মূল পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজ এই সরকারের আমলে হচ্ছে না। দরপত্র জমা দেওয়ার সময়সীমাও দুই মাস বাড়ানো হচ্ছে। এই সময়সূচি ঠিকঠাক এগোলে আগামী এপ্রিলে মূল সেতুর জন্য ঠিকাদার নিয়োগ দিতে পারবে সেতু বিভাগ। সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার কাজ বর্তমান সরকারের মেয়াদে এগিয়ে রাখা যাবে। পদ্মা সেতু প্রকল্প পরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে। সেতু বিভাগ সূত্র জানায়, মূল সেতুর দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবির কারণে দুই মাস সময় বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সেতু বিভাগ। ৯ সেপ্টেম্বরের সময়সীমা ধরে আগামী ৯ ফেব্রুয়ারি মূল সেতুর ঠিকাদার নিয়োগের পরিকল্পনা ছিল সেতু বিভাগের। এখন এটা এপ্রিলে চলে যাবে বলে সেতু বিভাগ সূত্র জানিয়েছে। জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, দরপত্রের সময়সীমা বাড়ানোর আবেদন জানালেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সবকিছু কারিগরি কমিটি ঠিক করবে। কবে নাগাদ মূল সেতু ও নদী শাসনে ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু দরপত্র মূল্যায়ন কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের ক্রয়সংক্রান্ত আইন ও নীতিমালা মেনে যখন পারবে, তখনই ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। যোগাযোগমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলেছিলেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদ্মা সেতুর কাজ শুরু করবেন। এটা সম্ভব না হলে দায়িত্বশীল রাজনীতিক হিসেবে যা করণীয় তিনি তা করবেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এর জন্য আগেই ক্ষমা চেয়েছি। বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা করে বসে না থাকলে ফেব্রুয়ারিতেই কাজ শুরু করা যেত।’ সূত্র জানায়, প্রকল্পের পাঁচটি প্যাকেজেরই (কাজের ভাগ) দরপত্র প্রক্রিয়া চলছে। দেশীয় অর্থায়নে হলেও পদ্মা সেতুর কার্যক্রম বিশ্বব্যাংকসহ দাতাদের করা নীতিমালা অনুযায়ী হচ্ছে। প্রকল্পের পাঁচটি প্যাকেজ হচ্ছে—মূল সেতু, নদী শাসন, মাওয়া ও জাজিরা প্রান্তে দুটি সংযোগ সড়ক নির্মাণ এবং নির্মাণকালীন ও নির্মাণ-পরবর্তী ব্যবহারের অবকাঠামো (সার্ভিস এলাকা) স্থাপন।কোন কাজ কী পর্যায়ে: মূল সেতুর জন্য প্রথম পর্বের দরপত্র আহ্বান করা হয়েছে গত জুলাই মাসে। প্রাকযোগ্য চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন (দক্ষিণ কোরিয়া), চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (চীন), ডালিম-ভিসিআই (দক্ষিণ কোরিয়া) দরপত্র কিনেছে। ভিন্সি-এইচসিসি (ফ্রান্স) এখনো দরপত্র কেনেনি। প্রথম পর্বের মূল্যায়ন শেষে দ্বিতীয় পর্বের দরপত্র আহ্বান করা হবে। প্রথম পর্বে কারিগরি দিক এবং দ্বিতীয় পর্ব আর্থিক বিষয়াদি মূল্যায়ন করে উচ্চপর্যায়ের অনুমোদন নিয়ে ঠিকাদার নিয়োগ দিতে আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সেতু বিভাগের পরিকল্পনায় উল্লেখ রয়েছে। বর্ষার শুরুতে ঠিকাদার নিয়োগ দেওয়া গেলে যন্ত্রপাতি এনে সেপ্টেম্বরের দিকে কাজ শুরু করা যাবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু এবং সেতুপথ (ভায়াডাক্ট) নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। নদী শাসন কাজের দরপত্রের নথি আইন মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামতের জন্য পাঠানো হয়েছে। এরপর প্রাকযোগ্য পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দরপত্র আহ্বান করা যাবে। জাজিরা প্রান্তে ১২ কিলোমিটার এবং মাওয়া প্রান্তে দেড় কিলোমিটার নদী শাসনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ছয় হাজার ২০০ কোটি টাকা। এই দুটি মূল কাজের বাইরে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য গত জুলাই মাসে আবদুল মোনেম লিমিটেডকে এক হাজার ৯৭ কোটি টাকায় নিয়োগ করা হয়েছে। এই অংশে ১০ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক, টোলপ্লাজাসহ অন্য সুবিধাগুলো নির্মাণ করা হবে। মাওয়া প্রান্তের সংযোগ সড়কের জন্যও আবদুল মোনেমকে প্রায় ২০০ কোটি টাকায় নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এই অংশে টোলপ্লাজা ও অন্য সুবিধাদিসহ দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সার্ভিস এলাকার দরপত্র গত ২০ আগস্ট গ্রহণ করা হয়েছে। প্রাকযোগ্য চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি দরপত্র জমা দিয়েছে। এর আওতায় প্রকল্প এলাকায় মসজিদ, রিসোর্ট, মোটেল, কয়েকটি বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুতের সাব-স্টেশনসহ বেশ কিছু অবকাঠামো নির্মিত হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৬ কোটি টাকা। এ ছাড়া নির্মাণসামগ্রী রাখার মাঠ, জমি অধিগ্রহণ ও বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য ধরা হয়েছে পাঁচ হাজার ২৬৯ কোটি টাকা। সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৯৭ কোটি মার্কিন ডলার বা প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকা। সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে মূল সেতু ও নদী শাসনের জন্য একটি এবং সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার জন্য আরেকটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। শুরুতে সবগুলো কাজ তদারকির জন্য একটি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার পরামর্শকের কাজ করবে সেনাবাহিনী। এই কাজে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ ছাড়া সেনাবাহিনীকে প্রকল্প এলাকার নিরাপত্তা রক্ষার জন্যও দায়িত্ব দেওয়া হবে। এর জন্য বাড়তি ব্যয় করতে হবে। মূল সেতু ও নদী শাসনের জন্য আলাদা পরামর্শক নিয়োগ হবে। একাধিক ভিত্তিপ্রস্তর: মাওয়া ও জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণে ২০০১ সালের ৪ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের আমল কেটে যায় কোনো অগ্রগতি ছাড়াই। তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করে। মহাজোট সরকার পরামর্শকের সঙ্গে চুক্তি করে। জাজিরা প্রান্তে নির্মাণসামগ্রী রাখার স্থানের পাশে নদীভাঙন শুরু হলে গত জানুয়ারিতে ৯৬ কোটি টাকায় এমএম বিল্ডার্সকে নিয়োগ দেয় সরকার। এই কাজের শুরুতে ফলক স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, শিগগিরই মাওয়া প্রান্তের সংযোগ সড়কের জন্য মোনেমকে নিয়োগ দেওয়া হবে। এই দুটি কাজেরও শুরুতে একটি ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। মূল সেতুর কাজের শুরুতে আরেকবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর এটা হলে এক প্রকল্পে কমপক্ষে চারটি ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। প্রয়োজন ডলার: পদ্মা সেতু প্রকল্পে ২০১৩-১৪ অর্থবছরে জন্য প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। কিন্তু মূল সেতুর ঠিকাদার নিয়োগ হওয়ার আগে এর বেশির ভাগই অব্যবহূত থেকে যাবে বলে সেতু বিভাগ সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বাজেটে অর্থায়নের চেয়ে বৈদেশিক মুদ্রার নিশ্চয়তা বেশি জরুরি। কারণ সেতু বিভাগ যে ব্যয়ের পরিকল্পনা করেছে, তাতে পাঁচটি প্যাকেজের চারটিতে ব্যয়ের ৮০ শতাংশ এবং একটিতে ৭০ শতাংশ পরিশোধ হবে বৈদেশিক মুদ্রায়।