মূল্যবৃদ্ধি নিয়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে একধরনের খেলা শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই খেলার শেষ উদাহরণ সৃষ্টি করেছে তারা গতকাল বৃহস্পতিবার।বেলা ১১টার দিকে বিইআরসি সাংবাদিকদের জানায়, বিকেলে সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। বেলা আড়াইটার দিকে জানানো হয়, সংবাদ সম্মেলন স্থগিত। এর চার দিন আগে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, সেপ্টেম্বর মাসের আগে দাম বাড়ানো হচ্ছে না।এরও আগে, ৬ জুন দাম বাড়ানোর জন্য পিডিবির প্রস্তাব পাওয়ার পর বিইআরসির পক্ষ থেকে বলা হচ্ছিল, ১ জুলাই থেকেই দাম বাড়ানো হবে। পিডিবির প্রস্তাবেও সেই দাবিই করা হয়েছিল। বিইআরসিও সেই লক্ষ্যেই এগোচ্ছিল। দ্রুত দাম বাড়ানোর জন্য তারা রীতি অনুযায়ী উন্মুক্ত সভা না করেই সরাসরি গণশুনানির মাধ্যমে পিডিবির প্রস্তাবটি গ্রহণ করে।কিন্তু সমস্যা দেখা দেয় অন্যত্র। পিডিবির প্রস্তাবে বলা হয়েছিল, চলতি ২০১২-১৩ অর্থবছরে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো ৮০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চালানো হবে। অর্থাৎ বছরজুড়ে তেলচালিত কেন্দ্রগুলো প্রতিদিন ২০ ঘণ্টা করে চালানো হবে। কিন্তু বাস্তবে, কারিগরিভাবে এটা প্রায় অসম্ভব। তা ছাড়া, বিদ্যুতের চাহিদা বছরজুড়ে এমন থাকে না যে তেলচালিত কেন্দ্রগুলো এত বেশি সময় চালানোর দরকার হতে পারে।পিডিবির প্রস্তাবে বিষয়টি ওইভাবে উল্লেখ করার উদ্দেশ্য ছিল, বিদ্যুতের উৎপাদন মূল্য বেশি দেখিয়ে তাদের প্রস্তাব অনুযায়ী দাম বাড়িয়ে নেওয়া। বিইআরসি সেটা এড়িয়ে গেছে বা ধরতে পারেনি। কিন্তু প্রথম আলোতে বিশেষজ্ঞদের মন্তব্যসহ ওই বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তারা বিবেচনায় নিতে বাধ্য হয়। যে কারণে পিডিবির প্রস্তাব গণশুনানির মাধ্যমে গ্রহণ করার পরও তারা সংশোধিত প্রস্তাব চেয়ে পাঠায়।পিডিবির সংশোধিত প্রস্তাবে তেলচালিত কেন্দ্রগুলো গড়ে প্রায় ৫৫ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চালানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব পাওয়ার পর বিইআরসির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। কিন্তু সাক্ষাৎ পাননি। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিরা বিইআরসির চেয়ারম্যানকে সেপ্টেম্বর মাসে দাম বাড়ানোর কথা গণমাধ্যমে বলার জন্য অভিযুক্ত করেন। তাঁরা বলেন, তেলচালিত কেন্দ্রগুলো বেশি চালাতে হচ্ছে বলে ব্যয় বেড়েছে। তাই শিগগিরই বিদ্যুতের দাম বাড়াতে হবে। এরপরই বিইআরসির চেয়ারম্যান তড়িঘড়ি করে দাম বাড়ানোর উদ্যোগ নেন। কমিশনের অপর দুই সদস্য তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। কিন্তু তা উপেক্ষা করে চেয়ারম্যান গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করতে বলেন। কিন্তু যাঁদের কথা শুনে তিনি তড়িঘড়ি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার আয়োজন করেন, তাঁরাই আবার গতকাল তাঁকে বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত না নেওয়ার। এ কারণে সংবাদ সম্মেলন বাতিল করা হয়।বিইআরসি স্বতন্ত্র আইন দ্বারা পরিচালিত একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর দায়িত্ব যেমন সরকার ও কোম্পানিগুলোর স্বার্থ দেখা, তেমনি গ্রাহকেরও স্বার্থ রক্ষা করা। কিন্তু বিইআরসির বিগত কিছুদিনের ভূমিকায় গ্রাহকস্বার্থ রক্ষিত না হওয়ার অভিযোগ আছে। সরকারের নির্বাহী বিভাগের নির্দেশনা অনুযায়ী কাজ করার অভিযোগও আছে। কিন্তু কোনো রেগুলেটরি কমিশনের পক্ষে এটা বাঞ্ছিত নয়। তাতে কমিশনের স্বাধীন, স্বতন্ত্র সত্তা অক্ষুণ্ন রাখা কঠিন হবে বলে সংশ্লিষ্টদের অভিমত। কিন্তু বিইআরসি এখন সেই পথেই হাঁটছে।