রাজনীতি আর রাজনীতিককে অগুরুত্বপূর্ণ করে তোলার বালখিল্য বা সচেতন-অসচেতন চেষ্টার ফাঁদ থেকে মুক্ত থেকেও এটা বলা চলে যে মূলধারার রাজনীতি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বৈষম্য বিলোপ তথা সমাজ রূপান্তর বাংলাদেশের পুঁজিবাদবান্ধব মূলধারার কর্ম নয়; তা জানে সবাই। কিন্তু কথা হচ্ছে, নাগরিকের জানমালের নিরাপত্তা, আর কিছু না হোক বেঁচে-বর্তে থেকে পুঁজিকে ক্রমেই বলবান করতে পারার মতো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যদান, রাষ্ট্রক্ষমতা ও রাজনীতিতে অপশক্তির হস্তক্ষেপ বন্ধ করা বা সংবিধানে বর্ণিত অধিকারগুচ্ছকে সবার জন্য মোটা দাগে নিশ্চিত করে তোলার পুঁজিবাদবান্ধব লিবারেল ধাঁচের একটি শাসনব্যবস্থা কায়েমের ক্ষেত্রেই বা মূলধারার সাফল্য কতটুকু? পুঁজিপাগল রাষ্ট্রব্যবস্থায় এ সবের পূর্ণ নিশ্চয়তা কোথাও হয় না—কি বিলাত, কি আমেরিকা; কোথাও না। তবে পাবলিককে একবারে জানে-মালে নিকেশ করে দেওয়ার বর্বরতা থেকে পুঁজিবাদী রাষ্ট্রগুলো মুক্ত। এরা মানুষকে মরে যেতে দেয় না, বরং পুঁজির জন্য দীর্ঘমেয়াদি সেবা প্রদানের গুরুত্ব বুঝতে পারার কারণে মানুষকে শারীরিকভাবে সক্ষম রাখার মতো সুবিধাগুলো মঞ্জুর করে। পুঁজি নিজেকে স্ফীততর করে তোলার স্বার্থেই ব্যক্তির জানমালের নিশ্চয়তা থেকে শুরু করে শ্রমশক্তিকে বাঁচিয়ে রাখা, এমনকি কিঞ্চিৎ নাদুসনুদুস করে গড়ে তোলাতে ডোন্ট-মাইন্ড করে।বাংলাদেশের মূলধারা হাঁটছে কি সিস্টেমেটিক পুঁজিবাদী শাসন-শোষণের ‘যোগ্যতা’ অর্জনের পথে?শুরু থেকেই শোনা যাচ্ছে, ‘গণতন্ত্র’ ‘গণতন্ত্র’ বাকবাকুম। রাজনৈতিক স্বাধীনতার চার দশকে বাংলাদেশে নির্বাচিত ও দখলদার প্রভুদের কত ‘গণতন্ত্র’ এল-গেল-থাকল। কিন্তু পুঁজির খেলাধুলা কীভাবে হবে, সে ব্যাপারে মূলধারার রাজনীতির বিবদমান পক্ষগুলোর মধ্যে মোটা দাগের রফা (যেমন, ‘মুক্তবাজারি’ ব্যবস্থা) থাকলেও বুর্জোয়া ভদ্রলোকামির একটি সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এঁদের ব্যর্থতা নিতান্ত দুঃখজনক। মতাদর্শের দিক থেকে প্রায় প্রতিরোধহীন একটি দেশে নিজেদের মধ্যে কোন্দল থেকে বিরত হয়ে একটি ‘সাজানো-গোছানো’ শাসন-শোষণ প্রক্রিয়ার পথে বীরদর্পে এগিয়ে যেতে না-পারাটা মূলধারার রাজনীতির খেলোয়াড়দের নিম্নমান ও সামন্তীয় সংস্কৃতিতে আবদ্ধ হয়ে থাকারও পরিচায়ক। খুব লজ্জা।মূলধারার এই ব্যর্থতা রাষ্ট্রীয় পর্যায়ে নানান ধরনের অ-পুঁজিবাদী বিকার টিকিয়ে রেখেছে ও জন্ম দিয়ে যাচ্ছে। স্বজনপ্রীতি, দলবাজি, ঘুষ, দলভিত্তিক প্রতিপক্ষ দমনে সহিংসা, দল ও সাংসদের সংসদবিমুখতা, রাজনীতির মাঠে ফয়সালা হওয়ার মতো একাধিক বিষয় বিচার বিভাগের হাতে চলে যাওয়ার ব্যাপারগুলো এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। চাইলে এই তালিকা অবশ্য আরও লম্বা করা যাবে। নিজের লোক বা দলকে বাড়তি সুযোগ করে দেওয়া, রাষ্ট্রীয় তহবিল তছরুপ কি ‘উন্নত’ পুঁজিবাদী দেশগুলোতে নেই? আছে। তবে ধরন ভিন্ন। এ ছাড়া আছে মাত্রাগত তফাত। কোনো দালান বা ভবনকে কেন্দ্র করে কিংবা কোনো একটি চেতনার নাম ভাঙিয়ে লুটপাটের আখড়া তৈরি করা যায় না সেখানে। প্রতিপক্ষের ব্যাপারে অবস্থান গ্রহণের ক্ষেত্রেও আছে ভিন্নতা। ‘উন্নত’ পুঁজিবাদী দেশগুলোর মূলধারাতে আদর্শিক রাজনীতিক প্রতিপক্ষ অর্থে পুঁজিবাদী ব্যবস্থাটিকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্যসম্পন্ন মতাদর্শিক কোনো ভিন্নতা উপস্থিত নেই। যা আছে তা হলো এজেন্ডা, অগ্রাধিকার বা কর্মসম্পাদনের নিয়মনীতিকেন্দ্রিক দলভিত্তিক ভিন্নতা। যেমন ধরা যাক, ‘ক’ দল ‘খ’ দলের তুলনায় অভিবাসনবান্ধব কিংবা ‘গ’ দল ‘ঘ’ দলের চেয়ে পাবলিক সেক্টরের ভূমিকাকে বেশি গুরুত্ব দেয়। এগুলো কোনোটাই কিন্তু আদর্শিক কোনো তফাত নয়।বাংলাদেশেও তো বলতে গেলে একই অবস্থা বিরাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধের বিচার, মৌলবাদীদের সঙ্গে সংযোগ, সামরিক শাসনের বিরোধিতার মতো ইস্যুগুলোতে মূলধারায় বিদ্যমান তফাত কোনোভাবেই গুরুত্বহীন নয়। সভ্যভব্য একটি সমাজ গড়ার জন্য এসব ক্ষেত্রে ফয়সালা যত দ্রুত হয়, ততই মঙ্গল। কিন্তু বাংলাদেশের মূলধারার বড় দলগুলোর মধ্যে মিলগুলোও লক্ষ করার মতো—এরা উভয়ে ‘মুক্তবাজার’-এ বিশ্বাসী, নিজেদের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারটির কী হবে, তা না ভেবে নিজের পয়সায় গড়ে তোলা দক্ষ-অদক্ষ শ্রমশক্তিকে বিশ্ববাজারে পাঠিয়ে দিতে উন্মুখ। এরা আমদানি বিকল্প উদ্যোক্তার পরিবর্তে রপ্তানি উন্মুখ বণিকের জন্য বেশির ভাগ আশীর্বাদ বরাদ্দ রাখে। বলতে কি, শক্তিমান পুঁজিবাদী রাষ্ট্রগুলোকে সার্ভিস দেওয়ার জন্য প্রান্তিক রাষ্ট্রের পুঁজিবাদবান্ধব রাজনীতিক এলিটের যে ধরনের ধামাধরা-মার্কা চরিত্র থাকে, মোটা দাগে বাংলাদেশে তা ভালোভাবেই বিরাজ করছে। হাবভাবে, কথাবার্তায় আমরা মনে করতে পারি যে বাংলাদেশের মূলধারার রাজনীতি পুঁজিবাদের উপাসক। আসলে কি তা-ই? জায়ান্ট পুঁজিবাদী দেশগুলোর জন্য সস্তা শ্রমের জোগান আর বাজার নিশ্চিত করে রাখার মতো নিরবচ্ছিন্ন সার্ভিস প্রদানের অনুশীলন অব্যাহত রেখে বাংলাদেশের রাজনীতির মূলধারা আমাদের পুঁজিবাদী অর্থনীতি ও বুর্জোয়া ভদ্রলোকিসম্পন্ন সংস্কৃতি কীভাবে উপহার দেবে?উপরিউক্ত প্রশ্ন উত্থাপনের একটি বড় কারণ হচ্ছে, রাষ্ট্রব্যবস্থার ওপর ঝুঁকি গ্রহণে আগ্রহী ক্লাসিক্যাল উদ্যোক্তার পরিবর্তে সামরিক শাসকদের আমল থেকে বিকশিত হতে থাকা চান্সবাজ বণিককুলে আধিপত্য, লক্ষ করলেই দেখা যাবে যে তাঁদের অনেকেই এখন আর নিজেকে নিছক বণিকের পরিচয়ে সীমাবদ্ধ রাখছেন না—ক্ষমতাকে নিজের মতো করে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এঁদের অনেকে এখন বণিক-কাম-রাজনীতিক; বণিক-কাম-সাংসদ—রাজনীতিকের হাতে রাজনীতি না থেকে রাজনীতিতে বণিকের শক্ত অবস্থানটি প্রমাণিত হয় পলিসি-পর্যায়ে হামেশাই বণিকের সুবিধামাফিকভাবে রাষ্ট্রের হেলে থাকা দেখে।কেউ হয়তো বলতে পারেন, এমন একটি পরিস্থিতি পুঁজিবাদী ব্যবস্থার পথে বাংলাদেশের হাঁটতে থাকার ইঙ্গিত বহন করে তাই কি? তা-ই যদি হয়, তাহলে বাংলাদেশের প্রতাপশালী বণিককুলের মধ্যে জাতীয় বুর্জোয়ার লক্ষণগুলো সেভাবে দেখা যায় না কেন? নিজের বাজারের ওপরে নিজে আধিপত্য বিস্তারের চেষ্টার পরিবর্তে ভিনদেশি পণ্যের জন্য নিজের বাজার উন্মুক্ত করে দিয়ে মুনাফা কামাইয়ের উদগ্র চেষ্টা কেন? সত্যিকার অর্থে বাংলাদেশের বণিককুলের মোটা দাগের চরিত্রটি হচ্ছে সস্তা শ্রমের সুবিধা ব্যবহার আর রাষ্ট্রের ঘাড়ে হাত রেখে শক্তিশালী পুঁজিবাদী দেশগুলোর জন্য সস্তা পণ্যের জোগান নিশ্চিত করার মাধ্যমে বিত্তশালী হয়ে ওঠা। এই প্রক্রিয়া অব্যাহত থাকা অবস্থায় মূলধারার রাজনীতির পক্ষে একটি সত্যিকারের বুর্জোয়া সংস্কৃতি ও আদর্শসম্পন্ন এবং মসৃণভাবে শাসন-শোষণক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে হয় না।বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন বণিককুলের আধিপত্যের কথা বাদ দিলে বাংলাদেশের মূলধারার রাজনীতিকে পুঁজিবাদী তথা বুর্জোয়া গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন একটি ব্যবস্থা গড়ে তোলায় সহায়তা দেওয়ার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক ইনপুটের সীমাবদ্ধতার ব্যাপারটিও এখানে উল্লেখ করা যায়। এ প্রসঙ্গে মডার্নাইজেশন থিওরির নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সাম্রাজ্যবাদী প্রকল্প কিংবা স্যামুয়েল পি হান্টিংটনের মতো সাম্রাজ্যবাদী চিন্তককে এখন অবধি গভীর তমিজের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ করার বাস্তবতার কথা এখানে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। রাষ্ট্রক্ষমতায় সেনা হস্তক্ষেপের পেছনে রাজনীতিকের অযোগ্যতা, দুর্নীতিই হচ্ছে প্রধান কারণ—এ ধরনের বস্তাপচা কথাবার্তাও দশকের পর দশক ধরে বলে যাওয়া হচ্ছে অবিরত। এর বাইরে আছে ‘ডোনার’ এজেন্সি-চালিত ও তাড়িত এক বিশেষ ধরনের অবিরাম পরামর্শ প্রবাহ। এসব প্রবাহ থেকে ভালো কথা, খাঁটি কথা অনেক আসে। সুশাসন, সুনীতি, রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যাপারে অনেক ভালো কথা এসব প্রবাহ থেকে নির্গত হয়। তবে মুশকিল হচ্ছে, বৈষম্যনির্ভর স্রেফ একটি ভদ্রস্থ বুর্জোয়া রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাইলেও কেন্দ্রের পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রান্তের বাংলাদেশের সম্পর্কের ধরনটি নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে কি না, সে ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায় না এসব বুদ্ধিপ্রবাহ থেকে।আশঙ্কা এই, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের মূলধারার রাজনীতির পক্ষে একটি বুর্জোয়া রাষ্ট্রব্যবস্থা উপহার দেওয়াটা অসম্ভব হয়ে পড়তে পারে। এর পরিবর্তে বৈশ্বিক পর্যায়ে দাস-পুঁজিবাদ ও প্রভু-পুঁজিবাদ ধাঁচের বিভক্তির কারণে বাংলাদেশের অবস্থান প্রথমোক্ত ঘরানাতেই স্থায়ী হয়ে যাওয়ারও সমূহ আশঙ্কা আছে। শান্তনু মজুমদার: শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।