নির্ধারিত সময়ের মধ্যে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন জোগাতে পারেনি ফারমার্স ব্যাংক। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইসিবি, পুলিশ কল্যাণ তহবিল ও শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইসকে যুক্ত করে পরিশোধিত মূলধন জোগাচ্ছে ব্যাংকটির উদ্যোক্তারা।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এই ব্যাংকের মূল উদ্যোক্তা। যদিও মন্ত্রী হওয়ার পর তিনি ব্যাংকের উদ্যোক্তা থাকতে পারলেও চেয়ারম্যান হতে পারবেন না।অন্যদিকে, যুক্তরাজ্যপ্রবাসী ইকবাল আহমেদ প্রথম থেকেই একটি এনআরবি (অনাবাসী বাংলাদেশি) বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার জন্য জোরালো তদবির করেছিলেন। কিন্তু অনুমোদন পাওয়ার পরও তাঁর প্রস্তাবিত ব্যাংক এখনো মূলধনের শর্ত পূরণ করে লাইসেন্সের বা সময় বৃদ্ধির আবেদন করেনি। এনআরবিদের একটি ব্যাংক ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন জোগানোসহ বিভিন্ন শর্ত পূরণ করে বাংলাদেশ ব্যাংকের কাছে লাইসেন্স পাওয়ার আবেদন করেছে। আরেকটি ব্যাংক সময় বৃদ্ধির আবেদন করলে তার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ দুই দফায় নয়টি ব্যাংকের নীতিগত অনুমোদন দেয়। এর মধ্যে গত বছরের ৪ এপ্রিল অনুমোদন দেওয়া হয় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তিনটি ব্যাংক। আর ৮ মে অনুমোদন পায় দেশি উদ্যোক্তাদের ছয়টি ব্যাংক। এসব প্রস্তাবিত ব্যাংকের জন্য ১৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক সম্মতিপত্র দেয়। এতে লাইসেন্স দেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ছয় মাসের মধ্যে আবেদন করতে সময় বেঁধে দেওয়া হয়। ১৪ অক্টোবর ছিল আবেদনের শেষ দিন। নয়টির মধ্যে পাঁচটি নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সের আবেদন করেছে। ব্যাংকগুলো হলো: ইউনিয়ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, মেঘনা ব্যাংক আর একটি এনআরবি ব্যাংক। এর মধ্যে আজ রোববার কয়েকটি ব্যাংকের চূড়ান্ত লাইসেন্সের অনুমোদন দিতে পারে বাংলাদেশ ব্যাংক পর্ষদ। মধুমতি ও অপর একটি এনআরবি ব্যাংকের পক্ষ থেকে সময় চাওয়া হয়। কিন্তু মহীউদ্দীন খান আলমগীর ও ইকবাল আহমেদ আবেদনও করেননি, আবার তাঁরা ৪০০ কোটি টাকার মূলধনও জোগাতে পারেননি। নয়টির সবগুলো ব্যাংকেরই মূল উদ্যোক্তা বর্তমান সরকার ও শরিক দলের প্রধান সারির নেতা। ফারমার্স ব্যাংকের তৎপরতা: ফারমার্স ব্যাংকের সঙ্গে যুক্ত হতে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩০ কোটি টাকার উদ্যোক্তা করা হচ্ছে। দেশের কোনো বেসরকারি ব্যাংকের মূলধন জোগাতে এর আগে আইসিবিকে এভাবে যুক্ত হতে দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংক যে উদ্যোক্তা তালিকা দেখে প্রাথমিক সম্মতিপত্র দিয়েছিল, তার মধ্যে আইসিবির নাম ছিল না। যোগাযোগ করা হলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘আইসিবির মূলধনি অংশীদার হতে বাধা নেই। শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে আমরা যুক্ত হয়েছি।’ এর আগে পুলিশ কল্যাণ তহবিলের একটা অংশ ফারমার্স ব্যাংকের পরিশোধিত মূলধন হিসেবে জোগাতে চেষ্টা নেওয়া হয়। তবে এ বিষয়ে আপত্তি জানায় বাংলাদেশ ব্যাংক। এদিকে, রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের ২২ কোটি ২০ লাখ টাকার তহবিলও ফারমার্স ব্যাংকের পরিশোধিত মূলধন হিসেবে দেখানোর চেষ্টা চলছে। এ বিষয়ে রেইস কর্তৃপক্ষ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও নিয়েছে। যোগাযোগ করা হলে রেইসের চেয়ারম্যান চৌধুরী নাফিস বলেন, ‘আমাদের নয়টি বিভিন্ন ফান্ডের অর্থ দীর্ঘ মেয়াদের বিনিয়োগের জন্য এই অনুমোদন আমরা পেয়েছি। তবে ফারমার্স ব্যাংক এখনো আমাদের কিছু জানায়নি।’যোগাযোগ করা হলে ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মাহবুবুল হক চিশতি প্রথম আলোকে বলেন, আইসিবি যদি জয়েন্ট স্টক কোম্পানির অনুমতি নিয়ে ও সরকারের বিধিমালা মেনে উদ্যোক্তা হতে চায়, তাতে কোনো বাধা থাকার কথা না। তিনি বলেন, রেইসও তাদের উদ্যোক্তা হয়েছে। আর পুলিশ কল্যাণ তহবিলের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ কো-অপারেটিভের একটা তহবিল আমাদের ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এটা শুনেই সঙ্গে সঙ্গে তা না করে দেন।’এনআরবি ব্যাংক: অনুমোদন পাওয়া অন্য দুই এনআরবি ব্যাংকের উদ্যোক্তা চেয়ারম্যান যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী, ইউএ করপোরেশনের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ও সীমার্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ। এনআরবি কমার্শিয়াল ব্যাংক নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরাসত আলীর একটি আবেদনে বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়েছে। নিয়াজ চৌধুরী সময় বৃদ্ধির আবেদন করেছেন। আর ফরাসত আলী সময়মতো অর্থ ও অন্যান্য শর্ত পালন করে চূড়ান্ত লাইসেন্সের আবেদন করেছেন।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইকবাল আহমেদ বাংলাদেশ ব্যাংকে গিয়ে ২০০ কোটি টাকা দিয়ে কার্যক্রম শুরুর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংক। এরশাদের কর পরিশোধ: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর ইউনিয়ন ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স পেতে খেলাপি কর পরিশোধ করেছেন। এরশাদ করখেলাপি কি না, তা জানতে চেয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এর পাশাপাশি প্রস্তাবিত অন্য ব্যাংকগুলোর ১৩৭ জন এমন উদ্যোক্তা পরিচালকের তথ্যও জানতে চাওয়া হয়। কর অঞ্চল-৫-এ আয়কর বিবরণী দেন এরশাদ। আয়কর বিবরণী অনুযায়ী, এরশাদের কাছে বকেয়া করের পরিমাণ প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এ নিয়ে এরশাদ কয়েক বছর আগেই মামলা করে রেখেছেন। ফলে এরশাদ করখেলাপিদের তালিকায় পড়েন। আবার করখেলাপি হলে ব্যাংকের উদ্যোক্তা হওয়া যাবে না। এর পরই এরশাদ তাঁর আয়করসংক্রান্ত মামলা প্রত্যাহার করেন। আর মামলা প্রত্যাহারের পর বকেয়া করসংক্রান্ত এনবিআরের আপত্তি নিষ্পত্তিতে এরশাদ ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ ব্যবস্থায় যান। এই ব্যবস্থায় তিনি প্রায় পৌনে ছয় কোটি টাকা পরিশোধ করেন। এভাবেই কয়েক দিন আগে এরশাদ করখেলাপির তালিকা থেকে মুক্তি পান। এনবিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পাঠানো ১৩৭ জন উদ্যেক্তা পরিচালকের এক-তৃতীয়াংশই করখেলাপি ছিলেন। পরে করখেলাপিরা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিজেদের ‘মুক্ত’ করেন। এই প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য এম এ কাদের সরকার বলেন, বাংলাদেশ ব্যাংক যাঁদের তালিকা পাঠিয়েছে, এই মুহূর্তে তাঁদের কারও কাছ থেকে এনবিআরের কোনো পাওনা নেই।