মূল পরিকল্পনাকারী ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে নারকীয় হামলার পরিকল্পনাকারী হিসেবে জামায়াত ও বিএনপির ১০ জন নেতা-কর্মীকে চিহ্নিত করা হয়েছে। হামলার আগের দিন ১০ এপ্রিল ভুজপুরের কাজীরহাটে তাঁরা গোপন বৈঠক করেন। বৈঠকে নেতৃত্ব দেন ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শফিউল আলম নূরী। উপস্থিত ছিলেন বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়ার পর আসামিরা এ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ পরিকল্পনাকারীদের চারজন গত শনিবার গ্রেপ্তারও হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁরা হলেন জাহিদ মেম্বার, পারভেজ, ফরিদউদ্দিন ও আবদুর রহিম। প্রথম তিনজন জামায়াত-শিবিরের সক্রিয় নেতা-কর্মী।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, হামলায় এলাকার বাইরে থেকে আনা জামায়াত-শিবিরের শতাধিক ক্যাডার অংশ নেয়। আর জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা মাইকে মিথ্যা তথ্য প্রচার করে গ্রামবাসীকে হামলায় প্ররোচিত করেন। জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, হামলার আগের দিন বাইরে থেকে সন্ত্রাসীদের ভুজপুরে জড়ো করা হয়। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের প্রায় সবার পরিচয় আমরা পেয়েছি।’১১ এপ্রিল কাজীরহাটে নারকীয় হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ক্যাডাররা ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন কর্মীকে খুন করে। তারা ১৬০টি গাড়ি পুড়িয়ে দেয়। নারকীয় ওই হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও শতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের সারা জীবনের জন্য পঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিশ বলছে, গত শনিবার জাহিদ মেম্বার, পারভেজ, ফরিদউদ্দিন ও আবদুর রহিম গ্রেপ্তার হওয়ার পর তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। মূল হোতাদের নামধাম বেরিয়ে আসছে। হামলার ছক তৈরির উদ্যোগ নেন ভুজপুর ইউনিয়ন জামায়াতের আমির শফিউল আলম নূরী। ঘটনার রাতেই নূরী গ্রেপ্তার হন। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, নূরীর নেতৃত্বে হামলার ছক কষেন ১০ থেকে ১২ জন। মূল হোতাদের মধ্যে নূরী ছাড়াও আজগর সালেহ ও বেলাল হোসেন রয়েছেন। তিনি বলেন, আজগর সালেহ কাজীরহাটের একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করেন। তিনি জামায়াতের সক্রিয় কর্মী। তিনি ও ইউনিয়ন জামায়াতের সদস্য বেলাল গ্রেপ্তার হননি। এই বেলালই কাজীরহাট জামে মসজিদের মাইক থেকে মিথ্যা তথ্য প্রচার করে গ্রামবাসীকে হামলায় প্ররোচিত করেন। গত শনিবার গ্রেপ্তার হওয়া চার পরিকল্পনাকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, গোপন বৈঠকেই গ্রামবাসীকে সম্পৃক্ত করতে মসজিদের মাইক ব্যবহারের সিদ্ধান্ত হয়। পরিকল্পনামতে, এলাকার সাত-আটটি মসজিদের মাইক ব্যবহার করেন তাঁরা। আর দলীয় ক্যাডাররা বিভিন্ন মোড়ে ভাগ হয়ে অবস্থান নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে এ চারজন পুলিশকে বলেছেন, ঘটনার সময় রাস্তায় কেবল গাড়ি পোড়ানো হয়। আওয়ামী লীগের কর্মীদের ওপর নৃশংসতার ঘটনাগুলো ঘটানো হয় বিচ্ছিন্ন জায়গায়, কিছুটা আড়ালে। বিভিন্ন মোড়ে গোপন অবস্থান নিয়ে থাকা জামায়াত-শিবিরের ক্যাডাররা পালানোর চেষ্টারত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাস্তায় হামলার শিকার হয়ে মিছিলকারীরা আত্মরক্ষার জন্য ঘরবাড়ি, দোকানপাট ও বিদ্যালয়ের ভেতরে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। পরিকল্পিতভাবে সেসব জায়গায় তাঁদের ওপর নৃশংসতা চালানো হয়। সাক্ষ্য গ্রহণ চলছে: আমাদের ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল রোববারও সরেজমিনে তদন্ত করেছেন। তাঁরা প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধিদের সাক্ষ্য গ্রহণ করেন। বেলা ১১টা থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। চলে আড়াইটা পর্যন্ত। উপজেলার জাফতনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সাক্ষ্য নেওয়া হয়। বেলা তিনটায় কমিটির সদস্যরা সদরে উপজেলা পরিষদের কার্যালয়ে এসে সংশ্লিষ্ট ব্যক্তি, বিজিবি, পুলিশ ও জনপ্রতিনিধিদের সাক্ষ্য নেন। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহামঞ্চদ শহীদুল আলম গতকাল সন্ধ্যায় বলেন, গত দুদিনে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধিসহ অনেকের সাক্ষ্য নেওয়া হয়। আজ সোমবারও তদন্তের কাজ চলবে।রিমান্ড: গতকাল চার পরিকল্পনাকারীসহ নয়জন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত। এর মধ্যে দুজনের পাঁচ দিন করে এবং বাকি সাতজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়। ভুজপুরে নারকীয় হামলার ঘটনায় এ নিয়ে ৮৮ আসামির রিমান্ড মঞ্জুর হলো।