মূল্য সংযোজিত সেবা লাইসেন্স দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে গ্রাহকদের রিংটোন, গান বা খবরের মতো বিভিন্ন মূল্য সংযোজিত সেবা (ভাস) দিতে কনটেন্ট প্রোভাইডারদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুঠোফোন অপারেটররা বলছে, ভাস লাইসেন্স দেওয়া হলে তাদের থ্রিজি বিনিয়োগ-ঝুঁকির মধ্যে পড়বে। সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে।প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধা না থাকায় গান, রিংটোন ও জোকসের মতো কনটেন্ট সরবরাহের জন্য ভাস লাইসেন্স দেওয়া হলে টেলিযোগাযোগ খাতে জটিলতা বাড়বে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। মুঠোফোন অপারেটররা বলছে, ভাস লাইসেন্স দেওয়া হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। মূল্য সংযোজিত সেবার মাধ্যমে গ্রাহকদের যে সুবিধা দেওয়ার কথা, তা ইতিমধ্যে দ্বিতীয় প্রজন্মের লাইসেন্সের মাধ্যমে তারাই দিচ্ছে। এ সেবা আরও দক্ষ করতে তারা তৃতীয় প্রজন্মের প্রযুক্তিতে বিনিয়োগ করতে যাচ্ছে। এ থেকে সরকারের আয় হবে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। কিন্তু কনটেন্ট প্রোভাইডারদের নামমাত্র মূল্যে ভাস লাইসেন্স দেওয়া হলে মুঠোফোন অপারেটররা থ্রিজিতে বিনিয়োগে নিরুৎসাহিত হবে।খসড়া নীতিমালা অনুযায়ী, ভাস লাইসেন্সের আবেদন করতে মাত্র এক হাজার টাকা জমা দিতে হবে। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানকে দিতে হবে ১০ হাজার টাকা। বার্ষিক লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। রাজস্ব ভাগাভাগি ও অন্যান্য ফি পরে ঠিক হবে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, মূল্য সংযোজিত সেবা দেওয়ার লক্ষ্যে ‘ভ্যালু অ্যাডেড সার্ভিস লাইসেন্সিং গাইড লাইনস, ২০১২’ নামে খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এটি এখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলো ‘টেলিকম ভাস অপারেটর’ হিসেবে পরিচিতি পাবে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, নীতিমালার খসড়া সম্পর্কে বিশেষজ্ঞ, সাধারণ গ্রাহক ও টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত চাওয়া হয়েছে। এরপর তাঁদের মতামত মন্ত্রণালয়ে পাঠানো হবে।পরিকল্পনার উদ্দেশ্য: নীতিমালা তৈরির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, দেশে মুঠোফোনের ব্যবহার মূলত ভয়েস কলকেন্দ্রিক হলেও বিভিন্ন ধরনের ভাস ও ডেটাসংশ্লিষ্ট সেবা বাড়ছে। মোবাইল অপারেটরদের বিদ্যমান প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করেই ‘টেলিকম ভাস অপারেটররা’ মুঠোফোন গ্রাহকদের সেবা দিতে পারবে। আট কোটি ৭০ লাখ মুঠোফোন গ্রাহককে সরকারি গণসচেতনতামূলকসহ বিভিন্ন তথ্য জানাতে ভাস লাইসেন্স জরুরি বলে নীতিমালায় বলা হয়েছে। ভাস হলে থ্রিজি নয়?: টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স প্রয়োজন হয় দ্রুততম সময়ে ইন্টারনেটের মাধ্যমে ডেটা পরিবহনের কাজে। কিন্তু টেলিকম ভাস অপারেটররা এ সেবা দিলে মুঠোফোন অপারেটররা থ্রিজি লাইসেন্স নিতে আগ্রহী হবে না। এ খাতে তারা নতুন করে বিনিয়োগও করবে না। কয়েকজন বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, মুঠোফোনে শুধু কথা বলার জন্য দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্সই যথেষ্ট। এ বিষয়ে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসেইন প্রথম আলোকে বলেন, ‘মূল্য সংযোজিত সেবা দিতে ভিন্ন লাইসেন্স এবং পৃথক প্রতিষ্ঠান থাকলে অপারেটররা কেন থ্রিজি লাইসেন্সের জন্য বিনিয়োগ করবে? ভাস লাইসেন্স চালু হলে থ্রিজি কোনো কাজে লাগবে না।’ ‘ভাস খসড়া নীতিমালা’ অপারেটরদের থ্রিজিতে আগ্রহ কমিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন বাংলালিংকের রেগুলেটরি বিভাগের প্রধান জাকিউল ইসলামও। তিনি প্রথম আলোকে বলেন, ভাস নীতিমালা আর টুজি নবায়ন লাইসেন্স নীতিমালায় ভাস সেবার বিষয়টি পরস্পরের পরিপন্থী।কনটেন্ট প্রোভাইডার উইনটেলের স্বত্বাধিকারী রানা আবুল বাশার প্রথম আলোকে বলেন, তাঁদের বিভিন্ন মোবাইল অপারেটরের শর্টকোড কেনাই আছে। তাই গ্রাহকসেবা দিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হবে না। বড়জোর ৫-১০ হাজার টাকা লাগবে।জটিলতা বাড়ার আশঙ্কা: সম্প্রতি তিন ধরনের ৭৮টি গেটওয়ে লাইসেন্স ইস্যুর পর একই হারে ভাস লাইসেন্স চালু করা হলে টেলিযোগাযোগ খাতের জটিলতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে কনটেন্ট প্রডিউসার অর্থাৎ শিল্পী, কবি বা গেমস প্রস্তুতকারীরা পণ্য তৈরি করে কনটেন্ট প্রোভাইডারদের হাতে তুলে দেন। তাঁরা সেই পণ্য বিক্রি করেন মোবাইল অপারেটরদের কাছে। অপারেটর গ্রাহকের কাছে ‘ভাস’ পণ্য পৌঁছে দেয় পুরোপুরি নিরাপদ অবস্থায়। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভাস লাইসেন্স চালু হলে অপারেটর এমনকি খোদ বিটিআরসিও এ ক্ষেত্রে কোনো ধরনের নজরদারি করতে পারবে না।দ্বিতীয় প্রজন্মের (টুজি) প্রযুক্তি ব্যবহারকারী মুঠোফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের নীতিমালায় রয়েছে: অপারেটররা ভয়েস, এসএমএস (খুদে বার্তা), ভাসসহ বিভিন্ন অ্যাপ্লিকেশনভিত্তিক সেবা দেবে। প্রশ্ন উঠেছে, তাহলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে লাইসেন্স কিনে নতুন ভাস অপারেটররা কাকে সেবা দেবে?এ ছাড়া কনটেন্ট প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্র জানায়, খসড়া নীতিমালায় উল্লেখ করা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জের সঙ্গে ভাস অপারেটরদের আন্তসংযোগের বিষয়টি যথেষ্ট জটিল। কীভাবে তারা ভিন্ন ভিন্ন অপারেটরের সঙ্গে যুক্ত হবে, সেটা নীতিমালায় স্পষ্ট করা হয়নি।