মূল ভূখণ্ডের সঙ্গে সন্দ্বীপ ও হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সবগুলো যাত্রীবাহী জাহাজ একে একে বিকল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম এবং সন্দ্বীপ ও হাতিয়ার মধ্যে তাদের মোট চারটি জাহাজ নিয়মিত চলাচল করত। এগুলোর মধ্যে তিনটি জাহাজ অনেক আগে থেকেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। ‘সবেধন নীলমণি’ হয়ে ‘এমভি মনিরুল হক’ নামের একটিমাত্র জাহাজ বর্তমানে চলাচল করছিল। গতকাল শনিবার সেটিও যাত্রী নিয়ে সাগরের মধ্যে বিকল হয়ে যায়। ফলে এখন সন্দ্বীপ ও হাতিয়া থেকে চট্টগ্রাম হয়ে দেশের মূল ভূখণ্ডে আসা-যাওয়ার সর্বশেষ সুযোগও বন্ধ হয়ে গেল।সন্দ্বীপবাসীকে এখন তাদের জরুরি প্রয়োজনে একমাত্র মাছ ধরার ট্রলারে করে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন উপকূলীয় ঘাট দিয়ে মূল ভূখণ্ডে আসা-যাওয়া করতে হবে। এতে তাদের সাগরে ডুবে প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে মনে করছে সবাই।জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে যাত্রা শুরু করার পর দেড় ঘণ্টার মাথায় সাগরের মোহনার কাছে বিকল হয়ে যায় এমভি মনিরুল হক। ওই জাহাজে নারী-শিশুসহ ৯৮১ জন যাত্রী ছিল। জাহাজটি বিকল হওয়ায় এসব যাত্রীর গতকাল আর সন্দ্বীপ যাওয়া সম্ভব হয়নি। অনেক চেষ্টার পর প্রায় সাত ঘণ্টা পর যাত্রীসহ জাহাজটি চট্টগ্রাম জেটিতে আনা সম্ভব হয়। এই দীর্ঘ সময় উত্তাল সাগরে জাহাজের মধ্যে অবরুদ্ধ থাকায় যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এমভি মনিরুল হকের আটকে পড়া যাত্রী ইলিয়াস কালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রায় দুই ঘণ্টা ধীরগতিতে চলার পর জাহাজটি বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছানোর ঠিক আগে ১৫ নম্বর খালের কাছে এসে বিকল হয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রামের সদরঘাটের বিআইডব্লিউটিসি কার্যালয় থেকে প্রকৌশলীরা গিয়ে সেটি মেরামতের চেষ্টা চালান। কিন্তু জাহাজটি উত্তাল সাগর পাড়ি দেওয়ার মতো অবস্থায় না থাকায় এটিকে বিকেল সাড়ে চারটার দিকে ফেরত আনা হয় সদরঘাট জেটিতে। জানা গেছে, এমভি মনিরুল হক ছাড়াও বিআইডব্লিউটিসির যে তিনটি জাহাজ এই পথে চলাচল করত, সেগুলো হলো এমভি আবদুল মতিন, এমভি বারআউলিয়া ও এমভি আলাউদ্দিন। জাহাজগুলো চট্টগ্রাম থেকে প্রথমে সন্দ্বীপ ও সেখান থেকে হাতিয়া যেত। ফেরার সময় হাতিয়া থেকে সন্দ্বীপ হয়ে চট্টগ্রামে আসত। কর্মকর্তারা বলেছেন, এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিনকে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ (রিকন্ডিশনিং) করা হয় ২০০৮ সালে। তিন বছর যেতে না-যেতেই এই দুই জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অন্য দুটি অনেক আগেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। আশঙ্কাজনক রোগীর জরুরি চিকিৎসা বা কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে এখন সন্দ্বীপবাসীকে মাছ ধরার ট্রলারে করে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন উপকূলীয় ঘাট দিয়ে মূল ভূখণ্ডে যেতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা সাগর উত্তাল থাকলে সাধারণত এই পথে যাতায়াত বন্ধ থাকে। গতকালও চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত জারি ছিল। ফলে এখন এই দুই দ্বীপের বাসিন্দাদের বিচ্ছিন্ন হয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। সন্দ্বীপ অধিকার কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের অভিযোগ, বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের অবহেলার কারণে এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন নষ্ট হয়েছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘অনেক দেনদরবার করে সন্দ্বীপের চার লাখ মানুষের যোগাযোগের একমাত্র পথটি চালু রাখতে জাহাজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেছিলাম। এই অবস্থায় চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে নতুন কোনো জাহাজ চালুর দাবি জানাচ্ছি।’ বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (যাত্রী) গিয়াস উদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, এমভি মনিরুল হকের মতো জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ-হাতিয়ায় চলাচল এখন ঝুঁকিপূর্ণ। অচল এই জাহাজ সচল করার চেষ্টা চলছে। তবে কাল সোমবার পূর্বনির্ধারিত যাত্রার দিন জাহাজটি চলবে কি না, সে সম্পর্কে গিয়াস উদ্দিন স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি।এদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিআইডব্লিউটিসির একাধিক শীর্ষ কর্মকর্তাকে গতকাল এই প্রতিবেদক মুঠোফোনে ফোন করেন। তবে তাঁদের কেউই ফোন ধরেননি।