘এবার বেশির ভাগ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। ইংরেজি শিক্ষকদের গাফিলতির কারণে ফল বিপর্যয় ঘটেছে। প্রাইভেট পড়ানোর কারণে শিক্ষকেরা শ্রেণীকক্ষের দিকে কোনো নজর দেন না। সরকারি নিয়মে কেউ প্রতিষ্ঠানে থাকেন না। তবে এ ব্যাপারে জোর চেষ্টা চালানো হচ্ছে।’কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা ফল বিপর্যয়ের কারণ খুঁজতে সম্প্রতি তাঁর দপ্তরে অধ্যক্ষদের এক সভা করেন। সেখানে ফল বিপর্যয়ের মূল কারণ হিসেবে প্রাইভেট পড়ানোকে চিহ্নিত করা হয়। তিনি বলেন, ‘শিক্ষকদের ওপর অধ্যক্ষদের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নিয়মও মানা হচ্ছে না । তিনি এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেন।’