যাত্রাবাড়ীতে ব্যবসায়ী মিজানুর রহমানসহ তিন খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মিজানুরের দুই ভাই বলে সন্দেহ করছে পুলিশ। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিজানুরের পুরো পরিবারকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। এ দুই ভাইয়ের একজনকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। আরেকজন পলাতক রয়েছেন।মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এর আগে গ্রেপ্তার করা তৌফিকুরের বক্তব্যে মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁর বাবা তৌহিদুর ও চাচা জাহিদুরের নাম আসে। এরপর দুই ভাইকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নিজের বাড়িতে ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমান (৪৫) গুলি ও ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হন তৌফিকুর রহমান সুমন (২৮) ও তাঁর দুই বন্ধু হীরা (২৯) এবং দেলোয়ার (২৮)। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর ডিবি গ্রেপ্তার করে তৌফিকুরের বাবা মিজানুরের মেজ ভাই তৌহিদুর রহমান লিংকনকে। এখন পুলিশ খুঁজছে ছোট ভাই জাহিদুর রহমান লিপ্টনকে।৩০ সেপ্টেম্বর খুনের ঘটনার পর এই দুই ভাইসহ তৌফিকুরকে আটক করে যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে তৌহিদুর ও জাহিদুরকে ছেড়ে দেয় পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সর্বপ্রথম গ্রেপ্তার হওয়া তৌফিকুর প্রথমে জিজ্ঞাসাবাদে প্রচুর উল্টো-পাল্টা তথ্য দেন। পরে তাঁর তথ্য যাচাই-বাছাই করে ও অন্যান্য সূত্র থেকে খোঁজ নিয়ে পুলিশ হীরা ও দেলোয়ারকে গ্রেপ্তার করে। হীরা ও দেলোয়ার মূল পরিকল্পনাকারী হিসেবে তৌফিকুরের নাম বলেন। জিজ্ঞাসাবাদে তৌফিকুর মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁর বাবা তৌহিদুর ও চাচা জাহিদুরের নাম বলেন। এরপরই গত রোববার শহীদ ফারুক রোডের দোকান (অন্তু মেডিকেল) থেকে গ্রেপ্তার করা হয় তৌহিদুরকে। চার দিনের রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্তকারী কর্মকর্তা বলেন, দুই ভাই যে এ হত্যাকাণ্ডে জড়িত সে রকম সূত্র পাওয়া গেছে। তবে সূত্রটা নিশ্চিত হওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ এখনো মেলেনি। তৌফিকুরের বক্তব্যে তাঁর বাবা তৌহিদুরের নাম এসেছে। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ছোট ভাই জাহিদুরকেও খোঁজা হচ্ছে। তিনি জানান, এর আগে ২০০৩ সালে যখন ভাইদের মধ্যে সম্পত্তিসংক্রান্ত বিরোধ তুঙ্গে ছিল, তখন মেজো ভাই তৌহিদুরের বিরুদ্ধে একটি জিডি করেন নিহত মিজানুর। ওই জিডিতে তিনি উল্লেখ করেন, মিজানুর তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন।তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিবির কাছে যে তথ্যগুলো এসেছে তাতে তৌহিদুর ও জাহিদুরই হত্যার মূল পরিকল্পনা করেন। তাঁদের পরিকল্পনা ছিল ব্যবসায়ী মিজানুর, তাঁর স্ত্রী বীথি ও ছেলে আশিকুরকে হত্যা করা। যাতে ওই পরিবারের সবাই মারা গেলে মিজানুরের সম্পত্তি এই দুই ভাই পান। কিন্তু খুনিরা বাসায় পৌঁছানোর আগেই মিজানুরের ছেলে আশিকুর বাসা থেকে বের হয়ে যান। তাই তিনি বেঁচে যান। আর চিৎকার-চেঁচামেচি শুনে ওপর থেকে নেমে আসেন তাঁদের মা সুফিয়া খাতুন। খুনিদের দেখে ফেলেছিলেন তাই নিজের নাতির হাতেই মরতে হয় সুফিয়াকে।এ বিষয়ে আশিকুর প্রথম আলোকে বলেন, পুলিশ যোগসূত্র পেয়েই চাচা তৌহিদুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের বাড়িতে না থেকে বন্ধুদের বাসায় থাকছেন।