মূল সংবিধানের অনুচ্ছেদগুলো প্রতিস্থাপিত হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংবিধানের অন্যতম প্রধান কাঠামো হচ্ছে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। দুঃখজনক হলেও সত্য যে আমরা আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা সব সময় বজায় রাখতে পারিনি। তবে সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়ের মাধ্যমে ভূলুণ্ঠিত আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণের পর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এ কথা বলেন। বেলা আড়াইটায় নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময়ও করেন।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘এই (পঞ্চম সংশোধনী) রায়ের মাধ্যমে বেআইনি ও অবৈধভাবে পরিবর্তিত বিভিন্ন অনুচ্ছেদ বেআইনি ঘোষণা করে মূল সংবিধানে বর্ণিত দফাগুলো পুনঃস্থাপিত করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সঙ্গেই মূল সংবিধানের অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়েছে। আমরা সরকারের আইন মন্ত্রণালয়কে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে ওইরূপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত সংশ্লিষ্ট দফাগুলোসহ সংবিধানটি পুনর্মুদ্রণ করতে আহ্বান জানাচ্ছি। তবে আনুষ্ঠানিকভাবে পুনর্মুদ্রণ হোক বা না হোক, সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মূল দফাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে। প্রতিস্থাপিত অনুচ্ছেদগুলো পুনরায় প্রতিস্থাপিত করার কোনো অবকাশ নেই।’ প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, একটি বিশেষ সংসদীয় কমিটি বিভিন্ন আঙ্গিকে সংবিধানটির পরীক্ষা-নিরীক্ষা করছে। বলা বাহুল্য, জাতীয় সংসদ আইনগতভাবে সংবিধানের মূল কাঠামো ব্যতীত যেকোনো পরিবর্তন আনতে ক্ষমতাবান। মূল কাঠামো হচ্ছে রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র, গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি।প্রধান বিচারপতির এজলাস কক্ষে দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১৩ মিনিট পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান চলে। এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকলেও আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান উপস্থিত ছিলেন না। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাসহ সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রায় ২৭ মিনিট বাংলায় দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তার বিধান করতে সাংবিধানিকভাবে বাধ্য ও অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার হতে আমরা কোনোভাবেই বিচ্যুত হতে পারি না।’প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, আইনের শাসন ছাড়া আধুনিক রাষ্ট্রব্যবস্থা কখনই কার্যকর হয় না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, জীবনের সব ক্ষেত্রে নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে। শুধু বিচার করলেই চলবে না, সব পক্ষই যেন নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারে যে ন্যায়বিচার সুষ্ঠভাবে ও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ প্রসঙ্গে এ বি এম খায়রুল হক আরও বলেন, ‘আমাদের সামনে অনেক কাজ। আদালতের হারানো বিশ্বাসযোগ্যতা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। এ কারণে বার ও বেঞ্চকে একত্রে কাজ করতে হবে।’ তিনি বলেন, হাইকোর্ট বিভাগে প্রায় সাড়ে তিন লাখের অধিক মামলার জট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জেলা আদালতগুলোতে প্রায় ১০ লাখ মামলা বিচারাধীন। দেশের অনগণিত বিচারপ্রার্থীর কথা স্মরণ করে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একটি শক্তিশালী বার একটি শক্তিশালী বিচার বিভাগ সৃষ্টি করতে পারে। বার যদি বিভক্ত হয়, তাহলে বিচারব্যবস্থাও দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বেশ কিছু মামলার রায়ের কথা উল্লেখ করে প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি বাংলায় রায় দিয়েছেন। এমনকি আদালত অবমাননা অধ্যাদেশ বাতিল করে আপনি যে রায় দিয়েছেন, তাও ছিল বাংলায়। বাংলায় দেওয়া এসব রায় আমাদের চেতনার উদ্রেক করবে ও আমাদের হীনম্মন্যতাকে দূর করবে বলে আমি আশা করি। হাইকোর্ট বিভাগে যেভাবে বাংলায় রায় দিয়েছেন, আপিল বিভাগেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রত্যাশা করি।’সংবর্ধনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা মনে করি, দুই বিচারপতিকে শপথ না দিয়ে সাবেক প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেননি, বরং সুপ্রিম কোর্টের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরা বিশ্বাস করি, আপনি নির্বাহী বিভাগের বেআইনি চাপ প্রতিরোধ করবেন এবং দুই বিচারপতিকে শপথ দেবেন না। দুজনের নিয়োগ বাতিলের জন্য রাষ্ট্রপতিকে আপনি অনুরোধ করবেন। হাইকোর্টে থাকাকালে আপনি বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন। সামরিক ফরমানের মাধ্যমে সংবিধান লঙ্ঘনের আমরা বিরোধী, তেমনি বিচার অঙ্গনে নির্বাহী বিভাগ দ্বারা যেকোনো জ্যেষ্ঠতা লঙ্ঘনেরও বিরোধী।’ সমিতির সভাপতি বলেন, কী কারণে আজ আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারক ছুটিতে গেছেন, তা বলার প্রয়োজন নেই। আপিল বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা অবশ্যই রক্ষা করতে হবে। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার শপথ নিয়েছেন। যদি হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপিল বিভাগ নিয়োগ দেওয়া হয়, তাহলে ওই নিয়োগ প্রত্যাখ্যান করা শুধু সাংবিধানিক নয়, নৈতিক দায়িত্বও। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: সংবর্ধনা অনুষ্ঠানের পর বেলা দুইটার দিকে নিজ কক্ষে আসেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ সংবিধান সমুন্নত রাখতে পারলেই অবৈধ ক্ষমতা দখল বন্ধ হবে। এ জন্য জনগণকে সচেতন হতে হবে। পরে আড়াইটার দিকে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি। পঞ্চম সংশোধনী মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চম সংশোধনীসংক্রান্ত রায় গত ২ ফেব্রুয়ারি ঘোষণা করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় সবটাই সমুন্নত রাখা হয়। আইনের বিধান অনুসারে রায় ঘোষণার মুহূর্ত থেকেই সেটা কার্যকর হয়ে গেছে। সংসদ মূল কাঠামো ছাড়া যেকোনো অনুচ্ছেদ পরিবর্তন করতে পারে। এ ক্ষেত্রে জনগণ ও বিশেষজ্ঞদের বক্তব্য শোনা ভালো। তবে এটি বাধ্যতামূলক নয়। হাইকোর্টের দুই বিচারপতির শপথ প্রসঙ্গে বলেন, ‘আইনগত দিক এখনো বিচার করিনি। আইন মানতে আমরা বাধ্য। আইন ও সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। প্রধান বিচারপতিও আইনের সৃষ্টি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জ্যেষ্ঠ আইনজীবী, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তৎকালীন প্রধান বিচারপতিকে আমরা শপথ পড়ানোর জন্য অনুরোধ করেছিলাম। আমরা বলেছি, রাষ্ট্রপতি গেজেট প্রকাশ করেছেন। আইন অনুযায়ী আপনি শপথ পড়াবেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। তাঁকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এখন আমার প্রথম কাজ ঘর গোছানো।’প্রধান বিচারপতি বলেন, ‘সংবাদমাধ্যম সম্পর্কে আমার দুর্বলতা আছে। আমার বাবা মিল্লাত পত্রিকার সহসম্পাদক ছিলেন। বিচার বিভাগ সম্পর্কে জনগণের জানার শতভাগ অধিকার রয়েছে। সংবাদমাধ্যম না থাকলে জনগণ জানবে কীভাবে? তবে পড়াশোনা করতে হবে।’প্রধান বিচারপতি বলেন, হাইকোর্ট বিভাগ থেকে একটি মামলা আপিল বিভাগে যেতে এক-দুই মাস সময় প্রয়োজন। ন্যায়বিচারের স্বার্থেই চেম্বার বিচারপতিকে প্রাথমিকভাবে স্থগিতাদেশ দিতে হয়। অনেক সময় চেম্বার বিচারপতিকে উদার হতে হয়। তবে আজকাল অনেক সময় মনে হয়, অপরাধীরাই বেশি শক্তিশালী। জামিন দেওয়াই শুধু ন্যায়বিচার নয়, অনেক সময় জামিন না দেওয়াও ন্যায়বিচার। তিনি প্রশ্ন রাখেন, ২৭০ মিনিটে ২৪০টি মামলায় জামিন দেওয়া কি সঠিক হয়েছে? প্রধান বিচারপতির শপথ: নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সকালে শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক, সেনা ও বিমান বাহিনীর প্রধান, সচিব, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।