মূল্য সংযোজন কর আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করের আওতা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কর সংগ্রহের পরিমাণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত ‘মূল্য সংযোজন কর আইন-২০১২’ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব জানান, মূল্য সংযোজন কর আইনের উদ্দেশ্য হচ্ছে, করের আওতা বাড়ানো এবং কর সংগ্রহের পরিমাণ বাড়ানো। আইনটির খসড়া প্রণয়নের সময় বিভিন্ন দেশের করসংক্রান্ত বিধিবিধান ও চর্চা অনুসরণ করা হয়েছে। তিনি জানান, কর-প্রক্রিয়া সহজতর করা, মানুষের মধ্যে স্বেচ্ছায় কর দেওয়ার প্রবণতা বাড়ানো এর উদ্দেশ্য। আগে কর নির্ধারণ করতেন কর্মকর্তারা। এখন কর নির্ধারিত হবে চালানপত্রের মূল্য দেখে। এ ছাড়া ভালো করদাতাকে পুরস্কার দেওয়া হবে।বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে রাশিয়ান ফেডারেশন সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া গত ১৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত সাফটা মিনিস্টারিয়াল কাউন্সিলের ষষ্ঠ সভায় বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।