মূল্য বৃদ্ধির তালিকায় এবার পেঁয়াজ ও চালের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম তো বাড়ছেই। ভোজ্যতেলের দর নির্ধারণ নিয়ে সমস্যা এখনো মেটেনি। দাম বাড়ার তালিকায় এবার যোগ হয়েছে পেঁয়াজ।ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার সঙ্গে সঙ্গে গতকাল মঙ্গলবার রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম এক লাফে কেজিতে আট থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সোমবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক প্রদেশ পোদ্দার প্রথম আলোকে জানান, আগে প্রতি টন পেঁয়াজের জন্য ‘বুকিং’ দেওয়া ছিল ৫৭৫ ডলার। বর্তমানে তা এক হাজার ২৫০ ডলার হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় কোনো পেঁয়াজই আর দেশে আসছে না। পুরান ঢাকার শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম জানান, গত সোমবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও গতকাল তা এক লাফে ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। তবে দেশি নতুন পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।ভারতের নিষেধাজ্ঞা: কলকাতা থেকে অমর সাহা জানান, ভারতজুড়ে এখন চলছে পেঁয়াজের আকাল, হুহু করে বাড়ছে দাম। দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ রুপি। গতকাল ৫০ থেকে ৬০ রুপিতে উঠেছে। দেশব্যাপী পেঁয়াজের জোগান কমে যাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির ওপর সোমবার থেকে নিষেধাজ্ঞা জারি করে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত এটা বলবৎ থাকবে। সোমবার এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার। ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রে। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে পেঁয়াজ সরবরাহ করে অন্ধ্র ও কর্ণাটক। কিন্তু এই দুটি রাজ্যে অতিবৃষ্টি হওয়ায় উৎপাদন ব্যাহত হয়। গত সোমবার কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় কৃষি সমবায় সংস্থা নাফেডকে পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র দিতে নিষেধ করেছে। কলকাতা ও শিলিগুড়ির বিশিষ্ট রপ্তানিকারক তপন সাহা ও তপন দাস প্রথম আলোকে বলেন, এই নিষেধাজ্ঞা জারির কারণে বিশেষ করে বাংলাদেশের আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন।সংকট মোকাবিলায় পাকিস্তান থেকে ১৩ ট্রাক পেঁয়াজ আমদানি করেছে ভারত। লাহোর থেকে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে আনা হয়েছে এই পেঁয়াজ। এই পেঁয়াজ বিক্রি হবে পাঞ্জাব ও দিল্লির বাজারে।চট্টগ্রাম থেকে মাসুদ মিলাদ জানান, চট্টগ্রামের খুচরা বাজারে গতকাল সকালে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয় ৫৫ টাকায়। বিকেলে তা বেড়ে হয় ৭৫ টাকা। ভারত থেকে পেঁয়াজ সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।কর্ণফুলী মার্কেটের ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এভাবে দাম বাড়লে বিক্রি করতেও সমস্যায় পড়তে হয় আমাদের।’ খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. ইয়াছিন বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আসছে না। এ কারণে দাম বাড়ছে বলে শুনেছি।’ আড়তে কেজিপ্রতি পেঁয়াজ ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।বাড়ছেই চালের দাম: গত কয়েক দিনের ব্যবধানে বাজারে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে তিন টাকা। মিনিকেট চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে এখন বিআর-২৮ (লতা নামে পরিচিত) ও বিআর-২৯ (হাসকি নাজির নামে পরিচিত) চাল পাওয়া যাচ্ছে না। পাইকারি ব্যবসায়ীরা জানান, লতা চাল দিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে মিল থেকে মিনিকেট চাল তৈরি করা হচ্ছে। এ কারণেও বাজারে চালের এই সংকট। গত বুধ ও বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৪২ থেকে ৪৩ টাকা। আর গতকাল মঙ্গলবার তা ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের এমআর ট্রেডার্সের খুচরা চাল ব্যবসায়ী বাচ্চু মিয়া জানান, ‘আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করছি।’কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুডের ব্যবস্থাপক মোহাম্মদ মিন্টু প্রথম আলোকে জানান, বাজারে ধান কিংবা চালের সংকট নেই। ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বাড়ছে। তিনি বলেন, বর্তমানে প্রতি মণ মিনিকেট ধান এক হাজার ১২০ থেকে এক হাজার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ৪০ কেজি ধানে চাল হয় ২৫ কেজির কিছু বেশি। ধান থেকে চাল তৈরিতে মণপ্রতি ২৫ থেকে ৩০ টাকা খরচ পড়ে। এই হিসাবে খুব একটা লাভ হয় না।আমাদের ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানিয়েছেন, উত্তরবঙ্গে চালের অন্যতম বৃহৎ মোকাম ঈশ্বরদীতে গত সাত মাসে ১০ দফা চালের দাম বেড়েছে। গত ১০ দিনের ব্যবধানেই মোকামে বেড়েছে বস্তাপ্রতি (৮৪ কেজি) ৩০০ টাকা পর্যন্ত। স্থানীয় চাল ব্যবসায়ীরা বলছেন, উত্তর ও দক্ষিণবঙ্গের চিহ্নিত কিছু জোতদার ও মহাজন ব্যাপক হারে ধান মজুদ করে রেখেছেন। তাঁরা বেশি মুনাফার আশায় ধান মজুদ করে পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করেন। এ কারণে দফায়-দফায় চালের দাম বেড়েই চলছে।রাজশাহী বিভাগের সহকারী আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক সাফাউর রহমান জানান, তাঁরা জানতে পেরেছেন যে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিছু ব্যবসায়ী ধান ও চাল মজুদ করে রেখেছেন। উত্তরবঙ্গের কয়েকটি মোকামে এভাবে প্রচুর ধান-চাল মজুদ রাখার কারণে চালের দাম বাড়ছে। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি বাড়ানোর কথা বলেছেন।